মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

খেলা
  >
ক্রিকেট

অবশেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের খরা কাটল পাকিস্তানের

ক্রীড়া ডেস্ক ২৯ জানুয়ারি , ২০২৬, ২১:২২:১৫

285
  • ছবি: ইন্টারনেট

দুই দলের কেউই পারেনি বড় ইনিংস খেলতে। তবে সবার চেষ্টায় লড়াই করার মতো পুঁজি পায় পাকিস্তান। পরে স্পিনারদের চমৎকার বোলিংয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে সাত বছরের অপেক্ষার অবসান ঘটাল স্বাগতিকরা।

বৃহস্পতিবার লাহোরে প্রথম টি-টোয়েন্টিতে ২২ রানের জয়ে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেল পাকিস্তান। ১৬৮ রানের পুঁজি গড়ে প্রতিপক্ষকে তারা থামিয়ে দেয় ১৪৬ রানে।অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে সবশেষ ২০১৮ সালের অক্টোবরে জিতেছিল পাকিস্তান। এরপর টানা সাত ম্যাচে পরাজয়ের স্বাদ পাওয়া পর এবার জয়ের দেখা পেল তারা।
 
দুই ছক্কা ও তিনটি চারে ২২ বলে ৪০ রান করেন সিয়াম আইয়ুব। পরে বল হাতেও ছড়ান আলো এ অফ স্পিনার।  ২৯ রান খরচায় ২ উইকেট নিয়ে জেতেন ম্যাচ সেরার পুরস্কার। অসাধারণ বোলিং করেন আবরার আহমেদ। চার ওভারে স্রেফ ১০ রান দিয়ে পাকিস্তানের এই লেগ স্পিনার ধরেন দুই শিকার।
 
গাদ্দাফি স্টেডিয়ামে এদিন টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই উইকেট হারায় পাকিস্তান। জেভিয়ার বার্টলেটকে ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন সাহিবজাদা ফারহান। ওই ওভারে ছক্কায় রানের খাতা খোলেন আরেক ওপেনার সাইম।
 
পরের ওভারে কুপার কনোলিকে ছক্কায় ওড়ান তিনে নামা সালমান আলি আগা। সাইমকে নিয়ে পাওয়ার প্লে কাটিয়ে দেন পাকিস্তান অধিনায়ক। প্রথম ছয় ওভার শেষে পাকিস্তানের রান দাঁড়ায় ৫৬।
 
অষ্টম ওভারে সাইমের বিদায়ে ভাঙে তাদের ৭৪ রানের জুটি। এক ওভার পর ড্রেসিং রুমের পথ ধরেন চারটি ছক্কা ও এক চারে ৩৯ রান করা সালমান।
 
প্রথম ১০ ওভারে ৯২ রান করা পাকিস্তানকে পরের দিকে আটকে রাখে অস্ট্রেলিয়া। শেষ ১০ ওভারে কেবল ৬০ রান করতে পারে স্বাগতিকরা।
 
একটি করে ছক্কা-চারে বাবর আজমের ২৪ রান ছাড়া পরের ব্যাটসম্যানদের মধ্যে বিশের ঘরে যেতে পারেননি কেউ।
 
চমৎকার বোলিংয়ে ২৪ রানে ৪ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার সেরা বোলার লেগ স্পিনার অ্যাডাম জ্যাম্পা। দুটি করে প্রাপ্তি বার্টলেট ও অভিষিক্ত মাহলি বিয়ার্ডম্যানের।
 
রান তাড়ায় অস্ট্রেলিয়া ভালো শুরুর পরও আটকেছে মূলত পাকিস্তানের স্পিনারদের–জালে। দুই ওপেনার ম্যাথু শর্ট ও হেডকে ফিরিয়েছেন সাইম আইয়ুব। এর মধ্যে হেড ১৩ বলে ২৩ রান করে বাবর আজমের হাতে ক্যাচ দিয়ে আর শর্ট ৪ বলে ৫ রান করে বোল্ড হন।
 
অস্ট্রেলিয়া নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে একপর্যায়ে ৬ উইকেটে ৯৬ রানে পরিণত হয়েছিল। সেখান থেকে দলটির রান ১৪৬–এ পৌঁছায় নয়ে নামা হাভিয়ের বার্টলেটের ২৫ বলে ৩৪ রানের অপরাজিত ইনিংসের সৌজন্যে।
 
একই মাঠে আগামী শনিবার হবে দ্বিতীয় টি-টোয়েন্টি।
 
সংক্ষিপ্ত স্কোর:
 
পাকিস্তান: ২০ ওভারে ১৬৮/৮ (সাহিবজাদা ০, সাইম ৪০, সালমান ৩৯, বাবর ২৪, ফাখার ১০, উসমান ১৮, নাওয়াজ ১৫*, শাদাব ১, আফ্রিদি ০, সালমান মির্জা ৪*; বার্টলেট ৪-০-২৬-২, কনোলি ৩-০-২২-০, শর্ট ২-০-২৩-০, এডওয়ার্ডস ২-০-২৫-০, বিয়ার্ডম্যান ৪-০-৩৩-২, জ্যাম্পা ৪-০-২৪-৪, গ্রিন ১-০-১১-০)
 
অস্ট্রেলিয়া: ২০ ওভারে ১৪৬/৮ (শর্ট ৫, হেড ২৩, গ্রিন ৩৬, রেনশ ১৫, কনোলি ০, ওয়েন ৮, ফিলিপি ১২, এডওয়ার্ডস ৫, বার্টলেট ৩৪*, জ্যাম্পা ৫*; আফ্রিদি ৩-০-২৯-০, সাইম ৩-০-২৯-২, সালমান মির্জা ৩-০-২৭-০, শাদাব ৩-০-২৫-১, আবরার ৪-০-১০-২, নাওয়াজ ৪-০-২৫-১)
 
ফল: পাকিস্তান ২২ রানে জয়ী
 
ম্যাচসেরা: সিয়াম আইয়ুব
 
সিরিজ: ৩ ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে পাকিস্তান
 
নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers