সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ , ১ রবিউস সানি ১৪৪৮

খেলা
  >
ক্রিকেট

বাছাইয়ের শেষ ম্যাচেও দাপুটে জয় নিগারদের

ক্রীড়া ডেস্ক ১ ফেব্রুয়ারি , ২০২৬, ১৮:২৮:৫৭

218
  • ছবি: ইন্টারনেট

বিশ্বকাপের চূড়ান্ত পর্বে ওঠা আগেই নিশ্চিত করেছে বাংলাদেশ। তাই রবিবারের ম্যাচটি দলটির জন্য হয়ে দাঁড়িয়েছিল নিছকই আনুষ্ঠানিকতার। নেপালের আপার মুলপানিতে হওয়া ম্যাচটিতে ডাচদের ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। রবিবার আগে ব্যাট করে নেদারল্যান্ডস করে ৬ উইকেটে ১০২। বাংলাদেশ ২০ বল হাতে রেখে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। অধিনায়ক নিগার সুলতানা ৫০ রান করে অপরাজিত থাকেন।

রান তাড়ায় বাংলাদেশের শুরুটা ভাল হয়নি। দুই ওপেনার দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌস ফেরেন ৬ রানের মধ্যে। এরপর তৃতীয় উইকেটে শারমিন আক্তারকে নিয়ে ৪২ রানের জুটি গড়েন নিগার। শারমিন ২৮ বলে ১৩ রান করে আউট হলে নিগারের সঙ্গে জুটি বাঁধেন সোবহানা মোস্তারি।

নিগার-মোস্তারির জুটিতে ৩৭ বলে যোগ হয় ৫৭ রান। নিগার ৭ চারে ৪৪ বলে ৫০ রান করে অপরাজিত থাকেন। আন্তর্জাতিকটি নারী টি-টোয়েন্টিতে এটি তার দশম ফিফটি। তার সঙ্গে মোস্তারি মাঠ ছাড়েন ২৩ বলে ৩৩ রান করে। তাঁর ইনিংসে ছিল ৫টি চার ও ১টি ছয়।

এর আগে টসে জিতে ব্যাট করতে নামা নেদারল্যান্ডসকে শুরুতেই চেপে ধরে বাংলাদেশের বোলাররা। মাত্র ২৩ রানের মধ্যে দলটির ৫ উইকেট তুলে নেন নাহিদা-রাবেয়া-মারুফারা। নাহিদা ৪ ওভারে ১ মেডেনসহ ১০ রানে নেন ৩ উইকেট। নেদারল্যান্ডসকে শুরুর বিপর্যয় থেকে উদ্ধার করে রবিন রাইকে ও সানিয়া খুরানার ষষ্ঠ উইকেট জুটি।

শেষ ওভারে বিচ্ছিন্ন হওয়ার আগে দুজনের জুটিতে যোগ হয় ৭৮ রান। রাইকি ৩৯ রান করে আউট হলেও খুরানা অপরাজিত থাকেন ৪৩ রানে। তবে শেষ পর্যন্ত ১০২ রানের সংগ্রহ দলটির জয়ের জন্য যথেষ্ট হয়ে ওঠেনি। বাংলাদেশ জিতে গেছে বড় ব্যবধানে।

২০২৬ আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ ৭ ম্যাচ খেলে ৭টিতেই জিতল। নেদারল্যান্ডস জিতেছে ৫টিতে। আগামী জুনে ইংল্যান্ডে হতে যাওয়া বিশ্বকাপে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের পাশাপাশি আয়ারল্যান্ড এরই মধ্যে জায়গা নিশ্চিত করেছে।

সংক্ষিপ্ত স্কোর:

নেদারল্যান্ডস নারী দল: ২০ ওভারে ১০২/৬ (খুরানা ৪৩*, রাইকি ৩৯ নাহিদা ৩/১০, মারুফা ১/১৪)। 

বাংলাদেশ নারী দল: ১৬.৪ ওভারে ১০৫/৩ (নিগার ৫০*, মোস্তারি ৩৩* সেইগার্স ১/৯)। 

ফল: বাংলাদেশ নারী ক্রিকেট দল ৭ উইকেটে জয়ী। 

ম্যাচ সেরা: নাহিদা আক্তার।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers