মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

খেলা
  >
ক্রিকেট

রেকর্ড ব্যবধানে হারিয়ে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করল পাকিস্তান

ক্রীড়া ডেস্ক ১ ফেব্রুয়ারি , ২০২৬, ২১:৩৯:১০

198
  • ছবি: ক্রিকইনফো

শুরু থেকে দাপটের সঙ্গে খেললেন সিয়াম আইয়ুব। দেখা পেলেন হাফসেঞ্চুরির। এদিকে বাবর আজমও খেললেন দারুণ। তিনি পেলেন হাফসেঞ্চুরি। পরে শাদাব খানের ঝড়ে দুইশ ছাড়ানো সংগ্রহ পায় পাকিস্তান। এরপর বল হাতে ব্যবধান গড়ে দেন মোহাম্মাদ নাওয়াজ। যে কারনে রান তাড়ায় আরও একবার মুখ থুবড়ে পড়ে অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত রেকর্ড গড়া জয়ে সফরকারীদের হোয়াইটওয়াশ করে ছাড়ল স্বাগতিকরা।

রবিবার লাহোরে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ১১১ রানে জিতেছে পাকিস্তান। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সংস্করণে সব দল মিলিয়েই যা সবচেয়ে বড় ব্যবধানে জয়। আগের রেকর্ডটি ছিল ইংল্যান্ডের, ২০০৫ সালে ১০০ রানে জিতেছিল তারা।

সিরিজের শেষ ম্যাচে আগে ব্যাট করতে নেমে পাকিস্তান তোলে ২০৭ রান। দুই ছক্কা ও ছয়টি চারে ৩৭ বলে ৫৬ রান করেন সিয়াম। ৩৬ বলে অপরাজিত ৫০ রান করতে এক ছক্কা ও তিনটি চার মারেন বাবর। আর পাঁচটি ছক্কা ও দুটি চারে ১৯ বলে ৪৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন শাদাব। জবাব দিতে নেমে ১৬.৫ ওভারে ৯৬ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। নাওয়াজ ৪ ওভারে স্রেফ ১৮ রান খরচায় ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন তিনি। দেশের হয়ে টি-টোয়েন্টিতেই দ্বিতীয়বার পাঁচ উইকেটের স্বাদ পেলেন বাঁহাতি স্পিনার।

টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারে ম্যাথু কুনেমানকে দুই চার মারা ফখর জামান ইনিংস বড় করতে পারেননি। সালমান আলি আগাও পারেননি টিকতে। ৩৪ রানে ২ উইকেট হারানো দলকে টানেন সিয়াম ও বাবর। কনোলিকে চার মেরে ৩০ বলে ফিফটি স্পর্শ করেন সিয়াম। এরপর আর ইনিংস বড় করতে পারেননি তিনি। কুনেমানের বলে ম্যাট রেনশর চোখধাঁধানো ক্যাচে বিদায় নেন পাকিস্তান ওপেনার, ভাঙে ৬৯ রানের জুটি। ঝড়ের আভাস দিয়ে ফিরে যান খাওয়াজা নাফে। দুই ছক্কা ও এক চারে ১২ বলে ২১ রান করেন তিনি। ক্রিজে গিয়ে তাণ্ডব চালান শাদাব। শর্টকে চার ও ছক্কার পর কনোলিকে টানা দুই ছক্কায় ওড়ান তিনি। ডোয়ার্শিসকে পরপর দুই ছক্কা মারার পরের বলে কিপারের গ্লাভসে ধরা পড়েন এই অলরাউন্ডার।

শেষ ওভারের চতুর্থ বলে সিঙ্গল নিয়ে পঞ্চাশ স্পর্শ করেন বাবর, ৩৬ বলে। এর সঙ্গে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ফিফটির (৩৯টি) রেকর্ডটি নিজের করে নেন তিনি। পেছনে ফেলেন ভারতীয় ব্যাটিং গ্রেট ভিরাট কোহলির ৩৮ ফিফটির কীর্তি।

লক্ষ্য তাড়ায় ইনিংসের চতুর্থ বলে অধিনায়ক মার্শকে হারায় অস্ট্রেলিয়া। শাহিন শাহ আফ্রিদির দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড হন তিনি। পরের ওভারে শর্টকে বিদায় করে শিকার ধরা শুরু করেন নাওয়াজ।

আফ্রিদি নিজের পরের বলে রেনশর স্টাম্প ভেঙে দেন। ১৬ রানে ৩ উইকেট হারিয়ে ভীষণ চাপে পড়া অস্ট্রেলিয়াকে কিছুক্ষণ টানেন গ্রিন ও মার্কাস স্টয়নিস। দশম ওভারের প্রথম ও শেষ বলে স্টয়নিস ও গ্রিনকে বোল্ড করে দেন নাওয়াজ। এরপর নিজের শেষ ওভারে জশ ফিলিপি ও কুপার কনোলিকে বিদায় করে পাঁচ উইকেট পূর্ণ করেন নাওয়াজ। পরের দুই ওভারে আরও দুই ব্যাটসম্যানকে হারায় অস্ট্রেলিয়া। কুঁচকির সমস্যা ব্যাটিংয়ে নামেননি জ্যাম্পা। যে কারনে দাপুটে জয়ের সঙ্গে অজিদের হোয়াইটওয়াশের স্বাদ দিয়ে আনন্দে মাতে পাকিস্তান। 

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান: ২০ ওভারে ২০৭/৬ (ফখর ১০, সাইম ৫৬, সালমান ৫, বাবর ৫০*, নাফে ২১, শাদাব ৪৬, নাওয়াজ ৫, ফাহিম ১০*; কুনেমান ৪-০-২৭-১, শর্ট ৩-০-৩১-১, কনোলি ৪-০-৪৭-১, ডোয়ার্শিস ৪-০-৩৯-২, জ্যাম্পা ২-০-২০-০, গ্রিন ৩-০-৪৩-১)

অস্ট্রেলিয়া: ১৬.৫ ওভারে ৯৬ (মার্শ ১, শর্ট ২, গ্রিন ২২, রেনশ ১, স্টয়নিস ২৩, ফিলিপি ১৪, ওয়েন ৮, কনোলি ০, ডোয়ার্শিস ৭*, কুনেমান ৫, জ্যাম্পা আহত অনুপস্থিত; আফ্রিদি ৩-০-১৬-২, নাওয়াজ ৪-০-১৮-৫, আবরার ৩-০-১৮-১, নাসিম ২.৩-০-১৭-১, শাদাব ৩-০-১৪-০, ফাহিম ১-০-৬-০)

ফল: পাকিস্তান ১১১ রানে জয়ী

ম্যাচ সেরা: মোহাম্মাদ নাওয়াজ

সিরিজ: ৩ ম্যাচের সিরিজ ৩-০তে জয়ী পাকিস্তান

সিরিজ সেরা: সালমান আলি আগা

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers