মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

খেলা
  >
ক্রিকেট

বোলিং র‌্যাংকিংয়ে মারুফার উন্নতি ২০৬ ধাপ

ক্রীড়া ডেস্ক ৩ ফেব্রুয়ারি , ২০২৬, ২০:৩৫:৪৫

212
  • ছবি: ইন্টারনেট

অভিষেকের পর থেকেই সুইং, গতিতে রীতিমতো মুগ্ধ করে চলেছেন মারুফা খাতুন। গত বছর ক্যারিয়ারের প্রথম ওয়ানডে বিশ্বকাপেও তার পারফরম্যান্স ছিল নজরকাড়া। বাংলাদেশের এই পেসার ধরে রেখেছেন তার ছন্দ। ফলও পেয়েছেন হাতেনাতে।

নেপালে ১০ দলের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব শেষ হয়েছে। মেয়েদের বিশ্বকাপের বাছাইপর্ব শেষে আইসিসি মঙ্গলবার হালনাগাদ করেছে নারী ক্রিকেটারদের সাপ্তাহিক র‍্যাঙ্কিং। নতুন র‍্যাঙ্কিংয়ে ২০৬ ধাপ এগিয়ে টি-টোয়েন্টিতে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৯২ নম্বরে উঠে এসেছেন মারুফা। তাঁর রেটিং পয়েন্ট ৩৬৪। সদ্য শেষ হওয়া বাছাইপর্বে ৫ ম্যাচে ৫.৪৫ ইকোনমিতে নিয়েছেন ৭ উইকেট। সমান ৩৬৪ রেটিং পয়েন্ট নিয়ে মারুফার সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের ডিয়ান্ড্রা ডটিন যৌথভাবে ৯২ নম্বরে। ডটিন অবশ্য পাঁচ ধাপ পিছিয়েছেন।

বোলারদের র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে স্বর্ণা আক্তার-নাহিদা আক্তারদেরও। আট ধাপ এগিয়ে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের ২৮ নম্বর বোলার এখন নাহিদা। তাঁর রেটিং পয়েন্ট ৫৭৩। স্বর্ণার উন্নতি হয়েছে আরও বেশি। ৪৩ ধাপ এগিয়ে টি-টোয়েন্টিতে বোলারদের র‍্যাঙ্কিংয়ে এখন ৭৪ নম্বরে স্বর্ণা। নাহিদা, স্বর্ণা দুজনই সদ্য শেষ হওয়া বাছাইপর্বে আটটি করে উইকেট নিয়েছেন।

বাছাইপর্বে ৭ ম্যাচের ৭টিতেই জিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ব্যাটিং-বোলিং সব বিভাগেই দুর্দান্ত খেলেছে বাংলাদেশ। ১৬ ধাপ এগিয়ে টি-টোয়েন্টিতে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে৩৬ নম্বরে উঠে এসেছেন সোবহানা মোস্তারি । তাঁর রেটিং পয়েন্ট ৪৯৬। ৫৯৯ রেটিং পয়েন্ট নিয়ে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ১৯ নম্বরে নিগার সুলতানা জ্যোতি। বাংলাদেশ অধিনায়ক এগিয়েছেন তিন ধাপ। সদ্য শেষ হওয়া বাছাইপর্বে ৭ ম্যাচে ২৬২ রান করে দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন মোস্তারি। করেছিলেন ১ ফিফটি। সদ্য সমাপ্ত বিশ্বকাপ বাছাইপর্বে ২ ফিফটিতে জ্যোতি করেছিলেন ১৫৪ রান।

অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়েও লাফ দিয়েছেন স্বর্ণা। ১৭ ধাপ এগিয়ে মেয়েদের অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে এখন ২৭ নম্বরে অবস্থান করছেন তিনি। তাঁর রেটিং পয়েন্ট ১৩৬। সদ্য শেষ হওয়া বিশ্বকাপ বাছাইপর্বে ১৭.২০ গড় ও ১৬২.২৬ স্ট্রাইকরেটে করেছেন ৮৬ রান। এ ছাড়া স্কটল্যান্ডের ক্যাথরিন ফ্রেজার সদ্য শেষ হওয়া বাছাইপর্বে অলরাউন্ড নৈপুন্য দেখিয়েছেন। ১৮৪ রান ও ৮ উইকেট নিয়েছেন। নারী টি-টোয়েন্টিতে বোলারদের র‍্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়ে এখন ৩৭ নম্বরে অবস্থান করছেন। আর অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে এখন তিনি ২২ নম্বরে। ১৭১ রেটিং পয়েন্ট নিয়ে এই তালিকায় যৌথভাবে ২২ নম্বরে পাপুয়া নিউগিনির পাউকি সিয়াকা।

৫০৫ রেটিং পয়েন্ট নিয়ে নারী টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথুস। প্রথম ২১ পর্যন্ত অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। এই তালিকায় দুই ও তিনে থাকা নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কার ও ভারতের দীপ্তি শর্মার রেটিং পয়েন্ট ৪৩৪ ও ৩৮২।

৭৯৪ রেটিং পয়েন্ট নিয়ে নারী টি-টোয়েন্টিতে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার বেথ মুনি।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers