বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ , ২ মুহররম ১৪৪৮

খেলা
  >
ক্রিকেট

বিশ্বকাপ না খেলায় বাংলাদেশকে আর্থিক জরিমানা গুনতে হবে না

ক্রীড়া ডেস্ক ৯ ফেব্রুয়ারি , ২০২৬, ২১:২০:২১

352
  • ছবি: ইন্টারনেট

শর্তসাপেক্ষে ভারতের বিপক্ষে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলবে পাকিস্তান। আইসিসির সঙ্গে বৈঠকে নাকি এমন সিদ্ধান্ত হয়ে বলে জানানো হয়েছে ভারতীয় সংবাদমাধ্যমে। বহুল আলোচিত ভারত-পাকিস্তান ম্যাচ হলে স্বস্তি ফিরবে আইসিসিতে। দর্শকপ্রিয় ম্যাচটি ছাড়াও আলোচনা হচ্ছে বাংলাদেশের স্বার্থ নিয়েও। সেখানেই ‘শাস্তি’র পরিবর্তে উল্টো আইসিসির কাছ থেকে টাকা পাবে বাংলাদেশ।

চলমান পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নাকভির সঙ্গে লাহোরো জরুরি বৈঠকে বসেন। এরপর সে আলোচনায় যোগ দেন আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা। বৈঠকের আলোচ্য বিষয়বস্তু ছিল পাকিস্তানকে ভারত ম্যাচ বর্জনের সিদ্ধান্ত থেকে সরিয়ে আনা। এই ইস্যুতে দীর্ঘ আলোচনা হয়েছে নাকভি এবং ইমরান খাজার মধ্যে। তিনটি শর্ত মেনে নিলে বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলতে নামবে পাকিস্তান, এমন খবর চাউর হয়েছে উপমহাদেশের সংবাদমাধ্যমে।

বৈঠকে বাংলাদেশের দাবিও শোনে আইসিসি। পিসিবি প্রধানের সঙ্গে আলোচিত বিষয় নিয়ে বৈঠক শেষে ইমরান খাজার কাছে নিজেদের প্রস্তাব তুলে ধরেন বুলবুল। আইসিসির ডেপুটি চেয়ারম্যান বিসিবির প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে বলেও দাবি করা হয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও টিভিকে একটি সূত্র বলেছেন, ‘প্রস্তাবিত ফর্মূলার ব্যাপারে একমত হলে সামনে এগোবে আইসিসি। চূড়ান্ত পদক্ষেপের ব্যাপারে আইসিসি এবং বিসিবির কর্মকর্তারা ফের আলোচনা করবেন।’

প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বৈশ্বিক মঞ্চে খেলার সুযোগ হারিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বিসিবি এবং ক্রিকেটাররা। বিসিবির একাধিক দায়িত্বশীল সূত্রে জানা গিয়েছিল, বাংলাদেশকে ‘ক্ষতিপূরণ’ দিতে পারে আইসিসি। ত্রিপক্ষীয় বৈঠক শেষেও শোনা যাচ্ছে প্রায় একই রকম কথা। ভারতের সঙ্গে যৌথভাবে ২০৩১ ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করবে বাংলাদেশ। একাধিক সূত্রের দাবি, ক্ষতিপূরণ হিসেবে বুলবুলের প্রধান দাবি ছিল বেশি ম্যাচ আয়োজনের সুযোগ পাওয়া। একই সঙ্গে দাবি করা হয়েছে, পাকিস্তানের সবগুলো ম্যাচও যেন বাংলাদেশে হয়। দ্বিপক্ষীয় সিরিজ খেলতে আগামী সেপ্টেম্বরে বাংলাদেশে আসার কথা রয়েছে ভারতীয় দলের। বিসিসিআই যেন সেই সফর যেন স্থগিত না করে সেই দাবিও জানিয়ে রেখেছেন বুলবুল।

কোনো দেশের সরকার যদি নিরাপত্তা বা রাজনৈতিক কারণে অন্য দেশে সফর করতে বাধা দেয়, তাহলে সেই দলকে যেন আইসিসি শাস্তি না দেয়, সাম্প্রতিক টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে পূর্ণ অংশগ্রহণ ফি নিশ্চিত করার দাবি জানিয়েছেন বুলবুল। গুরুত্বপূর্ণ সেই বৈঠক শেষে আজ সন্ধ্যায় ঢাকায় ফিরেছেন বিসিবি প্রধান। তবে বৈঠকে তোলা দাবি-দাওয়া নিয়ে কথা বলতে রাজি হননি বিসিবি প্রধান। যদি গত দুই দিনে ক্রিকইনফো, ক্রিকবাজ, এনডিটিভিসহ উপমহাদেশের একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের সারমর্ম করা হয়, তাহলে দাঁড়ায়—

*বিশ্বকাপ না খেলায় বাংলাদেশকে কোনো আর্থিক জরিমানা করা হবে না। টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলেও আইসিসির রাজস্বের ভাগ পাবে বাংলাদেশ। আইসিসি এই প্রস্তাবে অনেকটা একমত।

* পরবর্তী চক্রে (২০২৭ সালের পর) বাংলাদেশের জন্য একটি অতিরিক্ত আইসিসি ইভেন্ট চেয়েছে। বাংলাদেশে একটি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজন বিবেচনা করা হচ্ছে।

* ভারত, পাকিস্তান ও বাংলাদেশকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব করা হয়েছে। নিজেদের এখতিয়ারের বাইরে হওয়ায় এটি প্রত্যাখ্যান করেছে আইসিসি।

* ২০২৬ সালে ভারতের বাংলাদেশ সফরের নিশ্চয়তা চাওয়া হয়েছে। এখানে আইসিসি হস্তক্ষেপ করতে অস্বীকৃতি জানিয়েছে।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers