মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

খেলা
  >
ক্রিকেট

আমিরাতকে উড়িয়ে নিউ জিল্যান্ডের টানা জয়

ক্রীড়া ডেস্ক ১০ ফেব্রুয়ারি , ২০২৬, ২০:৫১:১৫

198
  • ছবি: ক্রিকইনফো

টিম সেইফার্ট এবং ফিন অ্যালেনের দাপুটে ব্যাটিংয়ে ভর করে সংযুক্ত আরব আমিরাতকে ১০ উইকেটে হারিয়েছে নিউ জিল্যান্ড। এই নিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় পেল কিউইরা।

চেন্নাইয়ের চিপকের মা চিদাম্বরাম স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা লাগে আমিরাত শিবিরে। দলের ১২ রানের মাথাতে ৬ বলে ৮ রান করে সাজঘরে ফিরে গেছেন ওপেনার আরিয়ানশ শর্মা। এরপর পরিস্থিতি সামাল দিয়েছেন আলিশান শারাফু এবং অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম। দুজনের কার্যকরী ব্যাটিংয়ে এগিয়েছে আমিরাতের ইনিংস। পরিস্থিতির দাবি মিটিয়ে রান তুলেছেন শারাফু এবং ওয়াসিম। পাওয়ারপ্লের ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৫০ রান তুলেছে আমিরাত। পাওয়ারপ্লের পরেও চলেছে দুজনের উইলোবাজি। বেশি মারমুখি না হলেও সুযোগ বুঝে রান বের করেছেন দুজন। উইকেটের চারপাশে দারুণ সব শট খেলেছেন, রান এসেছে। দলের রানের চাকা ছিল সচল। শারাফু এবং ওয়াসিম দুজনই ছুঁয়েছেন ফিফটি। দুজনের ১০৭ রানের জুটি ভেঙেছে ১১৯ রানের মাথাতে। ফিফটি হাঁকিয়ে ৪৭ বলে ৫৫ রান করে বিদায় নিয়েছেন শারাফু। চারে নামা হার্শিত কৌশিকও সুবিধা করতে পারেননি। ৬ বলে ২ রান করে বিদায় নেন তিনি। এরপর ১৩ বলে ২১ রানের ক্যামিও খেলেছেন মায়াঙ্ক কুমার। অন্যদিকে এক প্রান্ত আগলে রেখে খেলে গেছেন অধিনায়ক ওয়াসিম। ফিফটির পরেও এগিয়েছেন। শেষ দিকে ৩ বলে ৭ রান করেন শোয়েব খান। শেষ পর্যন্ত টিকে থেকে ৪৫ বলে ৬৬ রানের ঝলমলে ইনিংস খেলেছেন ওয়াসিম। নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৬ উইকেট হারিয়ে ১৭৩ রানের সংগ্রহ দাঁড় করায় সংযুক্ত আরব আমিরাত।

নিউ জিল্যান্ডের হয়ে ২ উইকেট নিয়েছেন ম্যাট হেনরি। ১টি করে উইকেট শিকার করেছেন জ্যাকব ডাফি, মিচেল স্যান্টনার, গ্লেন ফিলিপস এবং লকি ফার্গুসন।

জবাব দিতে নেমে দুই ওপেনার ফিন অ্যালেন এবং টিম সেইফার্টের সুবাদে উড়ন্ত শুরু পায় নিউ জিল্যান্ড। দুজনের ব্যাটিং তাণ্ডবে পাওয়ারপ্লেতে বিনা উইকেটে ৭৮ রান তোলে কিউইরা। পাওয়ারপ্লে শেষেও চলেছে অ্যালেন এবং সেইফার্টের উইলোবাজি। আমিরাতের বোলারদের পিটিয়ে তুলোধুনো করেছেন দুজন। দুজনই ছুঁয়ে ফেলেন ফিফটি।

ফিফটির পরেও চলেছে তাণ্ডব। ব্যাট হাতে এদিন যেন দানবে পরিণত হয়ে যান সেইফার্ট এবং অ্যালেন। যা-ই ব্যাটে লাগছে তা-ই গিয়ে পড়ছে বাউন্ডারিতে গিয়ে। আমিরাতের বোলারদের কোনো টোটকাই কাজে লাগেনি। একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে দলকে জয়ের দিকে টেনে নিচ্ছিলেন দুই কিউই ওপেনার। ফিফটির পর নিজেরাও যেতে থাকেন সেঞ্চুরির কাছাকাছি।

টার্গেট কম থাকায় দুজনের সেঞ্চুরি করার সুযোগ ছিল না। নাহলে হয়ত হয়েও যেতে পারত। আগ্রাসী ব্যাটিংয়ে আমিরাতকে গুঁড়িয়ে নিউ জিল্যান্ডকে জয়ের খুব কাছে নিয়ে যান সেইফার্ট এবং অ্যালেন। দুজনের ব্যাটে ভর করেই জয় পেয়েছে নিউ জিল্যান্ড। সাথে গড়েছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে যেকোনো উইকেট জুটিতে সবচেয়ে বড় জুটির রেকর্ড।

২৮ বল হাতে রেখে ১০ উইকেটে জিতেছে নিউ জিল্যান্ড। থেমেছে ১৭৫ রান করে। টি-টোয়েন্টি বিশ্বকাপে যেকোনো উইকেটে এর আগের সর্বোচ্চ জুটির রেকর্ড ছিল ১৭০ রানের, ২০২২ সালের আসরের সেমিফাইনালে ভারতের বিপক্ষে যে রেকর্ড গড়েছিলেন ইংল্যান্ডের দুই ওপেনার জস বাটলার এবং অ্যালেক্স হেলস। ৪২ বলে ৮৯ রান করে টিকে ছিলেন সেইফার্ট। অন্যদিকে ৫০ বলে ৮৪ রান করে অপরাজিত ছিলেন ফিন অ্যালেন।  

আমিরাতের কেউ উইকেটের দেখা পাননি। টানা দ্বিতীয়বার ম্যাচসেরা হলেন টিম সেইফার্ট। নিউ জিল্যান্ডও পেল টানা দ্বিতীয় জয়, এগিয়ে গেল সুপার এইটের পথে। 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers