মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

খেলা
  >
ক্রিকেট

ভারত–পাকিস্তান ম্যাচে ‘হ্যান্ডশেক’ দেখা যাবে কি?

ক্রীড়া ডেস্ক ১৪ ফেব্রুয়ারি , ২০২৬, ২১:২৭:৩০

229
  • ছবি: ইন্টারনেট

টসের সময় দুই দলের অধিনায়কেরা সময় সময়ই হাত মেলান। তবে এ চিত্র দেখা যায়নি ২০২৫ সালের সেপ্টেম্বরে এশিয়া কাপে ভারত-পাকিস্তানের তিনবারের মুখোমুখি লড়াইয়ে। করমর্দন দেখা যায়নি ম্যাচের শেষেও। পরে একই চিত্র দেখা গেছে ভারত–পাকিস্তানের নারী বিশ্বকাপ, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ এবং রাইজিং স্টারস এশিয়া কাপের ম্যাচেও। রবিবার কলম্বোয় টি–টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। এবার কি হাত মেলাতে দেখা যাবে? প্রশ্নটা উঠেছে শনিবার পাকিস্তান অধিনায়ক সালমান আগা ও ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের সংবাদ সম্মেলনে। তবে কেউই দেননি সঠিক কোন উত্তর। দুই অধিনায়কই ব্যাপারটি যেন পাশ কাটিয়েই গেলেন। 

কলম্বোয় পাকিস্তান দলের অনুশীলন শুরুর আগে অধিনায়ক সালমান আগা হাত মেলানোর পক্ষেই নিজের মতামত দিয়েছেন, ‘খেলাটি একই স্পিরিট নিয়ে খেলা উচিত। আমি কী প্রত্যাশা করি, তা গুরুত্বপূর্ণ নয়। তবে আমার মনে হয়, ক্রিকেটের শুরু থেকে যেভাবে খেলা হয়ে আসছে, সেভাবেই এটি খেলা উচিত।’

নিজের মতামত তুলে ধরে হাত না মেলানোর সিদ্ধান্তের বিষয়টি অন্য পক্ষের ওপর নির্ভর করছে বলে মনে করিয়ে দিয়েছেন পাকিস্তান অধিনায়ক, ‘বাকিটা তাদের ওপর এবং তারা যা করতে চায়, তার ওপর নির্ভর করছে।’

এদিকে হাত মেলানোর উত্তরে ভারত অধিনায়ব সূর্যকুমার সরাসরি ‘হ্যাঁ’ বা ‘না’ বলেননি। বরং বেশ মজার ছলে রহস্য বজায় রেখে তিনি বলেন, ‘২৪ ঘণ্টা অপেক্ষা করুন। ভালোমতো খাওয়াদাওয়া করুন, ভালোভাবে ঘুমান, আমরা আগামীকালই দেখব।’

একই প্রশ্ন বারবার শোনার পর একপর্যায়ে খানিকটা বিরক্তি মেশানো স্বরে ভারত অধিনায়ক বলেন, ‘রহস্যটা আগামীকালই ভাঙা যাক। আমি তো এইমাত্র এটা নিয়ে বললাম। কোনটা বেশি গুরুত্বপূর্ণ? আপনারাই বলুন। খেলাটাই আসল। আগে ম্যাচটা খেলি। টসের সময় হ্যান্ডশেক হবে কি হবে না, সেটা আমরা আগামীকাল দেখব। শুধু ২৪ ঘণ্টা অপেক্ষা করুন।’

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers