মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

খেলা
  >
ক্রিকেট

‘ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন করাটা হয়তো পাকিস্তানের জন্য কম লজ্জাজনক হতো’

ক্রীড়া ডেস্ক ১৬ ফেব্রুয়ারি , ২০২৬, ১০:০২:৩০

177
  • ছবি: ইন্টারনেট

বাংলাদেশ ইস্যু নিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট করতে চেয়েছিল পাকিস্তান। শেষ পর্যন্ত ক্রিকেটীয় স্বার্থে দেশটি এমন কঠোর সিদ্ধান্ত থেকে সরে আসে। তাই রবিবার কলম্বোয় ভারতের মুখোমুখি হয় সালমান আলী আঘার দল। তবে পরিণতি সেই আগের মতই। একপেশে ম্যাচে বড় হারই সঙ্গী হয় পাকিস্তানের। এবারের হারটা এত বেশি শোচনীয় যে সাবেক পাকিস্তানি স্পিনার দানিশ কানেরিয়া বলছেন, ‘এর চেয়ে বর্জন করাটাও হয়তো কম লজ্জাজনক হতো।’

কলম্বোতে রবিবার ভারতের কাছে ৬১ রানে হারে পাকিস্তান। ম্যাচের কোনো পর্যায়েই দুই দলের লড়াই জমেনি। মাঠের বাইরের হাইপ খেলা শুরুর পর কেমন যেন বিবর্ণ হয়ে যায়। ভারতের ১৭৫ রানের জবাবে টেনেটুনে ১১৪ রান পর্যন্ত যেতে পারে পাকিস্তানিরা। এমন হারের পর পাকিস্তানের সমালোচনা হচ্ছে প্রবল। সেই তালিকায় তাদের সাবেক ক্রিকেটাররাই বেশি অগ্রণী।

ম্যাচের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) পোস্ট করে সাবেক পাক লেগ স্পিনার কানেরিয়া লিখেছেন, ‘সত্যি বলতে, বর্জন করাটা হয়তো কম লজ্জাজনক হতো।’

এদিকে পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ ইউসুফ বলছেন, ‘শাহীন, বাবর, শাদাবদের সময় ফুরিয়ে গেছে। টি-টোয়েন্টি স্কোয়াডে নতুন পারফর্মার দরকার। দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে ফাঁপা জয়ের দরকার নেই।’

পাকিস্তানি ব্যাটারদের কোন উন্নতি চোখে পড়ছে না সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকার রজিম রাজার, ‘আসলে এটি এক বিপর্যয়ের মতো ছিল—বিশেষ করে ব্যাটিংয়ের ক্ষেত্রে!! ভারত গত ২/৩ বছর ধরে পাকিস্তানের বিপক্ষে একই বোলিং আক্রমণ ব্যবহার করে আসছে এবং প্রতিবারই ব্যাটসম্যানরা অত্যন্ত সাধারণ মানের পারফরম্যান্স দেখিয়েছেন... কোনো উন্নতি নেই...।‘ 

পাকিস্তানি চ্যানেল এ-স্পোর্টসে দেশটির সাবেক ব্যাটার বাসিত আলি তুলোধুনো করেন পাকিস্তানি খেলোয়াড়দের। তার মতে লড়াইয়ের কোন যোগ্যতা দেখাতে পারেনি পাকিস্তান। সেই সঙ্গে বাবর আজমকে চারে নামানোর তীব্র সমালোচনা করেন তিনি। 

পাকিস্তান গোটা ম্যাচে এত দুর্বল ক্রিকেট খেলেছে যে অন্য দেশের বিশেষজ্ঞদেরও তা চোখে লেগেছে। সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন মনে করেন, পাকিস্তান ভারতের মতো দক্ষ দলের বিপক্ষে চাপই নিতে পারেনি। তিনি বলেন, ‘ক্রিকেট মাঠে ভারত পাকিস্তানকে আতঙ্কিত করে রাখে বলে মনে হয়.. তারা খেলার সব বিভাগেই অনেক বেশি দক্ষ এবং বড় আসরের চাপ সামলে নেওয়ার ক্ষেত্রে তাদের মানসিকতা অনেক উন্নত।’

ইএসপিএন-ক্রিকইনফোতে ভারতীয় কিংবদন্তি অনিল কুম্বলে বলেন, ‘এটি মোটেও সমানে সমান লড়াই ছিল না। ভারতীয় বোলাররা অনেক ভালো বল করেছেন। পিচ ব্যবহার করা জরুরি ছিল যা হার্দিক শুরুতেই করে দেখিয়েছেন। আর জাসপ্রিত বুমরাহ তো অনন্য পর্যায়ের।’

জিও-হটস্টারে সাবেক ভারতীয় পেসার ইরফান পাঠান বলেন, ‘ভারত ও পাকিস্তানের মধ্যে এখন আর কোনো লড়াই অবশিষ্ট নেই। আমরা এই প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আলোচনা করি কেবল মাঠের বাইরের উত্তাপের কারণে।’

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers