মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

খেলা
  >
ক্রিকেট

দ্য হান্ড্রেড নিলামে মোস্তাফিজ

ক্রীড়া ডেস্ক ২০ ফেব্রুয়ারি , ২০২৬, ২১:৫৬:২৯

220
  • ছবি: ইন্টারনেট

আইপিএল বিতর্ক, বিশ্বকাপ ইস্যু এবং রাজনৈতিক টানাপোড়েনের আবহ পেরিয়ে এবার মোস্তাফিজুর রহমান চোখ রাখছেন ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হান্ড্রেডে। আসন্ন নিলামের জন্য প্রায় এক হাজার ক্রিকেটার নাম লিখিয়েছেন, যেখানে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি তিনি। 

দ্য হান্ড্রেডের আগের পাঁচ আসরে কোনো বাংলাদেশি ক্রিকেটার সুযোগ পাননি। ফলে এবারের নিলাম ঘিরে দেশের ক্রিকেটপ্রেমীদের আগ্রহও বেশি। ইংলিশ কন্ডিশনে ফিজের স্লোয়ার বৈচিত্র্য কার্যকর হতে পারে-এমন বিশ্বাস আছে অনেকের। তবে দল পাওয়াটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

গত দেড় মাসে আইপিএল থেকে বাদ পড়ার ঘটনাকে কেন্দ্র করে মুস্তাফিজ ছিলেন আলোচনার কেন্দ্রে। কলকাতা নাইট রাইডার্সে সুযোগ পেলেও পরে তাকে দল থেকে সরিয়ে দেওয়া হয় বলে বিভিন্ন মহলে দাবি ওঠে। সেই ঘটনার জেরে নিরাপত্তা শঙ্কা দেখিয়ে বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে যেতে অস্বীকৃতি জানায় এবং শেষ পর্যন্ত আসর থেকেই বাদ পড়ে।

এর প্রভাব পড়ে আন্তর্জাতিক অঙ্গনেও। বাংলাদেশের বাদ পড়ার প্রতিবাদে পাকিস্তান ভারত ম্যাচ বর্জনের ঘোষণা দিলেও আইসিসির মধ্যস্থতায় পরিস্থিতি সামাল দেওয়া হয়। একই সময়ে সামনে আসে দ্য হান্ড্রেডের নিলাম, যেখানে রাজনৈতিক বাস্তবতার প্রভাব পড়তে পারে বলে আলোচনা চলছে।

বিবিসির তথ্য অনুযায়ী, আইপিএল মালিকানাধীন দলগুলো নিলাম থেকে কোনো পাকিস্তানি ক্রিকেটার দলে নেবে না। দ্য হান্ড্রেডের আট দলের মধ্যে চারটি আইপিএল-সংশ্লিষ্ট মালিকানায় পরিচালিত- সানরাইজার্স লিডস, সাউদার্ন ব্রেভস, ম্যানচেস্টার সুপার জায়ান্টস ও এমআই লন্ডন। রাজনৈতিক দ্বন্দ্বের ইতিহাস বিবেচনায় এই সিদ্ধান্ত আলোচনায় এসেছে।

এবারের নিলামে অন্তত ৬৩ জন পাকিস্তানি ক্রিকেটার নাম দিয়েছেন, যাদের মধ্যে আছেন শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও শাদাব খানের মতো তারকা। তবে আইপিএল-সংশ্লিষ্ট দলগুলোর অবস্থান যদি কঠোর থাকে, তাহলে নিলামের চিত্র ভিন্ন হতে পারে।

এই প্রেক্ষাপটে একমাত্র বাংলাদেশি হিসেবে মুস্তাফিজের অবস্থান আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সাম্প্রতিক বিতর্ক তার সম্ভাবনাকে প্রভাবিত করবে, নাকি ইংল্যান্ডের মাটিতে নতুন সূচনার দুয়ার খুলে দেবে-তার উত্তর মিলবে নিলামের মঞ্চেই।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers