মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

খেলা
  >
ক্রিকেট

পাকিস্তান সিরিজে খেলবেন সাকিব?

ক্রীড়া ডেস্ক ২১ ফেব্রুয়ারি , ২০২৬, ২১:৩৬:২৩

222
  • ছবি: ইন্টারনেট

তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান আসন্ন পাকিস্তান সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরতে পারেন। এরইমধ্যে গুঞ্জন জোরালো হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে ফেরানোর ব্যাপারে ইতিবাচক ইঙ্গিত দিলেও পুরো বিষয়টি এখন নির্ভর করছে আইনি জটিলতা ও সরকারের সিদ্ধান্তের ওপর।

বেশ আগেই বিসিবির শীর্ষ পর্যায় থেকে সাকিবকে ফেরানোর তৎপরতা শুরু হয়েছে। শুক্রবার হ্যান্ডবল স্টেডিয়ামে বিএসপিএর ইফতার মাহফিলে এসেছিলেন বিসিবির সহসভাপতি ফারুক আহমেদ। সেখানে গণমাধ্যমকে তিনি জানান, দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকেই তিনি সাকিবকে দলে ফেরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার পর থেকেই চেয়েছি সাকিব খেলুক। মাঝখানে কিছু কারণে তা সম্ভব হয়নি, তবে ভবিষ্যতে হবে না এমনটা বলা যাবে না। প্রক্রিয়াটি অনেক দূর এগিয়েছে, খুব শিগগিরই আপনারা হয়তো এ বিষয়ে সুসংবাদ পাবেন।’

সাকিবের দলে ফেরার ক্ষেত্রে মূল বাধা এখন মাঠের বাইরের বিতর্ক ও আইনি জটিলতা। জুলাই গণ-অভ্যুত্থানের পর এই ক্রিকেটারের নামে একাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। ফারুক আহমেদ স্পষ্ট করে জানিয়েছেন, ক্রিকেটিং বিষয়ে সিদ্ধান্ত নেবে বোর্ড, কিন্তু আইনি সুরক্ষা নিশ্চিত করা সরকারের কাজ। তার ভাষ্যমতে, ‘সাকিবের ফিটনেস দেখে তাকে নির্বাচন করা আমাদের কাজ। কিন্তু তার নামে যে মামলা বা অন্যান্য ইস্যু আছে, সেগুলো বোর্ডের হাতে নেই। এই জায়গাটিতে সরকারের সহায়তা প্রয়োজন।’

সাম্প্রতিক কেন্দ্রীয় চুক্তিতে সাকিবের নাম না থাকলেও বোর্ড তাকে ব্র্যান্ড ভ্যালু ও মাঠের পারফরম্যান্সের কারণে অপরিহার্য মনে করছে। ফারুক আহমেদ সাকিবকে দেশের ‘সম্পদ’ হিসেবে উল্লেখ করে বলেন, ‘সাকিব একটি ব্র্যান্ড। বোর্ড সবসময় চায় ও বাংলাদেশের হয়ে খেলুক। আমার বিশ্বাস, দলের জন্য অবদান রাখার মতো ক্ষমতা ওর এখনো আছে।’

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers