মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

খেলা
  >
ক্রিকেট

নভেম্বরে বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর

ক্রীড়া ডেস্ক ২৩ ফেব্রুয়ারি , ২০২৬, ২১:৫৪:১১

235
  • ছবি: ইন্টারনেট

আগামী নভেম্বর-ডিসেম্বরে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা যাবে বাংলাদেশ। সিরিজ শুরুর আট মাস আগেই সূচি প্রকাশ করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা। সফরে দুটি টেস্টের পাশাপাশি তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে থাকতে হবে র‍্যাঙ্কিংয়ের সেরা দশে। বাংলাদেশের জন্য এই বছরটা তাই খুবই গুরুত্বপূর্ণ। বছর জুড়ে ২৩টি ওয়ানডে খেলবে বাংলাদেশ। বিশ্বকাপের সরাসরি খেলাও নির্ভর করছে এই ২৩টি ম্যাচের ফলের উপর। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে এ বছর বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর।

আগামী বিশ্বকাপের অন্যতম আয়োজক দক্ষিণ আফ্রিকা। সঙ্গে আছে জিম্বাবুয়ে ও নামিবিয়া। বিশ্বকাপের আগে মেহেদী হাসান মিরাজদের জন্য তাই এই সফর হতে পারে প্রস্তুতির আদর্শ সুযোগও।

সফরের শুরুটা হবে লাল বলের লড়াই দিয়ে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। ১৫ নভেম্বর জোহানেসবার্গে শুরু হবে প্রথম টেস্ট। এই মাঠে প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। এরপর ২৩ নভেম্বর সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে সেঞ্চুরিয়নে। এই মাঠে বাংলাদেশ সর্বশেষ টেস্ট খেলেছিল ২০০৮ সালে।

১ ডিসেম্বর ইস্ট লন্ডনে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ৪ ও ৭ ডিসেম্বর পরের দুটি ম্যাচ যথাক্রমে গাবেখা ও কেপ টাউনে। টি-টুয়েন্টি ম্যাচগুলো হবে কিম্বার্লি (১০ ডিসেম্বর), বেনোনি (১২ ডিসেম্বর) ও সেঞ্চুরিয়নে (১৩ ডিসেম্বর)।

দক্ষিণ আফ্রিকায় আগের চার সফরে আটটি টেস্ট খেলেছে বাংলাদেশ। সবকটিতেই হেরেছে বড় ব্যবধানে, যার পাঁচটিতে হার ইনিংস ব্যবধানে। ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার মাটিতে ১২ ম্যাচে জয় এসেছে মাত্র দুটিতে। ২০২২ সালের সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে নেয় বাংলাদেশ ২–১ ব্যবধানে। ফল হওয়া বাকি ১০ ম্যাচেই হেরেছে তারা। টি–টুয়েন্টিতে এখনো জয়হীন বাংলাদেশ—চার ম্যাচে চার হার।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers