মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

খেলা
  >
ক্রিকেট

দ্য হানড্রেডে উপেক্ষা করা হবে না পাকিস্তানি খেলোয়াড়দের

ক্রীড়া ডেস্ক ২৫ ফেব্রুয়ারি , ২০২৬, ২১:৫০:০৬

297
  • ছবি: ইন্টারনেট

গুঞ্জন ছিল  দ্য হানড্রেড টুর্নামেন্টের নিলামে ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিগুলো পাকিস্তানি খেলোয়াড়দের  নেবে না। তবে বুধবার ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এবং দ্য হানড্রেডের আটটি দল যৌথ বিবৃতিতে জানিয়েছে, এই প্রতিযোগিতা ‘সবার জন্য অন্তর্ভুক্তিমূলক এবং উন্মুক্ত’। 

গত সপ্তাহে বিবিসির একটি প্রতিবেদনে বলা হয়েছিল, ম্যানচেস্টার সুপার জায়ান্টস, এমআই লন্ডন, সাউদার্ন ব্রেইভ এবং সানরাইজার্স লিডস দ্য হানড্রেডের আসন্ন নিলামে কোনো পাকিস্তানি ক্রিকেটারকে বিবেচনা করবে না। খবর প্রকাশের পর এ নিয়ে সমালোচনা হলে ইসিবি রোববার টুর্নামেন্টের ৮ দলকে একটি ই–মেইল পাঠায়। সেখানে জাতীয়তার ভিত্তিতে খেলোয়াড়দের উপেক্ষা করাসহ বৈষম্যের কোনো প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলে দলগুলোকে সতর্ক করে দেওয়া হয়। এর দুই দিন মঙ্গলবার রাতে ইসিবি ও দ্য হানড্রেডের আটটি দল ‘অন্তর্ভুক্তিমূলক’ টুর্নামেন্টের কথা উল্লেখ যৌথ বিবৃতি দিয়েছে।

দ্য হানড্রেডের এ বছরের নিলাম হবে ১১ ও ১২ মার্চ। ছেলেদের টুর্নামেন্টের জন্য ৬৩ জন এবং মেয়েদের টুর্নামেন্টের জন্য ৪ জন পাকিস্তানি ক্রিকেটার নাম নিবন্ধন করিয়েছেন।

নিলামে কোনো দেশের খেলোয়াড়দের আলাদাভাবে দেখা হবে না জানিয়ে যৌথ বিবৃতিতে বলা হয়, ‘দ্য হানড্রেড প্রতিষ্ঠিত হয়েছিল নতুন দর্শকদের কাছে পৌঁছাতে, ক্রিকেট খেলাকে আরও বড় করতে এবং এটি নিশ্চিত করতে যে জাতিগত পরিচয়, লিঙ্গ, ধর্ম, জাতীয়তা বা অন্য যা-ই হোক না কেন—সবাই যেন আমাদের এই খেলায় নিজেদের অংশ মনে করতে পারে।’

ইসিবির অবস্থান তুলে ধরে বিবৃতিতে লেখা হয়, ‘টুর্নামেন্ট পরিচালনার দায়িত্বে থাকা গভর্নিং বডি হিসেবে ইসিবি বৈষম্যহীনতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং এ ধরনের আচরণ মোকাবিলায় কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য তাদের নিজস্ব নিয়মাবলি রয়েছে। জাতীয়তার কারণে খেলোয়াড়দের বাদ দেওয়া যাবে না।’

নিলামে অংশ নিতে যাওয়া দলগুলো নির্দেশনা মেনে চলবে জানিয়ে লেখা হয়, ‘আটটি দলই প্রতিশ্রুতি দিচ্ছে যে খেলোয়াড় নির্বাচন শুধু ক্রিকেটীয় পারফরম্যান্স, প্রাপ্যতা এবং প্রতিটি দলের প্রয়োজনের ওপর ভিত্তি করে হবে। এটি ক্রিকেটকে সবচেয়ে অন্তর্ভুক্তিমূলক খেলা হিসেবে গড়ে তোলা, সুযোগ তৈরি করা, বাধাগুলো ভেঙে ফেলা এবং সব পটভূমির খেলোয়াড়দের জন্য খেলার শীর্ষ পর্যায়ে পৌঁছানোর একটি ন্যায্য ও সমান পথ নিশ্চিত করার ক্ষেত্রে ইসিবির বৃহত্তর প্রতিশ্রুতিরই প্রতিফলন।’

আগামী ২১ জুলাই শুরু হবে এবারের দ্য হানড্রেড  , চলবে ১৬ আগস্ট পর্যন্ত।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers