মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

খেলা
  >
ক্রিকেট

হৃদয়ের দুর্দান্ত হাফসেঞ্চুরি, পারভেজ–শামীম ঝড়ে নিউ জিল্যান্ডকে হারাল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক ২৭ এপ্রিল , ২০২৬, ১৮:৫২:০৬

185
  • হৃদয়ের দুর্দান্ত হাফসেঞ্চুরি, পারভেজ–শামীম ঝড়ে নিউ জিল্যান্ডকে হারাল বাংলাদেশ

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ থাকার পরও খেলেনি বাংলাদেশ দল। যে কারণে হতাশা ভর করেছিল টাইগার শিবিরে। তবে সেখান থেকে নিজেদের বের হওয়ায় সুযোগ তারা পেল সোমবার। এদিন চট্টগ্রামে সিরিজের প্রথম টি-টোয়োন্টিতে নিউ জিল্যান্ডের বিপক্ষে বোলিং ভাল না হলেও ব্যাটিংটা হয়েছে দুর্দান্ত। বিপদের মুখে প্রথমে হাল ধরেন তাওহিদ হৃদয়। খেলেন দুর্দান্ত ইনিংস। অন্য প্রান্তে ঝড় তোলেন পারভেজ হোসেন ইমন। তিনি বিদায় নিলে সেই কাজটাই করতে থাকেন শামীম হোসেন পাটোয়ারী। শেষ পর্যন্ত  হাফসেঞ্চুরি তুলে নিয়ে দলকে ৬ উইকেটে জিতিয়ে ফেরেন হৃদয়।

সোমবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নামা নিউ জিল্যান্ড তোলে ৬ উইকেটে ১৮২ রান।  জবাবে ১৮ ওভারেই ৪ উইকেটে ১৮৩ রান তুলে লক্ষ্যে পৌঁছায় লিটন দাসের দল। ২৭ বলে ৫১ রান করে অপরাজিত ছিলেন হৃদয়। শামীম অপরাজিত ১৩ বলে ৩১ রানে। এর আগে পারভেজ ১৪ বলে ২৮ রান করে আউট হয়েছেন।

এই জয়ের মাধ্যমে একটি রেকর্ড করেছে ফিল সিমন্সের শিষ্যরা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ রান তাড়া করে জেতার কীর্তি গড়েছে বাংলাদেশ। এর আগে কিউইদের বিপক্ষে সর্বোচ্চ ১৩৫ রান তাড়া করে জিতেছিল টাইগাররা। এদিকে বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ডটি শ্রীলঙ্কার বিপক্ষে। ২০১৮ সালে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২১৫ করে জিতেছিল টাইগাররা।

রান তাড়ার শুরুটা সোমবার বাংলাদেশের ছিল মন্থর। দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান তামিমের উদ্বোধনী জুটি ৫.৩ বলে ৪১ রানে ভাঙে। বাংলাদেশের প্রথম উইকেটটি নেন নাথান স্মিথ। আর আউট হওয়ার আগে ১৬ বলে ১৭ রান করেন সাইফ। আরেক ওপেনার তানজিদ করেন ২৫ বলে ২০ রান। এদিকে ১৫ বলে ২১ রানে থামেন দলনেতা লিটন দাস। ১০.১ ওভারে ৭৭ রান তুলতে ৩ উইকেট হারিয়ে খানিকটা ব্যাকফুটেই পড়ে বাংলাদেশ দল। এরপরই হৃদয় আর পারভেজ খেলার চেহারা পাল্টে দেন। তারা চতুর্থ উইকেট জুটিতে এক পর্যায়ে তুলে ২৩ বলে ৪৮ রান। এই দুজনের পাল্টা আক্রমণে রান তাড়ায় বাংলাদেশ সঠিক পথে হাঁটে। ১৪ বলে ২৮ রান করে আউট হন পারভেজ। তাতে হৃদয়ের সঙ্গে তার ৫৭ রানের জুটিও ভাঙে।

পারভেজ ফিরলেও ক্যামিও থামেনি। যা অব্যহত রাখেন শামীম। স্মিথের করা ১৬ তম ওভারের চতুর্থ বলে উইকেটকিপারের মাথার ওপর দিয়ে ‘নো লুক’শটে ছক্কা মারেন তিনি। ওভারের শেষ বলে মিডউইকেট দিয়ে ছক্কা মারেন হৃদয়।

ফিশারের করা ইনিংসের ১৭তম ওভার থেকে আসে ২৫ রান। এই ওভারেই নিউ জিল্যান্ড ম্যাচ থেকে ছিটকে গেছে। দারুণ ব্যাটিং করেন হৃদয় ও শামীম। বাঁহাতি শামীম এই ওভারেই মারেন তিন চার ও এক ছক্কা। জয়টা তাই হয়ে যায় টাইগারদের জন্য সময়ের ব্যাপার।  ২৬ বলে ক্যারিয়ারের ষষ্ঠ ফিফটি পান হৃদয়। তার ব্যাটিংটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। শেষ পর্যন্ত হৃদয়ের সঙ্গে শামীমের জুটি থেকে আসে ২১ বলে ৪৯ রান। তারাই ম্যাচ শেষ করে ফেরেন।

এরআগে বল হাতে ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেটের দেখা পায় বাংলাদেশ। রান আউট হয়ে সাজঘরে ফেরেন ওপেনার টিম রবিনসন। তবে দ্বিতীয় উইকেট জুটিতে শুরুর চাপ সামলে নেন ওপেনার কেতেন ক্লার্ক ও ড্যান ক্লেভার। এসময় দুজন মিলে গড়েন ৮৮ রানের জুটি। আর এই দুই কিউই ব্যাটারই ফিফটির দেখা পেয়েছেন। মজার ব্যাপার আউট হওয়ার আগে দুজনই করেন ৫১ রান। ৩৭ বলে সাতটি চার ও একটি ছয়ে ৫১ রান করেন ক্লার্ক। আর মাত্র ২৮ বলে সাতটি চার ও একটি ছয়ে ৫১ রানে থামেন ক্লেভার।

এই দুই ব্যাটার সাজঘরে ফেরার পর খানিকটা চাপে পড়ে নিউ জিল্যান্ড। দ্রুত কয়েক উইকেট হারানোর পর রানের গতিও কিছুটা কমে যায়। প্রথম ১০ ওভারে ১০০ রান করা নিউ জিল্যান্ড পরের ৫ ওভারে করেছেন মাত্র ৩০ রান। এর মাঝেই বেভন জ্যাকবস ১ রানে ও ড্যান ফক্সক্রফট ৩ রানে আউট হন। এরপর ফের একবার রানের চাকা সচল করেন অধিনায়ক নিক কেলি। কিন্তু ইনিংস শেষ করে ফিরতে পারেননি তিনি। শরিফুল ইসলামের করা বলে আউট হওয়ার আগে কিউই অধিনায়ক করেন ২৭ বলে ৩৯ রান। এছাড়া জশ ক্লার্কসন ৩০ ও নাথান স্মিথ ৪ রান করেন।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন রিশাদ হোসেন। এছাড়া একটি করে উইকেটের দেখা পেয়েছেন তিনজন বোলার।

 

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ইনিংস: ১৮ ওভারে ১৮৩/৬ (হৃদয় ৫১*, শামীম ৩১, পারভেজ ২৮; সোধি ৪০/২) নিউ জিল্যান্ড ইনিংস: ২০ ওভারে ১৮২/৬ (ক্লিভার ৫১, ক্লার্ক ৫১, কেলি ৩৯, ক্লার্কসন ২৭*; রিশাদ ২/৩২, মেহেদী ১/৩১, শরীফুল ১/৩৬, তানজিম ১/৪০)।

ফল: বাংলাদেশ ৬ উইকেটে জয়ী

ম্যাচসেরা: তাওহিদ হৃদয়

সিরিজ: ৩ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে বাংলাদেশ।

নিউজজি/সিআর/নাসি  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers