শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ , ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

খেলা
  >
ক্রিকেট

ব্যাটে-বলে আলো ছড়িয়ে এগিয়ে বাংলাদেশ

নিউজজি ডেস্ক ১৭ মে , ২০২৬, ১৯:৩৬:১৮

287
  • ব্যাটে-বলে আলো ছড়িয়ে এগিয়ে বাংলাদেশ

সাদা পোশাকের ক্রিকেটে গত কয়েক মাস দুর্দান্ত পারফর্ম করছে বাংলাদেশ দল। সেই ধারাবাহিকতা সিলেট টেস্টের দ্বিতীয় দিন পর্যন্ত ধরে রেখেছে নাজমুল হোসেন শান্তর দল। এদিন ব্যাটে-বলে সমান আলো ছড়িয়ে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেট হাতে নিয়ে টিম টাইগার্স এগিয়ে রয়েছে ১৫৬ রানে। 

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশ দিন শেষ করেছে ৩ উইকেট হারিয়ে ১১০ রান। ৭ উইকেট হাতে নিয়ে বাংলাদেশের লিড ১৫৬ রানের। ক্রিজে অপরাজিত আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৩২ বলে ১৩ রানে। জয় ১০টি চারের সাহায্যে ৬৪ বলে ৫২ রানের ইনিংস খেলেন। মুমিনুল সাজঘরে ফেরেন ৬০ বলে তিনটি চারে ৩০ রানে। এর আগে তানজিদ ৭ বলে ৪ রান করে আউট হন।

এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ করে ২৭৮ রান, আর পাকিস্তান করে ২৩২ রান।

রোববার শুরুতেই বাংলাদেশকে এগিয়ে দেন বোলাররা। প্রথম সেশনেই পাকিস্তানের টপ অর্ডার গুঁড়িয়ে দেন স্বাগতিকরা। লাঞ্চের আগে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে পাকিস্তান। এরপর জুটি গড়েন বাবর ও সালমান আগা। বাবর ক্যারিয়ারের ৩১তম ফিফটি তুলে নেন। সালমানও তাকে যোগ্য সঙ্গই দিচ্ছিলেন, তবে ৬৮ রান করা বাবরকে ফিরিয়ে ৬৩ রানের জুটি ভাঙেন নাহিদ রানা। বাবর আজমের বিপক্ষে চার ইনিংসে বোলিং করে তিন ইনিংসেই তাঁকে আউট করলেন নাহিদ।

বাবরের ফেরার পর সালমান আগা-মোহাম্মদ রিজওয়ানরা চেষ্টা করেও বেশিক্ষণ টিকতে পারেননি। দুজনেই উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। ১৮৪ রানে ৮ উইকেট হারানো পাকিস্তান দুইশ ছুঁয়েছে লেজের সারির ব্যাটারদের কল্যাণে। ৯ নম্বরে নামা সাজিদ খান করেছেন ২৮ বলে ৩৮ রান। শেষ পর্যন্ত ২৩২ রানে থামে পাকিস্তান, ফলে ৪৬ রানের লিড পায় বাংলাদেশ।

৪৬ রানে এগিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করে বাংলাদেশ। তবে শুরুটা ভালো হয়নি। শুরুতেই ফেরেন তানজিদ হাসান তামিম। অভিষিক্ত এই ওপেনার বাউন্ডারিতে রানের খাতা খুললেও সেটাই ছিল তার ইনিংসের প্রথম এবং একমাত্র স্কোরিং শট। ৭ বল খেলে ৪ রানে ফিরেছেন তিনি। শুরুর সেই ধাক্কা মুমিনুল হক ও মাহমুদুল হাসান জয় দারুণভাবে কাটান । বিশেষ করে জয় এদিন দারুণ ব্যাটিং করেছেন। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে বেশ আত্মবিশ্বাসী ছিলেন এই ওপেনার। পেয়েছেন ফিফটির দেখাও। ৬১ বলে এই মাইলফলক ছুঁয়েছেন তিনি। তবে ফিফটির পরপরই সাজঘরে ফিরেছেন। সবমিলিয়ে ৬৪ বলে করেছেন ৫২ রান।

শেষ বিকেলে মুমিনুল হককে হারায় বাংলাদেশ। দারুণ শুরু করা এই ব্যাটার আরো একবার ফিফটির পথে হাঁটছিলেন। তবে এবার থামতে হলো তার আগেই। ৬০ বলে করেছেন ৩০ রান। মুমিনুলের আউটের পরপরই দিনের খেলা শেষ করেন আম্পায়াররা।

এর আগে চা বিরতির পর পাকিস্তানের প্রথম ইনিংস ২৩২ রানে আটকে দিয়ে ৪৬ রানের গুরুত্বপূর্ণ লিড পায় বাংলাদেশ। তা বেড়ে দাঁড়িয়েছে ১৫৬ রানে। স্বাগতিকদের হাতে জমা রয়েছে আরও ৭ উইকেট।

 

সংক্ষিপ্ত স্কোর:

 

বাংলাদেশ: ২৭৮ ও ১১০/৩

পাকিস্তান ১ম ইনিংস: ২৩২

বাংলাদেশ ১৫৬ রানে এগিয়ে

(দ্বিতীয় দিন শেষে)

নিউজজি/সিআর/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers