শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ , ২ সফর ১৪৪৮

খেলা
  >
ক্রিকেট

বোনাস নয়, জিম-সুইমিংপুল চাইলেন শান্ত-লিটনরা

নিউজজি ক্রীড়া ডেস্ক ২২ মে , ২০২৬, ১১:১১:১০

169
  • সংগৃহীত

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজ ২-০ ব্যবধানে জিতে রীতিমতো উড়ছে বাংলাদেশ ক্রিকেট দল। এমন অর্জনে ক্রিকেটারদের আরও উৎসাহিত করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চেয়েছিল বোনাস দিতে। তবে নাজমুল হোসেন শান্ত-লিটন দাসরা চেয়েছেন, বোনাসের বদলে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আধুনিক সুযোগ–সুবিধা বাড়ানো হোক, তৈরি করে দেওয়া হোক একটি সুইমিং পুল।

বিসিবির অন্তর্বর্তী সভাপতি তামিম ইকবাল বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, ‘আমরা তৈরি ছিলাম, যদি বোনাস দেওয়া লাগত, অবশ্যই দিতাম। কারণ, তাদের এটা প্রাপ্য। কিন্তু সবার উচিত তাদের এই উদ্যোগের (বোনাস না নেওয়া) প্রশংসা করা। তারা শুধু নিজেদের কথা চিন্তা করেনি। এই সুবিধা (সুইমিং পুল) তাদের ছোট ভাইয়েরা, অনূর্ধ্ব–১৯ বা হাই পারফরম্যান্সে যাঁরা আছে, তারাও ব্যবহার করবে।’

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মূল নকশাতেই কিন্তু সুইমিংপুলের ব্যবস্থা রাখা হয়েছিল। নানা অজুহাতে বছরের পর বছর পেরিয়ে গেলেও আজ পর্যন্ত সেই সুইমিংপুল আলোর মুখ দেখেনি। মাঝে ফারুক আহমেদ বিসিবি সভাপতি থাকাকালীন মিরপুরের জিমনেসিয়ামের পাশের খালি জায়গায় একটি সুইমিংপুল নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন। তবে সেই পরিকল্পনা বাস্তব রূপ পাওয়ার আগেই দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থায় বড় পরিবর্তন চলে আসে।

শেষ পর্যন্ত সেই বহুল প্রতীক্ষিত সুইমিংপুল নির্মাণ হতে যাচ্ছে। বিসিবি সভাপতি তামিম ইকবাল নিশ্চিত করেছেন, সর্বাধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করেই এবার সুইমিংপুলটি তৈরি করবে বোর্ড। শুধু সুইমিংপুলই নয়, ক্রিকেটারদের ফিটনেস ও আধুনিক চাহিদার কথা মাথায় রেখে শেরেবাংলা স্টেডিয়ামের বর্তমান জিমনেসিয়ামের কিছু অংশ ভেঙে নতুন করে ঢেলে সাজানোর কথাও জানিয়েছেন তিনি।

তামিম আপাতত বিসিবির অন্তর্বর্তী সভাপতি হলেও পরিচালনা পর্ষদের আসন্ন নির্বাচনে অংশ নেবেন তিনি। নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণের শেষ দিন ছিল আজ। গতকালই ক্লাব ক্যাটাগরি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা তামিম জানিয়েছেন, নির্বাচনে তার কোনো প্যানেল থাকবে না।

নিউজজি/সিআর/এসডি

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers