শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ , ২ সফর ১৪৪৮

খেলা
  >
ক্রিকেট

ফিরেই ব্যাট হাতে মোসাদ্দেকের ঝলক, অস্ট্রেলিয়ার সামনে বাংলাদেশের চ্যালেঞ্জিং স্কোর

ক্রীড়া ডেস্ক ৯ জুন , ২০২৬, ১৫:২৮:৪৫

162
  • ফিরেই ব্যাট হাতে মোসাদ্দেকের ঝলক, অস্ট্রেলিয়ার সামনে বাংলাদেশের চ্যালেঞ্জিং স্কোর

৪ বছর পর জাতীয় দলে ফিরেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। তারপরও একাদশে জায়গা পাওয়া নিয়ে ছিল শঙ্কা। তবে মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই সুযোগ পেলেন তিনি। আগে ব্যাট করতে পাওয়া সেই সুযোগা দারুণভাবে কাজে লাগালেন এ ডানহাতি ব্যাটার। দলের প্রয়োজনীয় সময়ে সঙ্গীদের নিয়ে একের পর এক জুটি গড়েন। দলকে এগিয়েও দেন। শেষ পর্যন্ত তার দুর্দান্ত ইনিংসে ভর করে অস্ট্রেলিয়ার সামনে চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করিয়েছে বাংলাদেশ। মোসাদ্দেকের আগে ওপেনার তানজিদ হাসান তামিম আর নাজমুল হোসেন শান্তও খেলেন দারুণ ইনিংস। 

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বুধবার টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে বাংলাদেশ তুলেছে ২৮৪ রান। মোসাদ্দেক অপরাজিত ছিলেন ৮৫ রানে। তার ইনিংসটি সাজানো ৭ চার ও ৩ ছয়ে।  এছাড়া তানজিদ করেন ৫৪ ও নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে আসে ৬৭ রান। তাওহিদ হৃদয় করেন ৩১ রান। শেষ দিকে ১৫ বলে ২০ রানের ইনিংস খেলেন তাসকিন আহম্মেদ। অস্ট্রেলিয়ার নাথান এলিস নেন ৩টি উইকেট। এছাড়া ম্যাট রেনশো ২টি উইকেট নেন।

বুধবার টস হেরে বাংলাদেশের ব্যাটিংয়ের শুরুটা ভাল হয়নি । ইনিংসের দ্বিতীয় ওভারেই আউট হন ওপেনার সাইফ হাসান। এরপর ব্যাটিংয়ে নেমেই জীবন ফিরে পান নাজমুল হোসেন শান্ত। লাবুশেনের হাতে ক্যাচ দিয়ে বেচে যান তিনি। সেই সুযোগটা দারুণভাবে কাজে লাগান তিনি। দ্বিতীয় উইকেটে তাসজিদকে সঙ্গে নিয়ে দারুণভাবে পথ চলেন তিনি। দুজনে মিলে দ্বিতীয় উইকেটে ৯১ বলে ৯৬ রানের জুটি গড়েন। ভালোই খেলছিলেন তারা। বাংলাদেশও দলীয় একশো পেরোয় তাদের ব্যাটে ভর করে। ৪১ বলে ফিফটি করেন তানজিদ। এরপরেই ফিরেন তিনি। সাইফের মতো তাঁর উইকেটও নিয়েছেন নাথান এলিস— তার স্লোয়ারে বিভ্রান্ত হয়ে তানজিদ ক্যাচ দিয়েছেন বার্টলাটের হাতে। ৪৪ বলে ৭ চার ও ১ ছক্কায় ৫৪ রান করেছেন তিনি।

তানজিদের বিদায়ের পর ক্রিজে নেমেই বেশিক্ষণ টিকলেন না লিটন দাসও। ম্যাট রেনশর বলে উইকেট ছেড়ে বেরিয়ে এসে মিড অফ দিয়ে মারতে চেয়েছিলেন। কিন্তু ঠিকঠাক খেলতে পারলেন না। ফলো থ্রুর সময় ক্যাচ নেন বোলার নিজেই। ৯ বলে ৭ রান করে আউট হয়ে গেছেন লিটন। 

লিটনের পর ভালো ছন্দে থাকা শান্তকেও ফিরিয়েছেন ম্যাট রেনশ। স্টাম্পে থাকা ডেলিভারি জায়গা বানিয়ে লং অফের উপর দিয়ে পাঠাতে চেয়েছিলেন বাঁহাতি ব‍্যাটসম‍্যান। টাইমিং করতে পারেননি তিনি। সহজ ক‍্যাচ নেন কুপার কনোলি। ৮৬ বলে নয় চার ও এক ছক্কায় ৬৭ রান করেন শান্ত।

লম্বা সময় পর জাতীয় দলের জার্সিতে মাঠে নেমেই শুরুটা নড়বড়ে করেন মোসাদ্দেক। ম‍্যাট রেনশোর বলে দ্রুতই সাজঘরে ফিরতে পারতেন তিনি। তবে পার কনোলির ব্যর্থতার জীবন পান তিনি। এরপর আর পেছন ফিরে তাকাননি তিনি। 

দ্রুত ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যাওয়া বাংলাদেশকে টানেন তাওহিদ হৃদয় ও মোসাদ্দেক হোসেন। পঞ্চম উইকেটে তাদের জুটিতে পঞ্চাশ এসেছে ৫০ বলে। ম‍্যাট রেনশর মাথার উপর দিয়ে ছক্কা মারার পর সিঙ্গেল নেন মোসাদ্দেক। তাতে জুটির রান স্পর্শ করে পঞ্চাশ।

৩৮তম ওভারে দুইশ স্পর্শ করে বাংলাদেশের রান। এরপরেই ফেরেন হৃদয়।  অনেকটা সময় ক্রিজে থাকলেও ঠিক স্বস্তিতে ছিলেন না এই মিডল অর্ডার ব‍্যাটসম‍্যান। ভুগছিলেন টাইমিং পেতে। জেভিয়ার বার্টলেটের আগের বলে একটুর জন‍্য ক‍্যাচ হয়নি। পরের পর ছিল স্লোয়ার, তেড়েফুড়ে মারতে গিয়ে ন‍্যাথান এলিসের হাতে ধরা পড়েন হৃদয়। ভাঙে ৯০ বল স্থায়ী ৭৫ রানের জুটি।

ভোগান্তির ইনিংসে ৫১ বলে এক চারে ৩১ রান করেন হৃদয়।

ফেরার ম‍্যাচে চমৎকার ব‍্যাটিংয়ে পঞ্চাশ স্পর্শ করেন মোসাদ্দেক হোসেন, ৪৯ বলে। আগের ৩৫ ইনিংসে ওয়ানডেতে তাঁর ফিফটি ছিল মাত্র তিনটি, সর্বোচ্চ অপরাজিত ৫২ রান। ৪ বছর পর জাতীয় দলে ফিরে প্রথম ম্যাচেই তিনি ফিফটি পেলেন। 

মোসাদ্দেকের ফিফটি পাওয়ার পরের বলে এলবিডব্লু হয়েছেন মিরাজ, রিভিউ নিয়েও বাঁচতে পারেননি। ১২ বল খেলে মিরাজ করেন মাত্র ৩ রান।

মিরাজ ফিরলেও মোসাদ্দেক খেলেন দুর্দান্ত। শেষ দিকে জাম্পার ওপর চড়াও হন তিনি। লেগ স্পিনারের বলে রিভার্স সুইপে দুটি চার মারেন এই অলরাউন্ডার। মাঝে ওড়ান ছক্কায়। তার ওভার থেকে আসে ১৬ রান। শেষ পর্যন্ত মোসাদ্দেকের ব্যাটে চড়েই অজিদের সামনে চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। 

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ৫০ ওভারে ২৮৪/৮ (মোসাদ্দেক ৮৬*, নাজমুল ৬৭, তানজিদ ৫৪; এলিস ৩/৩৮, স্কট ২/৫৭, রেনশ ২/৩৫)।

(প্রথম ইনিংস শেষে)

নিউজজি/সিআর/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers