বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ , ২৭ সফর ১৪৪৮

খেলা
  >
ক্রিকেট

প্রত্যাবর্তনের গল্প রচনা করে পাকিস্তানকে হারাল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক ২১ জুন , ২০২৬, ১০:৩১:০৭

256
  • সংগৃহীত

জিততে পাকিস্তান নারী ক্রিকেট দলের প্রয়োজন ছিল ১২৪ রান। সে লক্ষে দলটি  উদ্বোধনী জুটিতেই ৪৯ রান তুলে ফেলে। স্বাভাবিকভাবেই ম্যাচ থেকে বেশ ছিটকেই পড়ে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় টিম টাইগ্রেস। দুই বাঁহাতি স্পিনার সানজিদা আক্তার মেঘলা ও নাহিদা আক্তাদের দারুণ বোলিংয়ে ছোট পুঁজিতেই প্রত্যাবর্তনের গল্প রচনা করে পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ ইতিহাস গড়ল বাংলাদেশের মেয়েরা।

সাউদাম্পটনে শনিবার পাকিস্তানকে ২৩ রানে হারায় বাংলাদেশ। এদিন টস জিতে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৩ রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন স্বর্ণা। জবাবে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০০ রান করে পাকিস্তান।

শনিবার আগে ব্যাট করতে নেমে ১২ ওভার শেষে বাংলাদেশের রান ছিল ৪ উইকেটে ৫৬। সাতে নেমে স্বর্ণা আক্তারের ২২ বলে ৩৯ রানের অপরাজিত ইনিংসে ১২৩ রানের পুঁজি তুলতে পারে তারা।

রান তাড়ায় ভালো শুরুর পর বাংলাদেশের স্পিনারদের আক্রমণে ভেঙে পড়ে পাকিস্তানের ব্যাটিং। শেষ পর্যন্ত পুরো ২০ ওভার খেলে তারা করতে পারে মোটে ১০০ রান।

তিনটি করে উইকেট নেন নাহিদা ও মেঘলা।

প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে হারানোর পর এই জয়, দেশের মাঠে ২০১৪ আসরের পর প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে এক আসরে একাধিক জয় পেল বাংলাদেশ।

কাজটা অবশ্য কঠিনই মনে হচ্ছিল ম্যাচের বেশির ভাগ সময়। ১২৪ রান তাড়া করতে নামা পাকিস্তান কোনো উইকেট না হারিয়েই তুলে ফেলেছিল ৩৯ রান। কিন্তু পরের কয়েক ওভারেই বদলে যায় সবকিছু। একের পর এক উইকেট নিয়ে পাকিস্তানকে চাপে ফেলে বাংলাদেশ। দুই ওপেনারকে ফিরিয়ে শুরুটা করেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। ১৮ বলে ২৩ রান করা গুল ফিরোজ তার বলে ক্যাচ তুলে দেন সোবহানা মোস্তারির হাতে। ৩০ বলে ২৫ রান করা মুনিবা আলীও আউট হন নাহিদার বলেই। তাঁর বিদায়ের পরও পাকিস্তানকে কিছুক্ষণ লড়াইয়ে রাখেন আয়েশা জাফর। ১২ বলে ১১ রান করে আয়েশা সানজিদা আক্তারের বলে বিদায় নেওয়ার পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাকিস্তান। ওই ওভারেই আরও এক উইকেট পান সানজিদা, এক ওভার পর আরও একটি। বাকিটা সময়ও বাংলাদেশের বোলারদের চাপ সামলাতে পারেননি।

প্রথম তিন ব্যাটসম্যানের বাইরে পাকিস্তানের আর একজনই দুই অঙ্কে নিতে পেরেছিলেন ব্যক্তিগত সংগ্রহ— ১৭ বলে ১০ রান আসে ফাতিমা সানার ব্যাট থেকে। পুরো ২০ ওভার খেললেও ৮ উইকেটে ১০০ রানে থামে পাকিস্তান নারী দল।

এরআগে টস জিতে ব্যাট করতে নেমে বাজে শুরু করে বাংলাদেশ।  ১৩ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে ফেলে তারা। সেখান থেকে সোবহানা মোস্তারি ও নিগার সুলতানার জুটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।

১৯ বলে ২২ রান করে সোবহানা আউট হলে নিগারের সঙ্গে তাঁর ২৯ বলে ৩৫ রানের জুটিটা ভেঙে যায়। তাঁর বিদায়ের পর দলের রান তোলার গতি কিছুটা কমে আসে। ৩৮ বলে ৩৬ রান করে অধিনায়ক নিগার আর ১৬ বলে ৭ রান করে আউট হয়ে যান রিতু মনি। তবু যে বাংলাদেশের রানটা ১২০ পেরোয়, তা আসলে স্বর্ণা আক্তারের কল্যাণে। দুর্দান্ত কিছু শট খেলা এই ব্যাটার ২২ বলে ৩৯ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। ওই রানগুলোই শেষ পর্যন্ত জয় এনে দিয়েছে বাংলাদেশের।

টুর্নামেন্টে তিন ম্যাচে দুই জয়ে বাংলাদেশের পয়েন্ট এখন চার। পরের ম্যাচে আগামী বৃহস্পতিবার ওল্ড ট্র্যাফোর্ডে প্রতিপক্ষ ভারত।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২০ ওভারে ১২৩/৬ (জুয়ায়রিয়া ৭, দিলারা ৬, শারমিন ০, নিগার ৩৬, সোবহানা ২২, রিতু ৭, স্বর্ণা ৩৯*, রাবেয়া ৪*; সাদিয়া ৪-০-২১-১, ফাতিমা ৪-১-১৮-২, তাসমিয়া ৪-০-৪০-১, নাশরা ৪-০-১৪-১, তুবা ৪-০-৩০-১ )।

পাকিস্তান: ২০ ওভারে ১০০/৮ (মুনিবা ২৫, গুল ২৩, আয়েশা ১১, ইরাম ৯, আলিয়া ০, ফাতিমা ১০, সাইরা ০, তুবা ১, নাশরা ৯*, তাসমিয়া ৭* ; মারুফা ৪-১-১৮-০, মেঘলা ৪-০-২১-৩, রাবেয়া ৪-১-১৭-১, রিতু ৪-০-২৪-১, নাহিদা ৪-০-১৮-৩)।

ফল: বাংলাদেশ ২৩ রানে জয়ী।

ম্যাচ সেরা: স্বর্ণা আক্তার।

 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers