বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ , ২৭ সফর ১৪৪৮

খেলা
  >
ক্রিকেট

দীর্ঘ ১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলবে বাংলাদেশ!

ক্রীড়া ডেস্ক ২২ জুন , ২০২৬, ১৯:৫৭:৩১

166
  • দীর্ঘ ১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলবে বাংলাদেশ!

আগামী বছরের মে মাসের শেষ দিকে অ্যাশেজ সিরিজের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট আয়োজন করতে চায় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এমনটাই জানিয়েছে, ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান ও দ্য টেলিগ্রাফ। যদি তেমন কিছু হয়, তাহলে ইংল্যান্ডের মাটিতে দীর্ঘ ১৭ বছর পর টেস্ট খেলার অপেক্ষায় অবসান হবে টাইগারদের।

 টেস্ট মর্যাদা পাওয়ার পর প্রথম দশ বছরে দুই দফায় ইংল্যান্ড সফর করেছিল বাংলাদেশ। ২০০৫ ও ২০১০ সালে দুটি করে টেস্ট খেললেও এরপর আর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলার সুযোগ পায়নি বাংলাদেশ। এমনকি আইসিসির ভবিষ্যৎ সফরসূচিতেও দীর্ঘদিন ছিল না কোনো ইংল্যান্ড সফর।

প্রস্তাবিত এই টেস্টের ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি। তবে ক্রিকেটের তীর্থস্থান খ্যাত লর্ডসেই ম্যাচটি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। যদিও বিষয়টি অনেকটাই নির্ভর করছে আগামী আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ভেন্যুর ওপর।

সম্প্রতি ইংল্যান্ড ও নিউ জিল্যান্ডের মধ্যকার টেস্টে লর্ডসের উইকেট তীব্র সমালোচনার মুখে পড়ে। অতিরিক্ত সিম মুভমেন্ট ও অসম বাউন্সের কারণে ম্যাচটি মাত্র ১৬৬ ওভারে শেষ হয়ে যায়। ১৪০ বছরের ইতিহাসে এটি ছিল লর্ডসে সবচেয়ে সংক্ষিপ্ত টেস্ট, যেখানে দুই দলের সব ইনিংসই অলআউট হয়েছিল। পরে আইসিসি উইকেটটিকে ‘অসন্তোষজনক’ঘোষণা করে একটি ডিমেরিট পয়েন্টও দেয়।

বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার সম্ভাব্য এই ম্যাচটি হলে চার মাসের মধ্যে দুই দলের তিনটি টেস্ট খেলা হয়ে যাবে। বর্তমান ভবিষ্যৎ সফরসূচি অনুযায়ী, আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে এসে দুটি টেস্ট খেলবে ইংল্যান্ড। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত সেই ম্যাচ দুটি মিরপুর ও সিলেটে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মূলত অ্যাশেজের আগে নিজেদের প্রস্তুতি আরও কার্যকর করতে শক্ত প্রতিপক্ষের বিপক্ষে একটি অতিরিক্ত টেস্ট খেলতে চাইছে ইংল্যান্ড। এর আগে পাকিস্তানের বিপক্ষে এমন একটি ম্যাচ আয়োজনের পরিকল্পনা থাকলেও সেটি বাস্তবায়িত হয়নি। ফলে বিকল্প হিসেবে বাংলাদেশের দিকে ঝুঁকেছে ইসিবি। ইংল্যান্ডের সম্প্রচার চুক্তি অনুযায়ী প্রতি গ্রীষ্মে ছয়টি হোম টেস্ট আয়োজন বাধ্যতামূলক হওয়ায় সূচির শুরুতে একটি অতিরিক্ত টেস্টের প্রয়োজনও রয়েছে তাদের।

আগামী বছর ইংল্যান্ডের ব্যস্ত সূচির মধ্যেই রয়েছে বাংলাদেশের বিপক্ষে সম্ভাব্য এই ম্যাচ। ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরের পর তারা অস্ট্রেলিয়ায় যাবে টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তি উপলক্ষ্যে বিশেষ টেস্ট খেলতে। এরপর মে মাসে বাংলাদেশের বিপক্ষে সম্ভাব্য টেস্ট এবং জুন-জুলাইয়ে পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজ।

নিউজজি/সিআর/নাসি  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers