বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ , ২৮ সফর ১৪৪৮

খেলা
  >
ক্রিকেট

জিম্বাবুয়ে সিরিজেও নেই লিটন, অধিনায়ক হৃদয়, ফিরলেন মোসাদ্দেক

চঞ্চল রহমান ১ জুলাই , ২০২৬, ২০:১০:০২

167
  • জিম্বাবুয়ে সিরিজেও নেই লিটন, অধিনায়ক হৃদয়, ফিরলেন মোসাদ্দেক

ঢাকা: অস্ট্রেলিয়ার বিপক্ষে চোটের কারণে সবশেষ টি-টোয়েন্টি সিরিজে পারেননি নিয়োমিত অধিনায়ক লিটন কুমার দাস। এবার জিম্বাবুয়ের বিপক্ষেও থাকছেন না তিনি। তবে এবার কারণটা ভিন্ন। লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) পুরো আসরে খেলার অনুমতি পেয়েছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক। তার বদলে আবার দলকে নেতৃত্ব দেবেন তাওহিদ হৃদয়।

এ দিকে জিম্বাবুয়েতে থাকছেন না তাসকিন আহমেদও। তিনিও খেলবেন এলপিএল। আর দল থেকে বাদ পড়েছেন শামীম হোসেন ও সৌম্য সরকার। ওয়ানডের পর টি-টোয়েন্টি দলেও ফিরেছেন মোসাদ্দেক হোসেন। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই সংস্করণে ফিরলেন এই অলরাউন্ডার। ওই বিশ্বকাপের পর দলে ফিরলেন ইয়াসির আলি চৌধুরীও।

ইয়াসির গত বিপিএলে ৪ ইনিংস ব্যাট করে রান করেছিলেন মোট ৫১, স্ট্রাইক রেট ছিল মোটে ৯৮.০৭। এর আগের বিপিএলে বরং তার পারফরম্যান্স বেশ ভালো ছিল। সেবার ১৫৩.৪২ স্ট্রাইক রেটে করেছিলেন ৩৩৬ রান। গত জাতীয় লিগ টি-টোয়েন্টিতে অবশ্য বেশ ভালো পারফর্ম করেছিলেন তিনি। ৬৫.৬৬ গড় ও ১৩৯.৭১ স্ট্রাইক রেটে করেছিলেন ১৯৭ রান।

জাতীয় লিগ টি-টোয়েন্টিতে মোসাদ্দেক ৫৮.৬৬ গড় ও ১৬০ স্ট্রাইক রেটে করেছিলেন ১৭৬ রান। ওভারপ্রতি ৭.৩৫ রান দিয়ে উইকেট নিয়েছিলেন ৬টি। তবে বিপিএলে তার পারফরম্যান্স বরাবরই নাজুক। গত বিপিএলে তো খেলার সুযোগই পাননি শৃঙ্খলাজনিত কারণে সন্দেহের তালিকায় থাকার। এর আগের বিপিএলে ৫ ইনিংসে করেছিলেন মাত্র ৩৬ রান। উইকেট নিয়েছিলেন ওভারপ্রতি ৮.৩০ রান দিয়ে ৮টি।

প্রধান নির্বাচক হাবিবুল বাশার জানালেন, মূলত শামীম হোসেনের বাজে ফর্মই মোসাদ্দেকের ফেরার দুয়ার খুলে দিয়েছে। ইয়াসিরকেও ফেরানো হয়েছে পাঁচ-ছয়-সাত নম্বরে বড় শট খেলার জন্য।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে লিটনের পরিবর্তে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি সৌম্য। দুই ম্যাচ খেলে আউট হন ১৫ ও ১৭ রানে।

এছাড়াও ফিরেছেন মোহাম্মদ সাইফ উদ্দিন। তার বিরতি অবশ্য লম্বা সময়ের ছিল না। গত সিরিজে না থাকলেও আগের সিরিজে নিউ জিল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন এই পেস বোলিং অলরাউন্ডার। জিম্বাবুয়েতে তিন ম্যাচের সিরিজের ম্যাচগুলি আগামী ১৫, ১৭ ও ১৯ জুলাই বুলাওয়ায়োতে।

 

বাংলাদেশ টি-টোয়েন্টি দল:

তাওহিদ হৃদয় (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, সাইফ হাসান, মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলি চৌধুরি, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, আব্দুল গাফফার সাকলাইন, মোহাম্মদ সাইফ উদ্দিন।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers