বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ , ৫ রবিউল আউয়াল ১৪৪৮

খেলা
  >
ক্রিকেট

টেস্টের পর ওয়ানডে সিরিজও হাতছাড়া বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক ১০ জুলাই , ২০২৬, ১২:০১:০৫

147
  • সংগৃহীত

ঢাকা: জিম্বাবুয়ের সফরের শুরু থেকেই যেন উল্টো পথে হাঁটছে বাংলাদেশ ক্রিকেট। স্বাগতিকদের বিপক্ষে এক ম্যাচের টেস্ট সিরিজে ইনিংস ব্যবধানে হারের পর ওয়ানডে ভাল কিছুর স্বপ্ন দেখেছিল টিম টাইগার্স। কিন্তু সিরিজের প্রথম ওয়ানডেতে হেরে তাতে লাগে বড় ধাক্কা। যা কাটিয়ে উঠবে কি দ্বিতীয় ম্যাচেও মেহেদী হাসান মিরাজদের একই পরিণতি ভোগ করতে হল। যে কারনে এক ম্যাচ আগেই ওয়ানডে সিরিজও হাতছাড়া হয়ে গেল সফরকারীদের।

বৃহস্পতিবার হারারের হারারে স্পোর্টস ক্লাবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশকে ১৩ রানে হারিয়েছে স্বাগতিকরা। ২৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪৮.১ ওভারে ২৩৪ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।

হৃদয় ৯০ বলে ৬০ এবং তানজিদ ৭০ বলে ৫৭ রানের ইনিংস খেলেন। উইকেটকিপার নুরুল হাসান সোহানও ৩৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস উপহার দেন। তবে অধিনায়ক রিচার্ড এনগারাভার বলে সোহান আউট হওয়ার পরই ম্যাচের মোড় ঘুরে যায়। শেষ চার উইকেট মাত্র ১৫ রানের ব্যবধানে হারিয়ে হারের বৃত্তেই আটকে যায় টাইগাররা।

সাত নম্বরে নেমে মেহেদী হাসান মিরাজ ২৭ রান করলেও শেষ দিকে এনগারাভার শিকার হন। তিন উইকেট নেওয়া এই পেসারের দারুণ বোলিংয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় জিম্বাবুয়ে। ২০২২ সালের পর টানা দ্বিতীয়বার বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল আফ্রিকার দলটি।

শেষ দুই ওভারে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৪ রান, মাঠে তখন শেষ উইকেট জুটি। ৪৯তম ওভারের প্রথম বলে স্ট্রাইক পেয়েই বড় শট খেলতে চেয়েছিলেন মেহেদি হাসান মিরাজ। তবে ভালো টাইমিং না হওয়ায় ডিপ স্কয়ার লেগে ধরা পড়েন তিনি। তাতে ১৩ রানে হারে বাংলাদেশ। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল জিম্বাবুয়ে।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে বাংলাদেশ। ইনিংসের তৃতীয় ওভারেই প্রথম ধাক্কা খায় দলটি। ব্লেসিং মুজারাবানির বাউন্স সামলাতে গিয়ে ব্যাটের কানায় বল লাগান সৌম্য সরকার। স্লিপে সহজ ক্যাচ নেন ফিল্ডার। ১০ বলে ৫ রান করে ফেরেন এই বাঁহাতি ওপেনার। সৌম্যর বিদায়ের পর নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসান কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন। তবে সেটিও বেশিক্ষণ স্থায়ী হয়নি। বল হাতে প্রথম ওভারেই সাফল্য পান ক্রেইগ আরভিন। তার বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন শান্ত। ১৬ বলে ৯ রান করেন তিনি। এরপর ব্যাট হাতে দায়িত্ব তুলে নেন তানজিদ। জিম্বাবুয়ের বোলারদের ওপর চাপ তৈরি করে তুলে নেন ফিফটি। এরপর ৭০ বলে ৫৭ রান করা তানজিদ স্লগ সুইপ খেলতে গিয়ে বোল্ড হন। তার বিদায়ে ভাঙে ৮৪ রানের গুরুত্বপূর্ণ জুটি।

তানজিদের আউটের পর বাংলাদেশের আশা টিকিয়ে রাখার চেষ্টা করেন তাওহীদ হৃদয় ও নুরুল হাসান সোহান। ৯০ বলে ৬০ রান করা হৃদয় ফেরেন দ্রুত রান তোলার চেষ্টায়। এরপর সাজঘরে ফেরেন মোসাদ্দেক হোসেনও। রিচার্ড এনগারাভার বলে মিড-অনে ব্লেসিং মুজারাবানির হাতে ক্যাচ দেন তিনি। ৭ রান করে বিদায় নেন এই অলরাউন্ডার।

একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যাচ্ছিলেন নুরুল হাসান সোহান। তবে তার ইনিংসও বেশিদূর এগোয়নি। এনগারাভার শর্ট বল ফাইন লেগের ওপর দিয়ে খেলতে গিয়ে বদলি ফিল্ডার রায়ান বার্লের হাতে ধরা পড়েন তিনি। ৪১ বলে ৬ চারে ৩৮ রান করে ফেরেন সোহান।

শেষ দিকে মেহেদী হাসান মিরাজ ৩৩ বলে ২৭ রান করে লড়াইয়ের চেষ্টা করলেও তা জয়ের জন্য যথেষ্ট হয়নি। নিয়মিত বিরতিতে উইকেট হারানো বাংলাদেশ শেষ পর্যন্ত লক্ষ্য ছুঁতে ব্যর্থ হয়। তানজিদের ফিফটি ও কয়েকটি ছোট জুটি আশা জাগালেও জিম্বাবুয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি টাইগাররা।

এর আগে ব্যাটিংয়ে জিম্বাবুয়ের শুরুটা মোটেও ভালো হয়নি। আজও নতুন বলে দুর্দান্ত ছিলেন তাসকিন আহমেদ। ডানহাতি এই পেসার ইনিংসের প্রথম ওভারেই ব্রায়ান বেনেটকে ফিরিয়ে দলকে ব্রেকথ্রু এনে দেন। তৃতীয় ওভারে ফিরে ইনোসেন্ট কাইয়াকেও ফিরিয়েছেন তাসকিন। কারানের সেঞ্চুরিতে বাংলাদেশকে চ্যালেঞ্জিং লক্ষ্য দেয় জিম্বাবুয়ে। যা তাড়া করতে নেমে আশা জাগিয়েও হারে টিম টাইগার্স।

প্রথম ওয়ানডেতেও ২৫ রানে হেরেছিল বাংলাদেশ। ফলে শনিবার একই ভেন্যুতে অনুষ্ঠিত হতে যাওয়া তৃতীয় ও শেষ ম্যাচটি এখন শুধুই নিয়মরক্ষার লড়াই।

নিউজজি/সিআর/এসডি

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers