রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ , ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

খেলা
  >
ক্রিকেট

বাংলাদেশ সফর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে দিল্লির অনুমতির অপেক্ষায় বিসিসিআই

ক্রীড়া ডেস্ক ১০ আগস্ট , ২০২৬, ১৪:৪৬:১৬

186
  • সংগৃহীত

ঢাকায় ভারতের প্রস্তাবিত ক্রিকেট সফর নিয়ে এখন নয়াদিল্লির দিকে তাকিয়ে আছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। বাংলাদেশ সফরে দল পাঠানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে ভারত সরকারের সঙ্গে আলোচনা করতে যাচ্ছে দেশটির ক্রিকেট বোর্ড। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-র প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সূচি অনুযায়ী, ভারতীয় দলের বাংলাদেশ সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে। সফরটি সেপ্টেম্বর ২০২৬-এর জন্য নির্ধারিত। ২০২৫ সালের আগস্টে হওয়ার কথা থাকলেও দুই বোর্ডের পারস্পরিক সম্মতিতে সিরিজটি পিছিয়ে দেওয়া হয়েছিল। বিসিসিআইয়ের আনুষ্ঠানিক ঘোষণাতেও ছয় ম্যাচের সিরিজটি সেপ্টেম্বর ২০২৬-এ আয়োজনের কথা জানানো হয়েছিল।

তবে ভারত-বাংলাদেশ ক্রিকেটীয় সম্পর্কে সাম্প্রতিক টানাপোড়েনের কারণে সফরটি নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্পর্কের বরফ গলতে শুরু করলেও সফর নিয়ে বিসিসিআই এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত নিশ্চয়তা দেয়নি। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডও বিসিসিআইয়ের সঙ্গে যোগাযোগ রেখে সিরিজটি এগিয়ে নেওয়ার চেষ্টা করছে।

সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, বিসিসিআই এককভাবে এই সফরের বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইছে না। ভারত সরকারের কাছ থেকে অনুমতি ও প্রয়োজনীয় দিকনির্দেশনা পাওয়ার পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হতে পারে।

এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিরিজটির প্রস্তুতি শুরু করেছে। ছয় ম্যাচের এই সফরকে সামনে রেখে সম্প্রতি সম্প্রচার স্বত্ব নিয়েও আগ্রহপত্র আহ্বান করেছে বিসিবি। ফলে ঢাকায় সিরিজ আয়োজনের প্রস্তুতি অনেকটাই এগিয়ে আছে।

এখন মূল অপেক্ষা বিসিসিআই ও ভারত সরকারের সিদ্ধান্তের। দিল্লির সবুজ সংকেত মিললে সেপ্টেম্বরের বাংলাদেশ সফর নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা অনেকটাই কাটতে পারে। আর সফরটি শেষ পর্যন্ত না হলে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কের সাম্প্রতিক উন্নয়নও নতুন পরীক্ষার মুখে পড়তে পারে।

 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers