রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ , ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

খেলা
  >
ক্রিকেট

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ার হাতছানি, সেরাটা দিতে প্রস্তুত তাসকিন

ক্রীড়া ডেস্ক ১১ আগস্ট , ২০২৬, ১১:১৩:৫৬

154
  • সংগৃহীত

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলার সুযোগ—বাংলাদেশ ক্রিকেটের জন্যই বড় এক চ্যালেঞ্জ। আর এমন ঐতিহাসিক সিরিজের অংশ হতে পেরে রোমাঞ্চিত পেসার তাসকিন আহমেদ। অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের ঘরের মাঠে প্রথমবারের মতো টেস্ট খেলতে নামার আগে নিজের উচ্ছ্বাসের পাশাপাশি দলকে সেরাটা দেওয়ার প্রত্যয় জানিয়েছেন তিনি।

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে। এরপর ২২ আগস্ট থেকে দ্বিতীয় টেস্ট। বিশ্বমানের অস্ট্রেলিয়া দলের বিপক্ষে তাদেরই কন্ডিশনে খেলাটা যে সহজ হবে না, সেটি ভালোভাবেই জানেন তাসকিন। তবে কঠিন চ্যালেঞ্জই বরং বাংলাদেশ দলকে নিজেদের সামর্থ্য প্রমাণের সুযোগ করে দেবে বলে মনে করছেন তিনি। তাসকিনের ভাষায়, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে এখানে আসতে পেরে সত্যি সম্মানিত বোধ করছি। অস্ট্রেলিয়া বিশ্বের অন্যতম সেরা দল, তা নিয়ে কোনো সন্দেহ নেই।’

সিরিজের আগে প্রস্তুতি ম্যাচে অবশ্য বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে ইনিংস ব্যবধানে হারের ম্যাচে দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৪ রানে অলআউট হয় বাংলাদেশ। তবে ওই ম্যাচের ফলকে মূল সিরিজের আগে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার প্রস্তুতি হিসেবেই দেখছেন তাসকিন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সাম্প্রতিক সাফল্যও বাংলাদেশকে আত্মবিশ্বাস জোগাচ্ছে। গত জুনে দেশের মাটিতে ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। তবে টেস্ট ক্রিকেটের বাস্তবতা এবং অস্ট্রেলিয়ার মাটির কন্ডিশন যে সম্পূর্ণ ভিন্ন, সেটিও মাথায় রাখছেন তাসকিন, ‘তাদের মাটিতে ও তাদের বিপক্ষে টেস্ট ক্রিকেট খেলা আমাদের সব ক্রিকেটারের জন্য অত্যন্ত গর্বের মুহূর্ত। আমাদের জন্য সিরিজটা নিশ্চিতভাবেই সহজ হবে না, তবে আমরা নিজেদের সেরাটা দিতে আশাবাদী।’

১৩ আগস্ট ডারউইনে প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া, ২২ আগস্ট ম্যাকাইতে হবে দ্বিতীয় টেস্ট। এই দুই ম্যাচে বাংলাদেশের কাজটা কতটা কঠিন হবে, তা কিছুটা টের পাওয়া গেছে প্রস্তুতি ম্যাচেই। দ্বিতীয় ইনিংসে ৫৪ রানে অলআউট হয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের কাছে তারা ম্যাচ হেরেছে ইনিংস ব্যবধানে।

তবে আপাতত সেই ধাক্কা ভুলে সামনের দিকে তাকাচ্ছেন তাসকিন, ‘হেরে যাওয়ার অনুভূতিটা অবশ্যই সুখকর ছিল না। তবে ক্রিকেটে এমনটা হতেই পারে। আমরা এখনো এখানকার কন্ডিশন ও উইকেটের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। ম্যাচটা হেরে গেলেও ভালো একটা প্রস্তুতি হয়েছে।’

বিশেষ করে ডারউইনের পেস ও বাউন্সি কন্ডিশনে বাংলাদেশের পেস আক্রমণের ওপর থাকবে বাড়তি দায়িত্ব। সেই দায়িত্ব সামলাতে প্রস্তুত তাসকিন। তার লক্ষ্য একটাই—ব্যক্তিগত ও দলীয়ভাবে নিজেদের সর্বোচ্চটা দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্মরণীয় কিছু করা।

বাংলাদেশের জন্য সিরিজটি শুধু আরেকটি টেস্ট সিরিজ নয়; অস্ট্রেলিয়ার মাটিতে লাল বলের ক্রিকেটে নিজেদের সামর্থ্য দেখানোর বড় সুযোগ। আর সেই মঞ্চে তাসকিনের গতি, আগ্রাসন ও অভিজ্ঞতা বাংলাদেশের অন্যতম বড় অস্ত্র হতে পারে।

 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers