শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ , ২২ রবিউল আউয়াল ১৪৪৮

খেলা
  >
ক্রিকেট

৬ উইকেট নিয়ে হাসানের ইতিহাস, ১৯৮ রানে অলআউট অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক ১৩ আগস্ট , ২০২৬, ১২:২১:১৬

153
  • সংগৃহীত

প্রথম সেশনের শুরু থেকেই নতুন বলে রীতিমতো আগুন ছোটান হাসান মাহমুদ। তার আগুনে পুড়ে ছারখার হতে থাকে অস্ট্রেলিয়ার ব্যাটাররা। এ পেসার লাঞ্চের পরও নিজের জাত চেনান। শেষ পর্যন্ত স্টিভেন স্মিথকে ফিরিয়ে তিনি তুলে নেন ৫ উইকেট। এরপর স্বাগতিকদের শেষ উইকেটটিও তুলে নেন এ পেসার। তার ইতিহাস গড়ার দিনে ডারউইনের মারারা স্টেডিয়ামে প্রথম টেস্টের প্রথম ইনিংসে অজিরা গুটিয়ে গেছে ১৯৮ রানে। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৭১ রান করেছেন স্টিভেন স্মিথ।

হাসান মাহমুদ করেন ক্যারিয়ারসেরা বোলিং। ৫৫ রানে ৬ উইকেট নিয়েছেন তিনি। টেস্টে এটি বাংলাদেশের পেসারদের তৃতীয়সেরা বোলিং। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন তাসকিন আহমেদ ও ইবাদত হোসেন। দুটি করে উইকেট নিয়েছেন তাসকিন–ইবাদত। টেস্টে দ্বিতীয়বারের মতো এক ইনিংসে ১০ উইকেট নিয়েছেন বাংলাদেশের পেসাররা।

এর আগে ২০২৪ সালে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে এক ইনিংংসে ১০ উইকেট নিয়েছিলেন পেসাররা। সেই ইনিংসেও ৫ উইকেট পেয়েছিলেন হাসান। এদিকে ভারত ও পাকিস্তানে ৫ উইকেট পেয়েছেন হাসান। ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটেও ৫ উইকেট আছে হাসানের।

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে এটাই প্রথম টেস্ট খেলছে বাংলাদেশ দল। ২০০৩ সালে অস্ট্রেলিয়া সফরে গিয়ে দুই টেস্টেই ইনিংস ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। তবে এবারের শুরুটা দারুণ হয়েছে টাইগারদের।

বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে হাসানের উইকেট উল্লাসের শুরুটা হয়েছিল ১২ তম ওভারের চতুর্থ বলে। সে সময় ওয়েদারাল্ডকে উইকেটে পেছনে লিটনের ক্যাচে পরিণত করে ফেরেন তিনি। ২৩ রান করে এই ওপেনার ফিরলে ভাঙে ৪৫ রানের উদ্বোধনী জুটি।

এরপর হেডকেও শিকার করেন তিনি। ১৪ তম ওভারে চতুর্থ বলে গুড লেংথ থেকে ইন সুইং করা বল ব্যাটের ভেতরের দিকের কানায় লেগে স্টাম্পে আঘাত হানে। ফেরার আগে হেড করেন ২২ রান।

এদিকে ১৭তম ওভারে এবাদত হোসেনের বলে স্লিপে সহজ ক্যাচ দিয়েছিলেন স্টিভেন স্মিথ। তৃতীয় স্লিপে দাঁড়িয়ে থাকা তানজিদ তামিম সেটা রাখতে পারেননি। জায়গায় দাঁড়িয়েও বল হাতে জমাতে না পারায় মাথায় হাত দেয় পুরো বাংলাদেশ! তবে নিজের প্রথম শিকার ধরতে খুব একটা অপেক্ষা করতে হয়নি এবাদতকে। ফিরতি ওভারেই মার্নাস ল্যাবুশেনকে ফেরান এই পেসার।

১৯তম ওভারের দ্বিতীয় বলটি অফ স্টাম্পের সামান্য বাইরে গুড লেংথে করেছিলেন এবাদত। সেখানে জায়গায় দাঁড়িয়ে খেলতে গিয়ে আউট সাইড এজে বল যায় দ্বিতীয় স্লিপে। সেখানে দাঁড়িয়ে থাকা নাজমুল হোসেন শান্ত আর কোনো ভুল করেননি। ২০ বল খেলে মাত্র এক রান করতে পেরেছেন ল্যাবুশেন।

দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পড়া অজিদের উদ্ধার করতে কাউন্টার অ্যাটাক বেছে নেন ক্যামেরুন গ্রিন। তাসকিনের করা ২২তম ওভারের প্রথম বলেই ডিপ স্কয়ার লেগের উপর দিয়ে ছক্কা হাঁকান তিনি। তবে তার আক্রমণাত্মক মনোভাবের সুযোগ নিতে ফাঁদ পাতে বাংলাদেশ। আর তাতেই পা দেন এই অজি ব্যাটার। ওভারের শেষ বলটি গুড লেংথে করেছিলেন তাসকিন। সেখানে অন সাইডে খেলতে গিয়ে শর্ট মিড উইকেটে মুশফিকের হাতে ধরা পড়েন গ্রিন। সাজঘরে ফেরার আগে ১৩ বলে ১৩ রান করেন তিনি। তাতে ৪ উইকেট হারিয়ে ৭৪ রান তুলে লাঞ্চ বিরতিতে যায় অজিরা।

লাঞ্চের পর বাংলাদেশি পেসারদের সাবলীল ভাবেই খেলছিলেন স্টিভেন স্মিথ ও অ্যালেক্স ক্যারি। এই সময়ে দ্রুত রানও তুলছিলেন এই দুই অভিজ্ঞ ব্যাটার। তাতে বড় জুটি গড়ার পথে হাঁটছিল অজিরা। ভয়ঙ্কর হতে যাওয়া সেই জুটি ভেঙেছেন এবাদত হোসেন। ৩৭তম ওভারে ক্যারিকে তুলে নেন তিনি। ১৯ রান করে ক্যারি ফেরায় ভাঙে ৫৫ রানের পঞ্চম উইকেট জুটি।

এদিকে বো ওয়েবস্টারকে বেশিক্ষণ টিকতে দেননি তাসকিন আহমেদ। ৩৯তম ওভারের তৃতীয় বলে ১০ বলে ১২ রান করা ওয়েবস্টারকে সরাসরি বোল্ড করেন এই পেসার। এরপর প্যাট কামিন্স ও মিচেল স্টার্ককেও দ্রুত ফেরায় বাংলাদেশ। দুজনের কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। যে কারনে চা বিরতির আগেই ৮ উইকেট হারায় অজিরা।

চা বিরতির পর চমৎকার বোলিং করে যাওয়া হাসান ভাঙলেন স্টিভেন স্মিথের প্রতিরোধ। ৫১ তম ওভারের পঞ্চম বলে তাকে এগিয়ে এসে মারার চেষ্টা করে ক্যাচ তুলে আউট হন স্মিথ। ৭১ রানে ফিরেন তিনি। এর সঙ্গে ৫ উইকেট পেয়ে যান হাসান। বাংলাদেশের পেসারদের মধ্যে প্রতিপক্ষের মাটিতে টেস্টে সর্বোচ্চ তিনবার ৫ উইকেট নিলেন হাসান। দুর্দান্ত বোলিং করছেন।

৫ উইকেট নিয়েও থেমে যাননি হাসান। দারুণ বোলিংয়ের পুরস্কার তিনি পেয়ে যান আরও একটি উইকেট নিয়ে। হাসানের শর্ট ডেলিভারিতে ঠিকঠাক পুল করতে পারেননি ন‍্যাথান লায়ন। ব‍্যাটের কানায় লেগে সহজ ক‍্যাচ যায় মিডউইকেটে, তানজিদ হাসানের হাতে। ১৩ বলে এক চারে ৭ রান করেন লায়ন। ৪ রানে অপরাজিত থাকেন হেইজেলউড।

৫৫ রানে ৬ উইকেট নেন হাসান। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে এটা বাংলাদেশের কোনো বোলারের সেরা বোলিং।

 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers