বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ , ১ জুমাদাউস সানি ১৪৪৮

খেলা
  >
ক্রিকেট

ব্রোঞ্জের মঞ্চেও ব্যর্থ বাংলাদেশ, শ্রীলঙ্কার কাছে বড় হার

ক্রীড়া ডেস্ক ৩ অক্টোবর , ২০২৬, ১১:২৭:৫৮

269
  • ছবি : সংগৃহীত

এশিয়ান গেমসে সোনার লড়াই থেকে ছিটকে যাওয়ার পর অন্তত ব্রোঞ্জ জয়ের আশা ছিল বাংলাদেশের। কিন্তু সেই শেষ সুযোগটাও কাজে লাগাতে পারল না লিটন দাসের দল। শ্রীলঙ্কার কাছে ৬৩ রানের বড় ব্যবধানে হেরে পদকশূন্য হাতেই ফিরতে হলো বাংলাদেশকে।

শনিবার জাপানের নিশিনে কোরোগি স্পোর্টস পার্কে ব্রোঞ্জ পদকের ম্যাচে টস জিতে আগে ব্যাট করে শ্রীলঙ্কা। শুরুটা অবশ্য মোটেও ভালো ছিল না তাদের। মাত্র ২৪ রানেই হারিয়ে ফেলে ৪ উইকেট। তখন মনে হচ্ছিল, সেমিফাইনালে ভারতের কাছে ১২৪ রানে হারের পর ব্রোঞ্জের ম্যাচেও চাপে থাকবে শ্রীলঙ্কা।

কিন্তু সেখান থেকেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন থারিন্দু রত্নায়েকে। নিচের দিকে নেমে বাংলাদেশের বোলারদের ওপর পাল্টা আক্রমণ চালিয়ে মাত্র ৩২ বলে ৬৫ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। তাঁর ইনিংসে ছিল ৭টি চার ও ৫টি ছক্কা। অধিনায়ক সাহান আরাচ্চিগে করেন ৩৩ রান। দুজনের ব্যাটে ভর করে বিপর্যয় সামলে ২০ ওভারে ৯ উইকেটে ১৬৫ রান তোলে শ্রীলঙ্কা।

বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৬৬ রান। কিন্তু রান তাড়ায় শুরু থেকেই চাপে পড়ে যায় দলটি। ইনিংসের শুরুতেই নুয়ান থুশারার বলে গোল্ডেন ডাক হয়ে ফেরেন সাইফ হাসান। তানজিদ হাসানও দ্রুতই তার পথ ধরেন। এরপর একের পর এক উইকেট হারাতে থাকে বাংলাদেশ। মাত্র ১৮ রানেই চার উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর আর সুযোগ পায়নি দল। নাসুম আহমেদ ২৬ ও ইয়াসির আলী ২১ রান করে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। কিন্তু নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যায় বাংলাদেশ।

শেষ পর্যন্ত ১৭.৩ ওভারে মাত্র ১০২ রানে অলআউট হয় বাংলাদেশ। শ্রীলঙ্কার হয়ে ওয়ানুজা সাহান, থারিন্দু রত্নায়েকে, বিজয়কান্ত ভিয়াসকান্ত ও নুয়ান থুশারা দুটি করে উইকেট নেন। ফলে ৬৩ রানের জয় নিয়ে এশিয়ান গেমস ক্রিকেটে ব্রোঞ্জ পদক নিশ্চিত করে শ্রীলঙ্কা।

বাংলাদেশের জন্য এ হারটি তাই হতাশার। টুর্নামেন্টের শুরুতে বৃষ্টির কারণে কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামতে পারেনি দল। র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় সরাসরি সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। সেখানে পাকিস্তানের বিপক্ষে বৃষ্টি-বিঘ্নিত ম্যাচে ৬ উইকেটে হারের পর ব্রোঞ্জের লড়াইটাই হয়ে উঠেছিল শেষ সুযোগ।

কিন্তু সেই সুযোগও হাতছাড়া হলো। শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিং ব্যর্থতায় শেষ পর্যন্ত এশিয়ান গেমসের ক্রিকেট থেকে কোনো পদক ছাড়াই ফিরতে হলো বাংলাদেশকে।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৬৫/৯ (রত্নায়েকে ৬৫, আরাচাগে ৩৩, বান্দারা ১৮; মেহেদী ২/১৯, সাইফ ২/২৮, মোস্তাফিজ ২/৪৩, রিশাদ ১/৪৬)

বাংলাদেশ: ১৭.৩ ওভারে ১০২ (নাসুম ২৬, ইয়াসির ২১, পারভেজ ২০, হৃদয় ১১, রিশাদ ১০; থুসারা ২/১৮. রত্নায়েকে ২/১৮, ভিয়াসকান্ত ২/২৬, সাহান ২/১৭)

ফল: শ্রীলঙ্কা ৬৩ রানে জয়ী।

 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers