বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ , ১ জুমাদাউস সানি ১৪৪৮

খেলা
  >
ক্রিকেট

জাতীয় দলের নতুন সহকারী কোচ দক্ষিণ আফ্রিকার মাকেতা

ক্রীড়া ডেস্ক ৩ অক্টোবর , ২০২৬, ১২:৪৭:২৩

247
  • ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং প্যানেলে যুক্ত হলেন দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ কোচ মালিবংওয়ে মাকেতা। দুই বছরের চুক্তিতে তাঁকে জাতীয় পুরুষ দলের সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাঁর চুক্তির মেয়াদ ২০২৬ সালের অক্টোবর থেকে ২০২৮ সালের নভেম্বর পর্যন্ত।

৪৬ বছর বয়সী মাকেতা এরই মধ্যে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে দীর্ঘ কোচিং ক্যারিয়ার গড়ে তুলেছেন। ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএসএ) লেভেল-৪ কোচিং সনদধারী এই কোচের ঘরোয়া, আন্তর্জাতিক ও হাই-পারফরম্যান্স ক্রিকেটে রয়েছে দুই দশকের বেশি অভিজ্ঞতা।

বাংলাদেশের নতুন সহকারী কোচ হিসেবে মাকেতার নিয়োগের সবচেয়ে উল্লেখযোগ্য দিক তাঁর আন্তর্জাতিক অভিজ্ঞতা। ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের সহকারী কোচ ছিলেন তিনি। ২০১৯ সালের ইংল্যান্ড বিশ্বকাপেও প্রোটিয়াদের কোচিং স্টাফের সদস্য হিসেবে কাজ করেছেন।

সেই সময়ে দক্ষিণ আফ্রিকার অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ জয় এবং শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ জয়ের কোচিং সেটআপের অংশ ছিলেন মাকেতা। ফলে আন্তর্জাতিক ক্রিকেটের চাপ ও বড় মঞ্চের প্রস্তুতি সম্পর্কে তাঁর সরাসরি অভিজ্ঞতা রয়েছে।

শুধু জাতীয় দল নয়, দক্ষিণ আফ্রিকার ভবিষ্যৎ ক্রিকেটার তৈরিতেও দীর্ঘদিন কাজ করেছেন মাকেতা। তিনি দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল, অনূর্ধ্ব-১৯ দল ও জাতীয় একাডেমির প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল ও জাতীয় একাডেমির সঙ্গে কাজ করেছেন তিনি।

তাঁর অধীনে দক্ষিণ আফ্রিকা এমার্জিং ২০২৩-২৪ মৌসুমে সিএসএ ওয়ানডে কাপের ডিভিশন-২ শিরোপা জেতে। এর আগে তাঁর কোচিংয়ে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালেও উঠেছিল।

মাকেতাকে নিয়োগ দেওয়া হয়েছে মোহাম্মদ সালাহউদ্দীনের জায়গায়। সম্প্রতি বিসিবির হাই পারফরম্যান্স ইউনিটের দায়িত্ব পাওয়ায় জাতীয় দলের সহকারী কোচের পদটি শূন্য হয়। সেই জায়গাতেই এবার দক্ষিণ আফ্রিকার মাকেতাকে বেছে নিয়েছে বিসিবি।

নতুন দায়িত্ব পেয়ে মাকেতা বলেছেন, বাংলাদেশের জাতীয় দলের সহকারী কোচ হতে পেরে তিনি আনন্দিত এবং বিসিবির আস্থার জন্য কৃতজ্ঞ। প্রধান কোচ ফিল সিমন্স ও কোচিং স্টাফের সঙ্গে কাজ করে তরুণ ক্রিকেটারদের সেরাটা বের করে আনতে চান তিনি।

মাকেতার প্রথম কাজ অবশ্য খুব বেশি দূরে নয়। সংযুক্ত আরব আমিরাতে থাকা বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন তিনি। সামনে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট এবং এরপর আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ রয়েছে।

এরপর বাংলাদেশের সামনে রয়েছে দক্ষিণ আফ্রিকা সফর এবং ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ। ফলে প্রোটিয়াদের ক্রিকেট কাঠামো সম্পর্কে মাকেতার অভিজ্ঞতা বাংলাদেশের কোচিং সেটআপে কীভাবে কাজে লাগে, সেদিকেই এখন নজর থাকবে।

 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers