বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ , ১ জুমাদাউস সানি ১৪৪৮

খেলা
  >
ক্রিকেট

পাকিস্তান ক্রিকেটে আবারও নেতৃত্বের পালাবদল টি-টোয়েন্টিতে নতুন নেতা ফারহান

‎ক্রীড়া ডেস্ক ৬ অক্টোবর , ২০২৬, ১০:২৬:২২

239
  • ছবি : সংগৃহীত

‎পাকিস্তান ক্রিকেটে নেতৃত্বের অস্থিরতা যেন থামছেই না। মাত্র আড়াই বছরের মধ্যে টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে চতুর্থবার পরিবর্তন আনল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সালমান আলী আগার কাছ থেকে নেতৃত্বের ব্যাটন এবার তুলে দেওয়া হয়েছে সাহিবজাদা ফারহানের হাতে।

‎আগামী ৯ অক্টোবর থেকে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন ৩০ বছর বয়সী ফারহান। সিরিজের পরের দুই ম্যাচ হবে ১১ ও ১৩ অক্টোবর, রাওয়ালপিন্ডিতে।

‎বিশ্বকাপের মাত্র কয়েক মাস পরই পাকিস্তানের টি-টোয়েন্টি নেতৃত্বে এ পরিবর্তন এসেছে। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সালমান আলী আগার নেতৃত্বে খেলেছিল পাকিস্তান। তবে দল সুপার এইট থেকে বিদায় নেওয়ার পর নেতৃত্ব নিয়ে নতুন করে ভাবতে শুরু করে পিসিবি। আগাকে শুধু অধিনায়কত্ব থেকেই সরানো হয়নি, শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের ১৫ সদস্যের দল থেকেও বাদ দেওয়া হয়েছে।

‎ফারহানের জন্য অবশ্য জাতীয় দলের নেতৃত্ব একেবারে নতুন অভিজ্ঞতা নয়। সম্প্রতি জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমসে পাকিস্তানের টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। তাঁর নেতৃত্বে পাকিস্তান ফাইনালে উঠলেও চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে রুপা নিয়েই সন্তুষ্ট থাকতে হয়।

‎ব্যাট হাতে অবশ্য ২০২৬ সালটা ফারহানের জন্য দুর্দান্ত। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। সাত ম্যাচে করেন ৩৮৩ রান, গড় ৭৬.৬০ এবং স্ট্রাইক রেট ১৬০.২৫। এক আসরে সর্বোচ্চ রান করার রেকর্ড গড়ার পাশাপাশি দুটি সেঞ্চুরি করে অনন্য কীর্তিও গড়েন এই ডানহাতি ওপেনার।

‎এ কারণেই সম্ভবত ফারহানকে ঘিরে পাকিস্তানের টি-টোয়েন্টি ভবিষ্যৎ সাজানোর পরিকল্পনা করছে বোর্ড। সামনে ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপ। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় সেই আসরকে সামনে রেখে নতুন নেতৃত্ব ও নতুন কম্বিনেশন তৈরির ইঙ্গিত আগেই দিয়েছিলেন পাকিস্তানের নির্বাচকেরা।

‎ফারহানের নেতৃত্বে টি-টোয়েন্টি দলে বেশ কিছু পরিবর্তনেরও ইঙ্গিত মিলেছে। শ্রীলঙ্কা সিরিজের দলে নেই বাবর আজম ও শাহিন শাহ আফ্রিদি। তবে ফখর জামান, সাইম আইয়ুব, শাদাব খান, নাসিম শাহ ও হাসান নাওয়াজের মতো পরিচিত মুখরা রয়েছেন।

‎অন্যদিকে ওয়ানডে দলের নেতৃত্বে আপাতত কোনো পরিবর্তন নেই। শাহিন শাহ আফ্রিদিই ইংল্যান্ড ও শ্রীলঙ্কাকে নিয়ে অনুষ্ঠেয় ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন। অর্থাৎ পাকিস্তানের সাদা বলের ক্রিকেটে এখন দুই ফরম্যাটে দুই অধিনায়ক—ওয়ানডেতে শাহিন, টি-টোয়েন্টিতে ফারহান।

‎সব মিলিয়ে পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে শুরু হচ্ছে নতুন অধ্যায়। বারবার নেতৃত্ব বদলের বিতর্ক পেছনে ফেলে ফারহান এখন কতটা স্থিরতা আনতে পারেন, সেটিই দেখার। তবে তাঁর সাম্প্রতিক পারফরম্যান্স বলছে—ব্যাট হাতে যে আগুন তিনি দেখিয়েছেন, অধিনায়ক হিসেবেও সেই আগ্রাসন ধরে রাখাই হবে তাঁর সবচেয়ে বড় পরীক্ষা।

‎

‎নিউজজি/সিআর

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers