বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ , ১ জুমাদাউস সানি ১৪৪৮

খেলা
  >
ক্রিকেট

উড়ন্ত সূচনার পর ধস, ৩৪৬ রানেই থামল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক ১০ অক্টোবর , ২০২৬, ১৩:৩৪:০১

258
  • ছবি : সংগৃহীত

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দারুণ শুরু করেও ইনিংসকে প্রত্যাশিত উচ্চতায় নিতে পারেনি বাংলাদেশ। প্রথম দিনের উড়ন্ত শুরুর পর দ্বিতীয় দিনে একের পর এক উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ৩৪৬ রানে গুটিয়ে যায় টাইগারদের প্রথম ইনিংস। ফলে বড় সংগ্রহ গড়ার সুযোগ তৈরি করেও সেই সুযোগ পুরোপুরি কাজে লাগাতে পারেনি টিম টাইগার্স।

বাংলাদেশের ইনিংসের সবচেয়ে পজিটিভ দিক ছিল দুই ওপেনারের ব্যাটিং। টেস্টের মেজাজে না থেকে আক্রমণাত্মক ব্যাটিংয়ে আফগান বোলারদের চাপে ফেলেন তানজিদ হাসান তামিম। মাত্র ৭১ বলে ৮টি চার ও ৪টি ছক্কায় ৮৩ রান করেন তিনি। শাদমান ইসলামের সঙ্গে উদ্বোধনী জুটিতে যোগ করেন ১২৪ রান। তবে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও ইসমত আলমের বলে উইকেটরক্ষক ইকরাম আলিখিলের হাতে ক্যাচ দিয়ে ফিরতে হয় তানজিদকে।

সাদমানও শুরুতে দেখিয়েছেন ধৈর্য ও দায়িত্বশীলতার পরিচয়। ১১১ বলে ৬৭ রান করে দলকে শক্ত ভিত এনে দেন তিনি। দ্বিতীয় উইকেটে মুমিনুল হকের সঙ্গে তার জুটিতে যোগ হয় আরও ৬০ রান। মুমিনুলের ব্যাট থেকে আসে ৭০ বলে ৩৯ রান। কিন্তু এই জুটি ভাঙার পরই বাংলাদেশের ইনিংসে দেখা দেয় ছন্দপতন। আফগান পেসাররা শর্ট বলের কৌশল কাজে লাগিয়ে বাংলাদেশের ব্যাটারদের অস্বস্তিতে ফেলেন। মোহাম্মদ সেলিমের বলে শাদমান ফেরার পর ইয়ামিন আহমাদজাইয়ের আঘাতে দ্রুত বিদায় নেন মুমিনুল ও মুশফিকুর রহিম। মুশফিকের শূন্য রানের বিদায় বাংলাদেশের জন্য ছিল বড় ধাক্কা। অধিনায়ক নাজমুল হোসেন শান্তও ২৯ রানের বেশি করতে পারেননি; তাঁকে ফেরান লেগ স্পিনার কাইস আহমেদ।

মাঝের সারির বিপর্যয়ের মধ্যে বাংলাদেশের ইনিংস সামলানোর চেষ্টা করেন লিটন দাস। ৮৯ বলে ৫৩ রান করেন এই উইকেটরক্ষক ব্যাটার। তাঁর ইনিংসে ছিল চারটি চার। মেহেদী হাসান মিরাজের ব্যাট থেকে আসে ২৪ রান। কিন্তু বড় জুটি গড়ে ইনিংসকে চারশর দিকে নেওয়ার কাজটি করতে পারেনি বাংলাদেশ।

নাঈম হাসান ও তাইজুল ইসলামও শেষ দিকে কিছু রান যোগ করেন। তবু শেষ চার উইকেট হারিয়ে বাংলাদেশ ৩৪৬ রানেই থামে। ৯২.৩ ওভারে গুটিয়ে যায় প্রথম ইনিংস। আফগানিস্তানের হয়ে মোহাম্মদ সেলিম তিনটি, ইয়ামিন আহমাদজাই ও ইসমত আলম দুটি করে এবং কাইস আহমেদ একটি উইকেট নেন।

৩৪৬ রান টেস্ট ক্রিকেটে একেবারে খারাপ সংগ্রহ নয়। কিন্তু যেভাবে শুরু করেছিল বাংলাদেশ, তাতে চারশ বা তার বেশি রান করার সুযোগ ছিল। তানজিদের ঝোড়ো ব্যাটিং এবং শাদমানের স্থিরতা সেই সম্ভাবনা তৈরি করেছিল। পরবর্তী সময়ে ধারাবাহিক উইকেট হারানোয় সেই সুযোগ হাতছাড়া হয়। অন্যদিকে, আফগানিস্তানের বোলাররা প্রথম সেশনের পর নিজেদের পরিকল্পনায় সফল হন। বিশেষ করে শর্ট বলের ব্যবহার এবং গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নেওয়া তাদের ম্যাচে ফেরায়। বাংলাদেশের বোলারদের সামনে এখন চ্যালেঞ্জ—আফগানিস্তানের ব্যাটিংকে দ্রুত চাপে ফেলে প্রথম ইনিংসের সংগ্রহকে কার্যকর পুঁজিতে পরিণত করা।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ ১ম ইনিংস

৯২.৩ ওভারে ৩৪৬ (তানজিদ ৮৩, সাদমান ৬৭, লিটন ৫৩, মুমিনুল ৩৯, নাঈম ৩৫*, নাজমুল ২৯, মিরাজ ২৪; সেলিম ৪/৮২, ইয়ামিন ৩/৭৯, ইসমত ২/২০, কায়েস ১/৬০)।

 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers