শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ , ২৯ শাওয়াল ১৪৪৭

খেলা
  >
ফুটবল

ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষেই আর্জেন্টিনা, বাংলাদেশের উন্নতি

ক্রীড়া ডেস্ক ১৮ জুলাই , ২০২৪, ১৭:৫১:৩৩

320
  • ছবি: ইন্টারনেট

কোপা আমেরিকা জিতে সদ্যই ত্রিমুকুট জয়ের কীর্তি গড়েছে আর্জেন্টিনা। প্রত্যাশিতভাবে লিওনেল মেসির দলই আছে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে। দলটির রেটিং পয়েন্ট বেড়েছে ৪১.৩৪। কোপার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া ব্রাজিল এক ধাপ নিচে নেমে গেছে। গত এক মাস কোনো ম্যাচ না খেলেও উন্নতি হয়েছে বাংলাদেশের। এক ধাপ এগিয়ে জামাল ভূঁইয়ার দলের বর্তমান অবস্থান ১৮৪। আজ নিজেদের ওয়েবসাইটে সর্বশেষ এই র‍্যাঙ্কিং প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। পরবর্তী র‍্যাঙ্কিং প্রকাশ করা হবে আগামী ১৯ সেপ্টেম্বর।

র‍্যাঙ্কিংয়ে বেশ বড় লাফ দিয়েছে ইউরোজয়ী স্পেন। পাঁচ ধাপ এগিয়ে তিনে উঠে এসেছে স্প্যানিশরা। ইউরোর সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া ফ্রান্স দুইয়েই রয়েছে। কিলিয়ান এমবাপ্পের দলের পয়েন্ট ১৮৫৪.৯১। দলটির পয়েন্ট বেড়েছে ১০৫.৭৫।
 
সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি পয়েন্ট বেড়েছে স্প্যানিশদেরই। ইউরোর রানার্সআপ ইংল্যান্ড এক ধাপ এগিয়ে উঠে এসেছে চারে। ব্রাজিল নেমে গেছে পাঁচে।
 
কোপার ফাইনালে ওঠার পুরস্কারস্বরূপ নয়ে উঠে এসেছে কলম্বিয়া। হামেস রদ্রিগেজের দল দুই বছর পর শীর্ষ দশে উঠে এসেছে। শীর্ষ দশের বাকি চার দল বেলজিয়াম (৬), নেদারল্যান্ডস (৭), পর্তুগাল (৮) ও ইতালি (১০)। ইউরোর কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ায় দুই ধাপ অবনমন হয়েছে রোনালদোর পর্তুগালের।
 
আজ প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় চমক হয়ে এসেছে ভেনেজুয়েলা ও তুরস্ক। দুটি দলই কোপা ও ইউরোর কোয়ার্টার ফাইনালে উঠেছে। সেটারই ইতিবাচক প্রভাব পড়েছে র‍্যাঙ্কিংয়ে। ভেনেজুয়েলা ১৭ ধাপ এগিয়ে অবস্থান করছে ৩৭ নম্বরে, তুরস্ক ১৬ ধাপ এগিয়ে আছে ২৬ নম্বরে। এ ছাড়া চমক জাগিয়ে কোপার সেমিফাইনালে ওঠা কানাডা দুই বছর পর শীর্ষ ৪০–এ উঠে এসেছে।
 
এশিয়ার দলগুলোর মধ্যে শীর্ষে আছে জাপান। তারা আছে ১৮ নম্বরে। ১৪ নম্বরে থেকে আফ্রিকার দলগুলোর মধ্যে ওপরে আছে কাতার বিশ্বকাপের সেমিফাইনালে খেলা মরক্কো।
 
নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers