শুক্রবার, ১৫ মে ২০২৬, ৩২ বৈশাখ ১৪৩৩ , ২৮ জিলকদ ১৪৪৭

খেলা
  >
ফুটবল

অনিশ্চয়তা কাটল, নেপাল থেকে দেশে ফিরছে বাংলাদেশ দল

ক্রীড়া ডেস্ক ১১ সেপ্টেম্বর , ২০২৫, ১৪:৩৩:৪৫

343
  • ছবি: ইন্টারনেট

নেপালে অভ্যুত্থানের পর চলছে কারফিউ। রাস্তায় টহল দিচ্ছে সেনাবাহিনী। রীতিমতো রুদ্ধশ্বাস তিনটি দিন কেটেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। দেশে ফেরার অপেক্ষায় সবাই।  তবে অবশেষে তাদের সবার এ অনিশ্চয়তা কেটে যাচ্ছে। আজ বাংলাদেশ দল ও সাংবাদিকরা নেপাল থেকে ঢাকায় ফিরে আসছেন বাংলাদেশ বিমানবাহিনীর পাঠানো বিশেষ একটি বিমানে করে।

বাংলাদেশ দলের নেপাল সফর ছিল ২ ম্যাচের, তার প্রথমটা গোলশূন্য ড্র করে দল প্রস্তুতি নিচ্ছিল পরের ম্যাচের। এরপরই বদলে গেল পরিস্থিতি, নেপালের জেন-জি বিক্ষোভ চূড়ান্ত রূপ নিল। বাংলাদেশ-নেপালের দ্বিতীয় ম্যাচ হওয়ার কথা ছিল গত মঙ্গলবার, তবে সেটা বাতিল করতে হলো শেষমেশ। পরিস্থিতিটা যদি সেখানেই থেমে থাকত, তাহলে বাংলাদেশ দল এতক্ষণে ঢাকাতেই থাকত।

কিন্তু সেটা সেখানেই থেমে যায়নি। দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করতে বাধ্য হলেন। সঙ্গে সঙ্গে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরও বন্ধ করে দিতে হলো। সেদিনই বাংলাদেশ দলের ঢাকায় ফেরার কথা ছিল। বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ার ফলে জামালদের দেশে ফেরাও যায় আটকে। দুটো দিন এরপর কেটেছে উৎকণ্ঠায়।  অবশেষে কাল সন্ধ্যার দিকে অনিশ্চয়তা কাটতে শুরু করে। বিমানবাহিনীর একটি বিমানে দেশে ফিরবেন সবাই, এটা নিশ্চিত হয়। বাংলাদেশ দলকে নিয়ে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনের (আনফা) একটি বাস পুলিশ ও সেনাবাহিনীর প্রহরায় ঠিক পৌনে নয়টায় বিমানবন্দরে এসে পৌঁছায়। বিমানবাহিনীর বিশেষ ফ্লাইট স্থানীয় সময় ১১টা ৪৫ মিনিটে পৌঁছাবে বিমানবন্দরে।

ঢাকা থেকে বাংলাদেশ বিমানবাহিনী বিশেষ একটি ফ্লাইট পাঠাচ্ছে নেপালে। সেটি সেখানে পৌঁছে ইঞ্জিন বন্ধ করবে না, পৌঁছেই সবাইকে বিমানে তুলে রওয়ানা হবে দেশের উদ্দেশে।

সবাইকে আগে থেকেই নির্দেশনা দেওয়া ছিল, যেন ৯টার মধ্যে ইমিগ্রেশনের কাজ শেষ করে সেখানে প্রস্তুত থাকেন। বাংলাদেশ দল সে নির্দেশনা মেনে এখন বিমানের অপেক্ষায়।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers