শুক্রবার, ১৫ মে ২০২৬, ৩২ বৈশাখ ১৪৩৩ , ২৮ জিলকদ ১৪৪৭

খেলা
  >
ফুটবল

এমবাপের মাইলফলকের ম্যাচের ১০ জনের রিয়ালের জয়

ক্রীড়া ডেস্ক ১৭ সেপ্টেম্বর , ২০২৫, ০৯:১৭:২৩

325
  • ছবি: আল জাজিরা

চলতি মৌসুমের পরিসংখ্যানে চোখ রাখলে স্পষ্টই দেখা যায় কতটা দুর্দান্ত ছন্দে রয়েছেন কিলিয়ান এমবাপে। রিয়াল মাদ্রিদ ও ফ্রান্স জাতীয় দলের হয়ে ৭ ম্যাচে ৮ গোল, ২ অ্যাসিস্ট। মঙ্গলবারও উয়েফা চ্যাম্পিয়নস লিগ ম্যাচে দাপট দেখান তিনি। সান্তিয়াগো বার্নাব্যুতে তার জোড়া গোলে পিছিয়ে পড়েও অলিম্পিক মার্শেইকে ২–১ ব্যবধানে হারাল রিয়াল। স্বদেশি ক্লাবকে হতাশায় ডোবাতে ফরাসি তারকা দুটি গোলই করেছেন পেনাল্টি থেকে।

রিয়ালের জার্সিতে মঙ্গলবার রাতে এমবাপে দেখা পান ৫০তম গোলের। লস ব্লাঙ্কোসের হয়ে নিজেদের ৬৪ ম্যাচ খেলতে নেমে এই মাইলফলক স্পর্শ করলেন তিনি, যা ক্রিস্টিয়ানো রোনালদোর পর দ্রুততম। ২০১০ সালের নভেম্বর রোনালদো রিয়ালের হয়ে ৫০তম গোল করেছিলেন নিজের ৫৪তম ম্যাচে।

ঘরোয়া লিগে শতভাগ সাফল্যের আত্মবিশ্বাস নিয়ে এখানে মাঠে নেমে দ্বিতীয় মিনিটেই এগিয়ে যেতে পারতে রেয়াল। প্রতিপক্ষের ভুলে ছয় গজ বক্সের মুখে বল পেয়ে বাইসাইকেল কিক মারেন এমবাপে, বল দূরের পোস্ট দিয়ে বেরিয়ে যায়। শুরুর দিকে কোণঠাসা মার্শেই ২২তম মিনিটে লক্ষ্যে প্রথম শটেই এগিয়ে যায়। মাঝমাঠে ডিন হাউসেনের ছোট পাস ঠিকমতো নিয়ন্ত্রণে নিতে পারেননি আর্দা গিলের। বল কেড়ে নিয়ে দ্রুত আক্রমণে ওঠেন ম্যাসন গ্রিনউড। ডি-বক্সের মুখে গিয়ে তিনি পাস দেন ডান দিকে, আর বল ধরেই জোরাল শটে রেয়ালকে হতভম্ব করে দেন টিম ওয়েহ।

পিছিয়ে পড়ার ছয় মিনিটের মধ্যে সফল স্পট কিকে সমতা টানেন এমবাপে। ডি-বক্সে রদ্রিগো ফাউলের শিকার হলে পেনাল্টিটি পায় তারা। এদিকে বিরতির পর ৫০তম মিনিটে এমবাপের শটে বল প্রতিপক্ষের একজনের পায়ে লেগে রুলির ওপর দিয়ে গিয়ে ক্রসবারে লাগে।

এরপর ম্যাচের ৭২ মিনিটে নিজের তো বটেই; দলেরও সর্বনাশ ডেকে আনেন দানি কারভাহাল। মেজাজ হারিয়ে মার্শেইয়ের আর্জেন্টাইন গোলকিপার হেরোনিমো রুয়িকে মাথা দিয়ে সজোরে আঘাত করেন। রুয়ি সঙ্গে সঙ্গে মাঠে লুটিয়ে পড়লে রিয়াল অধিনায়ক কারভাহালকে লাল কার্ড দেখান বসনিয়ান রেফারি ইরফান পেলিতো।

১০ জনের দলে পরিণত হওয়ার পর রিয়াল বেশ চাপে পড়ে যায়। কিন্তু পেনাল্টির সুযোগ কাজে লাগিয়ে নিজের ও দলের দ্বিতীয় গোল করে রিয়াল সমর্থকদের আনন্দে ভাসান এমবাপে। অবশ্য এই পেনাল্টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কের ঝড় বইয়ে যাচ্ছে।

ম্যাচে ফিরতে শেষ দিকে কয়েকটি ভালো আক্রমণ করে মার্শেই। তবে আর কোনো বিপদ হতে দেয়নি টুর্নামেন্টের ১৫ বারের চ্যাম্পিয়নরা।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers