মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ , ২৫ জিলকদ ১৪৪৭

খেলা
  >
ফুটবল

ইংল্যান্ডে ফেরার উপলক্ষটা রাঙালেন র‍্যাশফোর্ড, জয়ে শুরু বার্সার

ক্রীড়া ডেস্ক ১৯ সেপ্টেম্বর , ২০২৫, ০৯:৪১:১৬

396
  • ছবি: ইন্টারনেট

গত জুলাইয়ে ম্যানচেস্টার ইউনাইটেড মার্কাস র‍্যাশফোর্ডকে ধারে পাঠায় বার্সেলোনায়। তারপর এই প্রথম ইংল্যান্ডে ফেরার উপলক্ষটা স্মরণীয় করে রাখলেন তিনি। বার্সেলোনার জার্সিতে প্রথমবার জালের দেখা পাওয়ার ম্যাচে দুর্দান্ত দুটি গোল করেন ইংলিশ তারকা। নিউক্যাসল ইউনাইটেডের মাঠে দারুণ জয়ে চ্যাম্পিয়নস লিগ অভিযান শুরু করল হান্সি ফ্লিকের দল।

বৃহস্পতিবার রাতে সেন্ট জেমস পার্কে  ২-১ গোলে জিতেছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। নিজের দুটি গোলই দ্বিতীয়ার্ধে ৯ মিনিটের মধ্যে করেন র‍্যাশফোর্ড। নির্ধারিত সময়ের শেষ মিনিটে ব্যবধান কমান অ্যান্টোনি গর্ডন।

আক্রমণ-পাল্টা আক্রমণ চলতে থাকে ম্যাচের শুরু থেকে। প্রথম সুযোগ নিউক্যাসল পায় নবম মিনিটে। হার্ভে বার্নসের শট ঠেকিয়ে দেন হোয়ান গার্সিয়া। ২৪তম মিনিটে বার্নসের আরেকটি শট দারুণ নৈপুণ্যে রুখে দেন বার্সেলোনার এই স্প্যানিশ গোলরক্ষক।

অষ্টাদশ মিনিটে রবের্ত লেভানদোভস্কির হেড ঠেকান গোলরক্ষক নিক পোপ। এছাড়া কয়েকটি হাফ-চান্স পেলেও কাজে লাগাতে পারেনি সফরকারীরা।

লক্ষ্যে নিজেদের দ্বিতীয় প্রচেষ্টায় ৫৮তম মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। জুল কুন্দের ক্রসে বক্সে চমৎকার হেডে বল জালে পাঠান র‍্যাশফোর্ড।

বার্সেলোনার জার্সিতে নিজের প্রথম গোল এই ইংলিশ ফরোয়ার্ড করলেন নিজ দেশের মাটিতে। গ্যালারিতে বসে তার গোল দেখলেন ইংল্যান্ড জাতীয় দলের কোচ টমাস টুখেল। ৬৭তম মিনিটে দর্শনীয় গোলে ব্যবধান বাড়ান গ্রীষ্মের দলবদলে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে বার্সেলোনায় যোগ দেওয়া র‍্যাশফোর্ড। প্রতিপক্ষের পা থেকে বল পেয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে জায়গা বানিয়ে বক্সের বাইরে থেকে ডান পায়ে জোরাল শট নেন ২৭ বছর বয়সী তারকা, বল দূরের পোস্টের ক্রসবারে লেগে জালে জড়ায়।

৯০তম মিনিটে ব্যবধান কমিয়ে নাটকীয় কিছুর আভাস দেন গর্ডন। কিন্তু যোগ করা সময়ের ৭ মিনিটে সমতাসূচক গোলটি আর পায়নি নিউক্যাসল। চ্যাম্পিয়নস লিগে প্রত্যাবর্তনটা ঘরের মাঠে হারে শুরু হলো প্রিমিয়ার লিগের ক্লাবটির।

সাত মিনিট যোগ করা সময়ের পঞ্চম মিনিটে গোল প্রায় পেয়েই যাচ্ছিলেন বার্সেলোনার দানি ওলমো। বক্সের বাইরে থেকে তার নিচু শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন গোলরক্ষক।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers