শুক্রবার, ১৫ মে ২০২৬, ৩২ বৈশাখ ১৪৩৩ , ২৮ জিলকদ ১৪৪৭

খেলা
  >
ফুটবল

স্কালোনির সিদ্ধান্তেই মাঠের বাইরে মেসি

ক্রীড়া ডেস্ক ১১ অক্টোবর , ২০২৫, ১২:৪২:৪৯

374
  • ছবি: ইন্টারনেট

আর্জেন্টিনা–ভেনেজুয়েলা প্রীতি ম্যাচ শেষ হয়েছে শনিবার বাংলাদেশ সময় সকালে।  জিওভানি লো সেলসোর গোলে ১–০ গোলে জিতেছে স্কালোনির দল। তবে এ ম্যাচে ছিলেন না লিওনেল মেসি। বক্সে বসে জীবনসঙ্গী আন্তোনেল্লা রোকুজ্জো ও সন্তানদের নিয়ে ম্যাচটি দেখেন ইন্টার মিয়ামি তারকা। কেন ছিলেন না তিনি। সেই প্রশ্নের উত্তর সংবাদ সম্মেলনে দিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তিনি বলেছেন,  ‘লিওনেল মেসি খেলবে না, সেই সিদ্ধান্তটা আমার।’

এ ম্যাচের আগে আর্জেন্টাইন সংবাদমাধ্যম জানিয়েছিল, মেসিকে একাদশে না–ও দেখা যেতে পারে। বদলি হয়ে নামার সম্ভাবনাই বেশি। কারণটাও তারা জানিয়ে দেয়—গত ২৭ দিনে ইন্টার মিয়ামির হয়ে ৭ ম্যাচ খেলেছেন মেসি। প্রতিযোগিতামূলক ম্যাচ তো আর নয়, প্রীতি ম্যাচ—আর্জেন্টিনা টিম ম্যানেজমেন্ট তাই মেসিকে বিশ্রাম দেওয়াই যৌক্তিক মনে করেছে।

 ভেনেজুয়েলার মুখোমুখি হওয়ার আগে স্কালোনি জানিয়েছিলেন, ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতিতে তিনি এসব প্রীতি ম্যাচে পরীক্ষা–নিরীক্ষা করতে চান, খেলোয়াড়দের আরও ভালোভাবে পরখ করে দেখতে চান। এই পরীক্ষা–নিরীক্ষার বিষয়টাই ব্যাখ্যাও  করেছেন  স্কালোনি, ‘আমরা লাওতারো ও হুলিয়ানকে (একাদশে) খেলিয়ে হোসে ম্যানুয়েল লোপেজকে বেঞ্চে রেখেছিলাম। ভেবেছিলাম, এটাই সঠিক ভাবনা। শেষ পর্যন্ত লোপেজ মাঠে নামতে পারেনি, তাই সে পরেরটায় খেলবে। তবে সহজ কথায়, ওই (মেসিকে বাইরে রাখা) সিদ্ধান্তটা আমার।’

আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর পাঁচটায় ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে এ মাসে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচে পুয়ের্তো রিকোর মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচটি শিকাগোয় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও টিকিট কম বিক্রি হওয়ায় ভেন্যু পাল্টানো হয় বলে জানিয়েছে ইএসপিএন। মেসি এ ম্যাচে খেলবেন কি না—প্রশ্নের উত্তরে আশার কথা শোনালেন স্কালোনি, ‘আশা করি সে মঙ্গলবার (মাঠে) থাকবে। দেখা যাক সামনে কী ঘটে।’

মেসিকে ছাড়াই ভেনেজুয়েলার বিপক্ষে অন্যদের পারফরম্যান্সে মোটামুটি সন্তুষ্টিই ঝরল স্কালোনির কথায়, ‘প্রথমার্ধটা বেশ ভালো ছিল। গোলের সুযোগ ছিল। আমরা আরও গোল করতে পারতাম। বিরতির পর প্রথম ২০ থেকে ২৫ মিনিট (খেলা) ভালো হয়নি। এরপর আমরা কৌশল বদলাই এবং বল দখলে না থাকা অবস্থায় নিখাদ ফুটবল খেলেছি। আমরা ৫–৩–২ ছকে খেলা শেষ করেছি। যেখানে সেন্টার ব্যাক ছিল তিনজন, যাদের আমি পরখ করে দেখতে চেয়েছিলাম। আমরা আক্রমণভাগে অতটা ধারাল ছিলাম না, সেটা থাকলে ম্যাচ আরও আগেই শেষ হয়ে যেত।’

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers