মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

খেলা
  >
ফুটবল

ক্যারিয়ার নিয়ে আরও একবার কঠিন সিদ্ধান্তে নেইমার

ক্রীড়া ডেস্ক ২৭ অক্টোবর , ২০২৫, ০৯:৩৪:৩৭

449
  • ছবি: ইন্টারনেট

ক্লাব ও জাতীয় দলে একের পর এক চোটাঘাত নেইমারকে ক্লান্ত করে তুলেছিল। যে কারনে সৌদি আরবের আল হিলাল ক্লাব তাকে ফ্রি এজেন্ট হিসেবেই ছেড়ে দেয়। এরপর ৩৩ বছর বয়সী নেইমার ফিরে যান ব্রাজিলে। তবে সেখানেও মেলেনি সুখ। তার ক্লাব সান্তোস এখন অবনমন এড়ানোর লড়াইয়ে। এদিকে সর্বশেষ চোটের পর এখনো পুরো ফিট হতে পারেননি। হ্যামস্ট্রিংয়ের চোটে এখনো তিনি মাঠের বাইরে। তাই আরও একবার ক্যারিয়ার নিয়ে কঠিন এক সিদ্ধান্তের সামনে দাঁড়িয়ে নেইমার, যেখানে তার সামনে মূলত দুটি বিকল্প। এক. বর্তমান ক্লাব সান্তোসেই থেকে যাওয়া। দুই. মেজর লিগ সকারের (এমএলএস) দল ইন্টার মায়ামিতে যোগ দেওয়া, যেখানে খেলেন তার দীর্ঘদিনের দুই বন্ধু লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ।

ভক্তদের হয়তো চাওয়া ইন্টার মিয়ামিতে যাক নেইমার। তাতে বার্সেলোনায় কিংবদন্তি হয়ে ওঠা ‘এমএসএন’ আক্রমণত্রয়ীকে আবার দেখা যাবে ফুটবল মাঠে। তবে নেইমারকে সিদ্ধান্ত নিতে হবে তাঁর ক্যারিয়ারের ভবিষ্যৎ চিন্তা করেই এবং সেটা এই বছর শেষ হওয়ার আগেই।

ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা চান, আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হতে যাওয়া বিশ্বকাপের আগে আবার পাদপ্রদীপের আলোয় ফিরতে। স্প্যানিশ ক্রীড়া দৈনিক স্পোর্তের খবরে বলা হয়েছে, নেইমার নাকি পরের দলবদল উইন্ডোতেই এমন এক গন্তব্য খুঁজছেন, যা তাঁকে আবার আলোচনায় ফিরিয়ে আনবে। তাতে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তিকেও নিজের গুরুত্ব বোঝানো সহজ হবে নেইমারের জন্য। তবে সমস্যাও আছে। ইউরোপের বড় ক্লাবগুলো এখন তাঁর দিকে ফিরেও তাকাচ্ছে না। ‘ইউরোপীয় ফুটবলের দরজা আপাতত নেইমারের জন্য বন্ধ’—স্পোর্তের খবরে এমনটাই বলা হয়েছে। বার্সেলোনা ও পিএসজির সাবেক ফরোয়ার্ডও তাই বুঝে গেছেন, পুরোনো মঞ্চে ফেরা হয়তো আর সম্ভব নয়। বাস্তবতাও এমন হয়ে গেছে—নেইমার মাঠে যত সময় কাটান, চোটে তাঁর অনুপস্থিতি এর চেয়ে বেশি। কেউ কেউ বলছেন, তার শেষের সময় চলে এসেছে।  

ইউরোপের দরজা যেহেতু বন্ধ, তাই এখন নেইমারের সামনে মাত্র দুটি পথ। এক. সান্তোসের সঙ্গে আরও ছয় মাসের নতুন চুক্তি। দুই. মার্কিন মুলুকে পাড়ি দেওয়া। এমএলএসে খেলার স্বপ্ন নাকি অনেক দিন ধরেই দেখছেন নেইমার। কারণ, সেখানে জীবনযাপন সহজ, তার ওপর আছে খ্যাতি ও বিনোদনজগতের জৌলুশ।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers