শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২৬ জিলহজ ১৪৪৭

খেলা
  >
ফুটবল

ভারতকে হারানোই আমাদের লক্ষ্য: কাবরেরা

ক্রীড়া ডেস্ক ১১ নভেম্বর , ২০২৫, ২১:৩০:০০

421
  • ছবি: বাফুফে

এএফসি এশিয়ান কাপের মূল পর্বে ওঠার লড়াই থেকে আগেই ছিটকে পড়েছে বাংলাদেশ। ভারতের অবস্থাও একই। তারপরও নিয়মরক্ষার ম্যাচে ঢাকার জাতীয় স্টেডিয়ামে ১৮ নভেম্বর মুখোমুখি হবে দুই দল। এমন গুরুত্বহীন ম্যাচই গুরুত্ব পাচ্ছে লাল-সবুজ প্রতিনিধিদের কাছে। 

হামজা দেশে এসেছেন সোমবার। মঙ্গলবার দলের সঙ্গে অনুশীলনও করেছেন তিনি। বুধবার দেশে আসবেন শমিত সোম, আর পরের দিনই ম্যাচ নেপালের বিপক্ষে। যদিও এটি প্রীতি ম্যাচ, তবুও এ ম্যাচে হামজা-শমিতদের যথেষ্ট ম্যাচ টাইম দিতে চান জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরা। উদ্দেশ্য একটাই, ভারত ম্যাচে যেন সবাই দিতে পারে নিজেদের সর্বোচ্চটা।

১৮ নভেম্বর ঘরের মাঠে ভারতের বিপক্ষে সেরা একাদশ বাছাইয়ে এবং বেঞ্চের সবাই যেন সেরা অবস্থায় থাকতে পারে, সেটাও নিশ্চিত করতে চান বাংলাদেশ কোচ। নেপাল ম্যাচ আগে হলেও, বাংলাদেশের মূল লক্ষ্য নিশ্চিতভাবেই ভারতের বিপক্ষে ম্যাচ ঘিরে। এ ব্যাপারে কাবরেরা বলেন, ‘আমরা ভারত ম্যাচের জন্যই প্রস্তুত হচ্ছি। তো সেরা একাদশ ও বেঞ্চের ছয় জন মিলিয়ে ১৭ জনকে আমরা যথাসম্ভব ম্যাচ টাইম দিব (নেপালের বিপক্ষে)। ভারতের বিপক্ষে জয়ের জন্য খুবই ভালোভাবে প্রস্তুতি নেওয়ার দিকে আমরা মনোযোগ দিতে চাই।’ 

তিনি আরও বলেন, ‘অবশ্যই, ভারতকে হারানোই আমাদের লক্ষ্য। এটাই দলের ভাবনা। আমাদের পারফরম্যান্স ভালো হচ্ছে, কিন্তু এখনও কাঙ্ক্ষিত তিন পয়েন্ট কোনো ম্যাচে আমরা পাইনি, যেটা খুব করে পেতে চেয়েছি। আমরা বিশ্বাস করি, ভারত ম্যাচে সেটা বদলাবে।’ 

ভারত ম্যাচের আগে দলের সাথে মানিয়ে নেওয়ার জন্য কিছুটা হলেও সময় পাচ্ছেন হামজা ও শমিত। বাছাইয়ে আগের ম্যাচগুলোতেও এই দুই প্রবাসী দেশে ফিরে খেলেছেন, এবারও কোনো সমস্যা দেখছেন না কাবরেরা। সবকিছু ঠিকঠাক চলছে বলেই দাবি এই স্প্যানিশ কোচের, ‘পরিকল্পনা ভালোভাবে এগোচ্ছে। আমরা পুরো দল নিয়ে একাধিক মিটিং করেছি আজ, এমনকি হামজা আসার আগেও আলোচনা হয়েছে। আমরা কেবল (নেপালের বিপক্ষে) আগামী পরশুর ম্যাচ নিয়ে ভাবছি না, ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে রয়েছে আমাদের বিশেষ মনোযোগ।’ 

সোমবার ঢাকায় এসে পরদিন সকালে রবির সাথে চুক্তি সারার অনুষ্ঠানে যোগ দেন হামজা। বিকালে দলের সঙ্গে নামেন অনুশীলনে। হামজা আসায় বাংলাদেশ দল নিয়ে ফুটবলপ্রেমীদের আগ্রহ বেড়েছে অনেক। ভারত ম্যাচের টিকেট অনলাইনে বিক্রি হয়ে গেছে মাত্র ৬ মিনিটেই। চারদিকের এই উন্মাদনা ইতিবাচকভাবেই দেখছেন কাবরেরা, ‘আমি মনে করি, দল ভালো খেলছে এবং হামজার মতো খেলোয়াড় সবাইকে আকর্ষণ করছে। আমার মতে, এই আকর্ষণ ইতিবাচক এবং প্রত্যাশিত। আমাদের উচিত, এটা যতটা সম্ভব উপভোগ করা। যদিও মাঝেমধ্যে একটু শোরগোল হচ্ছে; কিন্তু এটা দলের সবার জন্যই ভালো।’

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers