মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ , ৩০ জিলহজ ১৪৪৭

খেলা
  >
ফুটবল

২০২৬ বিশ্বকাপে দলের ক্ষতির কারণ হতে চান না মেসি

ক্রীড়া ডেস্ক ১২ নভেম্বর , ২০২৫, ২০:৩৪:০৯

421
  • ছবি: ইন্টারনেট

বয়স ৩৮। তারপরও মাঠের ফুটবলে এর বিন্দুমাত্র ছাপ পড়েনি লিওনেল মেসির। এখনও দাপটের সঙ্গে চলছেন এ তারকা। তাইতো ২০২৬ বিশ্বকাপে তাকে দেখছেন ভক্তরা। কিন্তু আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ডের মাথায় কাজ করছে বয়সের চিন্তাও। মার্কিন মুলুকে আগামী বছর যখন তিনি বিশ্বকাপ খেলবেন, তখন তার বয়স হবে ৩৯ বছর। খেলতে গিয়ে দলের যেন ক্ষতি না হয়, সেটা নিয়ে ভাবছেন মেসি। স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্তকে পরশু রাতে দেওয়া সাক্ষাৎকারে আর্জেন্টাইন ফরোয়ার্ড বলেন, ‘বোঝা হতে চাই না আমি। দলে অবদান রাখতে পারব—এটা নিশ্চিত করতে শারীরিকভাবে ফিট থাকতে চাই।’

২০২৩ সালের জুলাইয়ে পিএসজি ছেড়ে ইন্টার মিয়ামিতে পাড়ি জমান মেসি। ২৮ মাসে যুক্তরাষ্ট্রের পরিবেশের সঙ্গে ভালোভাবে মানিয়ে নিয়েছেন তিনি। দলটির হয়ে একের পর এক রেকর্ড গড়ছেন। তবে  ২০২৬ বিশ্বকাপে খেলা নিয়ে আর্জেন্টাইন কিংবদন্তি বারবার জোর দিয়েছেন ফিটনেসের ওপর। স্পোর্তকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, ‘ইউরোপের তুলনায় এমএলএসের মৌসুম আলাদা। বিশ্বকাপের আগে প্রাক-মৌসুমে কিছু ম্যাচ খেলার সুযোগ থাকছে। দিন ধরে ধরে এগোচ্ছি। বিশ্বকাপে খেলতে শারীরিকভাবে ফিট হয়ে উঠতে পারি কি না, সেটাই দেখার বিষয়।’

চলতি বছর ক্লাব ও আন্তর্জাতিক মিলিয়ে ৫০ ম্যাচ খেলেছেন মেসি। ৪৪ গোল করার পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ২১ গোলে। যতই তিনি ছন্দে থাকুন না কেন, বিশ্বকাপে খেলা নিয়েই আপাতত বেশি ভাবনা তাঁর। স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্তকে দেওয়া সাক্ষাৎকারে আর্জেন্টাইন ফরোয়ার্ড বলেন,‘এটা তো বিশ্বকাপ। বিশেষ একটা টুর্নামেন্ট। বিশ্বের সবচেয়ে বড় প্রতিযোগিতা এই বিশ্বকাপ। আমি উচ্ছ্বসিত। তবে এগোচ্ছি দিন ধরে ধরে।’

বার্সেলোনার হয়ে প্রায় দুই দশকে চ্যাম্পিয়নস লিগ, লা লিগাসহ অসংখ্য শিরোপা জিতেছেন মেসি। পিএসজির জার্সিতেও চ্যাম্পিয়ন হয়েছেন। ক্লাব ক্যারিয়ারে একের পর এক শিরোপা জেতা মেসি তাঁর আজন্মলালিত স্বপ্ন পূরণ করেছেন ২০২২ কাতার বিশ্বকাপ জিতে। তিন বছর আগে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’র সেই টুর্নামেন্টে ৭ গোলের পাশাপাশি ৩ গোলে অ্যাসিস্ট করে মেসি পান গোল্ডেন বল পুরস্কার। আর্জেন্টিনার জার্সিতে ১৯৫ ম্যাচে মেসি করেছেন ১১৪ গোল। ৬৩ গোলে অ্যাসিস্ট করেছেন। ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা, ২০২২ ফুটবল বিশ্বকাপ, ২০২৪ কোপা আমেরিকা—আর্জেন্টিনার জার্সিতে এখন পর্যন্ত চার শিরোপা জিতেছেন মেসি।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers