শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২৬ জিলহজ ১৪৪৭

খেলা
  >
ফুটবল

এমবাপের জোড়া গোলে বিশ্বকাপের টিকিট নিশ্চিত ফ্রান্সের

ক্রীড়া ডেস্ক ১৪ নভেম্বর , ২০২৫, ১০:২৬:০১

285
  • ছবি: ইন্টারনেট

ক্লাব ফুটবলে দুর্দান্ত ছন্দে রয়েছেন কিলিয়ান এমবাপে। যে ধারাবাহিকতা তিনি এবার ধরে রাখলেন জাতীয় দলেও। পেশাদার ক্যারিয়ারের ৪০০তম গোলের পথে এমবাপে বৃহস্পতিবার রাতে জালের দেখা পেলেন দু’বার। তার জোড়া গোলে ইউক্রেনকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দেয় ফ্রান্স। এর মধ্য দিদিয়ের দেশমের দল ২০২৬ বিশ্বকাপের টিকিটও নিশ্চিত করল।

বৃহস্পতিবার স্বাগতিক ফরাসিরা শুরু থেকেই আধিপত্য দেখিয়েছে ইউক্রেনের ওপর। যদিও চারটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে।  ৬৭ শতাংশ বলের পজেশন নিয়ে ২৩টি শট নেয় দেশমের দল। এর মধ্যে ৯টি লক্ষ্যে ছিল। বিপরীতে গোলের জন্য কোনো শটই নিতে পারেনি সফরকারীরা। এমবাপের জোড়া গোল ছাড়াও একবার করে জালের দেখা পেয়েছেন মাইকেল ওলিসে এবং হুগো একিতিকে। প্রথমার্ধে ইউক্রেন গোলরক্ষক আনতোলি ট্রুবিন এমবাপে-বারকোলাদের শট ঠেকিয়ে গোলবার অক্ষুণ্ন রাখেন। তা আর ধরে রাখা যায়নি দ্বিতীয়ার্ধে। ৫৩ মিনিটে ম্যাচের ডেডলক ভাঙে এমবাপের গোলে। 

 এমবাপে পানেনকা শটে গোলের খাতা খোলেন। সতীর্থের পাস পেয়ে বাঁ পায়ের শটে ৭৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ওলিসে। মিনিট সাতেক পর দ্বিতীয় গোলটি করেন তিনি। যা ফ্রান্স জাতীয় দলে ৯৪ ম্যাচে তার ৫৫তম গোল। সর্বোচ্চ গোলের রেকর্ড গড়া অলিভিয়ে জিরুকে (৫৭) ছুঁতে আর দুটি গোল দরকার এই রিয়াল তারকার। চলতি মৌসুমে এমবাপে সবমিলিয়ে ক্লাব ও জাতীয় দলের হয়ে ২০ ম্যাচে ২৮ গোলে অবদান রেখেছেন। এ ছাড়া ২৬ বছর বয়সেই পেশাদার ক্যারিয়ারে পূর্ণ হলো ৪০০ গোলের মাইলফলক।

ফ্রান্সের জয় তখন প্রায় নিশ্চিতই হয়ে গিয়েছিল। বদলি নামা একিতিকে ৮৮ মিনিটে এমবাপের সঙ্গে বল দেওয়া-নেওয়ার পর নিচু শটে গোল করেন। যা ফরাসিদের ৪-০ ব্যবধানে বড় জয় নিশ্চিত করে। পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের চূড়ায় থাকা ফ্রান্স বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত করল। এ ছাড়া সমান ম্যাচে সমান ৭ পয়েন্ট নিয়ে আইসল্যান্ড ও ইউক্রেন যথাক্রমে দুই-তিনে আছে। তলানিতে থাকা আজারবাইজানের পয়েন্ট স্রেফ ১।

ইংল্যান্ডের পর এখন পর্যন্ত ইউরোপের দ্বিতীয় দেশ হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করল ফ্রান্স।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers