সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ , ২৭ মুহররম ১৪৪৮

খেলা
  >
ফুটবল

মেসি-মার্তিনেজ নৈপুণ্যে সহজ জয়ে বছর শেষ আর্জেন্টিনার

ক্রীড়া ডেস্ক ১৫ নভেম্বর , ২০২৫, ০৯:৫৬:৩৮

418
  • ছবি: ইন্টারনেট

বর্তমান ফিফা র‌্যাঙ্কিং চোখ রাখলেই দুই দলের মাঝে পার্থক্যটা বোঝা যাবে। মাঠে লড়াইও সেই ছাপটাই থাকল। একপেশে ম্যাচে লাউতারো মার্তিনেজ ও লিওনেল মেসি পেলেন গোলের। এ সুবাদে শুক্রবার অ্যাঙ্গোলাকে তাদের মাঠে ২-০ গোলে হারিয়ে বছর শেষ করেছে আর্জেন্টিনা। 

বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের ম্যাচের ৪৩তম মিনিটে লাউতারো মার্তিনেজ দলকে এগিয়ে নেওয়ার পর শেষ দিকে ব্যবধান বাড়ান অধিনায়ক লিওনেল মেসি।

কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের সেরা হয়ে মূল মঞ্চে জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। সেখানে আফ্রিকা অঞ্চলের বাছাইয়ে ১০ ম্যাচের মাত্র দুটিতে জিতে নিজেদের গ্রুপের চতুর্থ হয়ে বাদ পড়েছে আঙ্গোলা।

আর্জেন্টিনার বিপক্ষে শুক্রবার রাতে প্রথম ১০ মিনিটে অ্যাঙ্গোলার অর্ধেই ছিল বল। গোলের জন্য প্রথম শটটি অবশ্য তারাই নিতে পারে, যদিও সেটা লক্ষ্যে ছিল না। ১৯তম মিনিটে লক্ষ্যে প্রথম শটেই এগিয়ে যেতে পারতো আর্জেন্টিনা। লাউতারো মার্তিনেজের পাস ধরে ডি-বক্সে থেকে জোরাল কোনাকুনি শট নেন মেসি, দারুণ নৈপুণ্যে সেটা রুখে দেন গোলরক্ষক। এদিকে ম্যাচের ৩৯তম মিনিটে দারুণ সুযোগ হাতছাড়া করেন মেসি। থিয়াগো আলমাদার কাটব্যাক ডি-বক্সে ফাঁকায় পেয়ে শট নেন ইন্টার মিয়ামি তারকা, বল চলে যায় ক্রসবারের ওপর দিয়ে।

৪৩তম মিনিটে অবশেষে গোলের দেখা মেলে। মেসির থ্রু বল ডি-বক্সে পেয়ে, প্রথম ছোঁয়ায় দারুণ শটে গোলরক্ষককে পরাস্ত করেন মার্তিনেজ।৬২তম মিনিটে পাল্টা আক্রমণে দারুণ একটি সুযোগ পায় অ্যাঙ্গোলা। তবে সতীর্থের পাস বক্সে পেয়ে অরক্ষিত লুভুম্বো শট লক্ষ্যে রাখতে পারেননি। এদিকে ম্যাচের ৮২তম মিনিটে আর্জেন্টিনার জয়সূচক গোলটি করেন মেসি। এবার মেসির গোলের জোগানদাতা ছিলেন মার্তিনেজ। শেষ পর্যন্ত দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। 

অ্যাঙ্গোলা ম্যাচটির আয়োজন করেছিল তাদের স্বাধীনতার ৫০তম বার্ষিকী উপলক্ষে।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers