বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ , ৮ জুমাদাউস সানি ১৪৪৮

খেলা
  >
ফুটবল

সেনেগালের বিপক্ষে প্রথম জয়ের স্বাদ পেল ব্রাজিল

ক্রীড়া ডেস্ক ১৬ নভেম্বর , ২০২৫, ০৯:২৬:১২

324
  • ছবি: ইন্টারনেট

লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে শনিবার প্রীতি ম্যাচে শুরু থেকে আক্রমণের ঝড় তুলে ব্রাজিল। সে সুবাদে প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় দলটি। বিরতির পর তাদের খেলায় ধার কমে যায়। তবে জাল অক্ষত রেখে সেনেগালের বিপক্ষে প্রথম জয়ের স্বাদ পেয়ে যায় সেলেসাওরা।

শনিবার রাতে প্রীতি ম্যাচটি ২-০ গোলে জিতেছে ব্রাজিল। এস্তেভোঁ দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান কাসেমিরো। এরফলে  দুই বছর আগের হারের শোধও নিল দলটি। 

দুই বছর আগে লিসবনে সর্বশেষ দেখায় সেনেগালের কাছে ৪-২ গোলে হেরে গিয়েছিল ব্রাজিল। আফ্রিকান দলের বিপক্ষে চার ম্যাচের মধ্যে সেটি ছিল ব্রাজিলের তৃতীয় হার। সেনেগালের আগে মরক্কো ও ক্যামেরুনের কাছেও হেরেছিল দলটি। আপাতত আফ্রিকা-জুজু দূর হলো ব্রাজিলের।

ব্রাজিল শুরু থেকেই দাপট দেখায়। এস্তেভোঁ, মাতেউস কুনিয়া, রদ্রিগো ও ভিনিসিয়ুস জুনিয়রকে নিয়ে গড়া আক্রমণভাগ প্রথমার্ধজুড়ে সেনেগালের রক্ষণে চাপ ধরে রাখে। এ সুবাদে ম্যাচের ১৭তম মিনিটেই এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেয়েছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে কুনিয়ার হেড ক্রসবারে লেগে ফিরে আসে। যদিও দলটির সে আপেক্ষ বেশিক্ষণ রাখতে দেননি এস্তেভোঁ। ম্যাচের ২৮তম মিনিটে পেনাল্টি বক্সের ডান পাশ থেকে তাঁর নিখুঁত শট সেনেগালের গোলরক্ষক এদুয়ার্দ মেন্দিকে পরাস্ত করে দূরের পোস্টে জড়ায়। ব্রাজিলের হয়ে এটি তার ১০ ম্যাচে চতুর্থ গোল—আগামী বছরের বিশ্বকাপে নজর কাড়তে পারেন, এমন আরেকটি ইঙ্গিতই দিয়ে রাখছেন এস্তেভোঁ।

৩৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক কাসেমিরো। রদ্রিগোর নেওয়া ফ্রি-কিক দারুণভাবে নিয়ন্ত্রণ করে ফাঁকা জায়গায় থেকে করা বাঁকানো শট জড়ায় জালের উঁচু কোণে। বিরতির পর সেনেগালের ইলিমান এনদিয়ায়ে ব্যবধান কমানোর সুবর্ণ সুযোগ পেয়ে যান ব্রাজিলের রক্ষণ ও গোলরক্ষক এদেরসনের ভুলে। তাঁর শট লাগে পোস্টের বাইরে।

দুইবারের আফ্রিকার বর্ষসেরা সাদিও মানে খুব বেশি প্রভাব ফেলতে পারেননি। ৭৫ মিনিটে তাকে তুলে নেওয়া হয়।

পরের কয়েক মিনিটে বাঁ দিক দিয়ে কয়েকটি আক্রমণ করেন ভিনিসিউস ও তার সতীর্থরা। কিন্তু প্রতিবারই আক্রমণের শেষ ধাপে গিয়ে গড়মিল হয়ে যায়।

পরের প্রীতি ম্যাচে আগামী মঙ্গলবার তিউনিসিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers