মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

খেলা
  >
ফুটবল

চোটাক্রান্ত নেইমার এবার করলেন হ্যাটট্রিক

ক্রীড়া ডেস্ক ৪ ডিসেম্বর , ২০২৫, ১৩:২৫:০৮

293
  • ছবি: ইন্টারনেট

এখন চোট থেকে পুরোপুরি সরে ওঠেননি নেইমার। তারপরও মাঠে নামছেন। নিজের সোনালী অতীত ফিরে পেতে জোর চেষ্টায় চালাচ্ছেন। সে সুবাদে বৃহস্পতিবার  ব্রাজিলিয়ান সিরি আ-তে জুভেন্তুদের বিপক্ষে সান্তোসের জার্সিতে তিনি করলেন হ্যাটট্রিক। তার দাপটে ব্রাজিলের ক্লাবটি জিতেছে ৩-০ গোলে। 

বৃহস্পতিবার নেইমার তিনটি গোলই করেন বিরতির পর। তিনি প্রথম গোলের দেখা পান ম্যাচের ৫৬তম মিনিটে। এরপরের গোল ৬৫ মিনিটে। আর হ্যাটট্রিকের দেখা পান ৭৩তম মিনিটের গোলে।  নেইমার এর আগে সর্বশেষ হ্যাটট্রিক করেন ২০২২ সালের ৯ এপ্রিল। পিএসজির হয়ে সেদিন ক্লেঁয়ারমন্তের বিপক্ষে হ্যাটট্রিকের পাশাপাশি একটি গোলও বানান নেইমার। সময়ের হিসাবে ৩ বছর ৭ মাস ২৫ দিন কিংবা মোট ১৩৩৫ দিন পর হ্যাটট্রিক পেলেন নেইমার।

কিছুদিন আগে বাঁ হাঁটুতে চোট পাওয়ায় নেইমারের এ বছর আর মাঠেই নামার কথা ছিল না। চলতি ব্রাজিলিয়ান সিরি আ-তে সান্তোস তাদের বাকি তিন ম্যাচে নেইমারকে পাবে না—এমন কথাই জানায় ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে নেইমার চোট নিয়েই খেলার সিদ্ধান্ত নেন।

গত ২৯ নভেম্বর স্পোর্টের বিপক্ষে সান্তোসের ৩-০ গোলের জয়ে নেইমার চোট নিয়েই খেলেন। শুধু তা–ই নয়, নিজে গোল করার পাশাপাশি একটি গোলও করান। ম্যাচ শেষে নেইমার জানিয়েছিলেন, অবনমনের শঙ্কায় পড়া সান্তোসকে টেনে তুলতে চোট নিয়েই খেলার সিদ্ধান্ত নিয়েছেন।

নেইমারকে নিয়ে সর্বশেষ দুই ম্যাচেই জয় পাওয়ায় অবনমন অঞ্চলের সঙ্গে দূরত্ব বাড়াতে পেরেছে সান্তোস। ৩৭ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে টেবিলে তারা ১৪তম। পয়েন্ট তালিকার তলানিতে থাকা যে চারটি দল দ্বিতীয় বিভাগে নেমে যাবে, তাদের মধ্যে শীর্ষে থাকা ভিতোরিয়ার সঙ্গে ২ পয়েন্ট ব্যবধানে এগিয়ে সান্তোস। ৩৭ ম্যাচে ৪২ পয়েন্ট পাওয়া ভিতোরিয়া ১৭তম অবস্থানে।

আগামী বিশ্বকাপে ব্রাজিল দলে জায়গা পেতে নেইমারের নিয়মিত মাঠে নামাটা খুব গুরুত্বপূর্ণ। ব্রাজিলের জার্সিতে সর্বশেষ ২০২৩ সালের অক্টোবরে খেলেন নেইমার। সেই ম্যাচে এসিএল চোটে পড়ার পর মাঠে আর নিয়মিত হতে পারেননি। শুধু চলতি মৌসুমেই চারবার চোট পেয়েছেন নেইমার।

আগামী মার্চের আগে কোনো ম্যাচ খেলবে না ব্রাজিল। মার্চে প্রীতি ম্যাচ খেলে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করবেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। নেইমারকে যা করার এর মধ্যেই করতে হবে। আগামী ১১ জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে সান্তোসের হয়ে ব্রাজিলের ঘরোয়া ফুটবলে পারফর্ম করার সুযোগ পাবেন নেইমার।

নেইমারের সঙ্গে সান্তোসের বর্তমান চুক্তির মেয়াদ ফুরোবে ৩১ ডিসেম্বর।

চোট নিয়ে ৩৩ বছর বয়সী নেইমার বলেন, ‘মাঠে থাকতে যে পরিশ্রম করি, অ্যাথলেট হিসেবে নিজের স্বাস্থ্যের দিকটাই আগে দেখি, ক্যারিয়ারের ক্ষতি হতে পারে—এমন কিছু করি না। তবু যা হওয়ার হচ্ছে। মাসের পর মাস, বছরের পর বছর চোটের সঙ্গে লড়ছি। এগুলো কাটিয়ে উঠে আবার পুরোপুরি ফেরার চেষ্টা করছি।’

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers