মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

খেলা
  >
ফুটবল

তীব্র সমালোচনার মুখে বিশ্বকাপের টিকিটের দাম কমাল ফিফা

ক্রীড়া ডেস্ক ১৭ ডিসেম্বর , ২০২৫, ১৩:৩৫:৪৭

296
  • ছবি: ইন্টারনেট

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য ২০২৬ ফুটবল বিশ্বকাপের উন্মাদনা এরই মধ্যে শুরু হয়েছে। দলগুলো কে কোন গ্রুপে পড়েছে, তা জানা গেছে ৫ ডিসেম্বর ড্রয়ের পরই। তবে বিশ্বকাপের টিকিটের মূল্য নিয়ে সমর্থকদের তীব্র সমালোচনার মুখে পড়েছিল ফিফা।  অবশেষে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা টিকিটের দাম কমিয়েছে।

২০২৬ বিশ্বকাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। এ ম্যাচের টিকিটের সর্বনিম্ন দাম ছিল ৪ হাজার ১৮৫ ডলার। বাংলাদেশি মুদ্রায় সেটা ৫ লাখ ১০ হাজার টাকা। তবে শিরোপা নির্ধারণী ফাইনাল দেখতে মোটা অঙ্কের অর্থ খরচ করতে হবে না বলে ফিফা আশ্বস্ত করেছে। বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা গতকাল জানিয়েছে, ৬০ ডলারে (৭৩৪২ টাকা) কেনা যাবে ফাইনালের টিকিট। শুধু ফাইনালই নয়, প্রতিটি ম্যাচের টিকিটের সর্বনিম্ন দাম ৬০ ডলার করা হয়েছে। অংশগ্রহণকারী দলগুলোর ফেডারেশনের কাছে এই টিকিটগুলো বণ্টন করা হবে। ভক্ত-সমর্থকদের টিকিট কীভাবে দেবে, সেই সিদ্ধান্ত ফেডারেশন নেবে।

প্রতিটি ম্যাচের টিকিটের সর্বনিম্ন দাম ৬০ ডলার থেকে বড়জোর ১০০ ডলার (১২২৩৭ টাকা)। তবে ১ হাজার ডলারে যাবে না বলে ফিফা নিশ্চিত করেছে। ১০০ ডলারের এই টিকিটগুলো ফিফা ‘সাপোর্টার এন্ট্রি টায়ার প্রাইস’ ক্যাটাগরিতে বিক্রি করবে। কেন হঠাৎ করে টিকিট বিক্রির কৌশল বদলে গেল, সেটা স্পষ্ট করেনি ফিফা। তবে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা জানিয়েছে, টুর্নামেন্টে ভক্ত-সমর্থকেরা যেন মাঠে বসে তাঁদের প্রিয় দলের খেলা উপভোগ করতে পারেন, সে জন্যই টিকিটের দাম কমানো হয়েছে।

ইউরোপীয় ফুটবল সমর্থক গোষ্ঠী (এফএসই) ফিফার এই টিকিটের দাম কমানোর ব্যাপারকে স্বাগত জানিয়েছে। পাশাপাশি ফিফার প্রতি এফএসইর কিছু পরামর্শও রয়েছে। এক বিবৃতিতে এফএসই বলেছে, ‘আমরা ফিফার কাছ থেকে একটা ঘোষণার আশা করেছিলাম। বিশ্বজুড়ে তাদের বিরুদ্ধে যে নেতিবাচক মনোভাব তৈরি হয়েছিল, সেটার প্রতিক্রিয়ায় কী করে ফিফা, তা দেখতে চেয়েছিলাম। শারীরিকভাবে যারা অক্ষম, সেসব ভক্ত-সমর্থকদের জন্য যথোপযুক্ত ব্যবস্থা করার দাবি জানাচ্ছি ফিফার প্রতি।’

বিশ্বকাপ টিকিটের আকাশচুম্বী দাম দেখে এফএসই তীব্র প্রতিবাদ জানিয়েছিল। ১১ ডিসেম্বর বিবিসির এক প্রতিবেদনে জানা গিয়েছিল, বিশ্বকাপের টিকিটের অত্যধিক মূল্য দেখে এফএসইর কাছে ফিফা ‘বিশ্বাসঘাতক’। নিউইয়র্কের মেয়র জোহরান মামদানিও টিকিটের দাম কমাতে বলেছিলেন। এর পরিপ্রেক্ষিতে গতকাল ফিফা টিকিটের দাম কমানোর ঘোষণা দিয়েছে। ২০২৬ সালে প্রথমবারের মতো ৪৮ দলের ফুটবল বিশ্বকাপ হতে যাচ্ছে। মার্কিন মুলুকে শিরোপা ধরে রাখার অভিযানে নামবেন লিওনেল মেসি, রদ্রিগো দি পল, এমিলিয়ানো মার্তিনেজরা। কাতারে ২০২২ বিশ্বকাপ জিতে মেসি তাঁর আজন্মলালিত স্বপ্ন পূরণ করেছেন।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers