মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

খেলা
  >
ফুটবল

২০২৬ বিশ্বকাপ জিততে ব্রাজিল ‘অসম্ভবকে সম্ভব’ করবে: নেইমার

ক্রীড়া ডেস্ক ২২ ডিসেম্বর , ২০২৫, ২১:৩১:৩২

596
  • ছবি: ইন্টারনেট

গত মাসের শেষ দিকে পাওয়া মেনিসকাস চোট নিয়ে মাসখানেক ধরেই ভুগছিলেন নেইমার। তারপরও সান্তোসের অবনমন ঠেকানোর মিশনে নেমেছিলেন, সফলও হয়েছেন। তবে চোট বেশ ভোগাচ্ছিল তাকে। সুস্থ হকে আজ বেলো হরিজন্তেতে তার বাঁ হাঁটুতে অস্ত্রোপচার হবে। তবে নেইমারের চিন্তায় শুধুই ২০২৬ বিশ্বকাপ।  গত শনিবার প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দিকে নিয়ে এক সংগীতানুষ্ঠানে গিয়ে ২০২৬ বিশ্বকাপ নিয়ে বড় এক বাজিই ধরেছেন ৩৩ বছর বয়সী এই তারকা। নেইমারের প্রতিশ্রুতি, ২০২৬ বিশ্বকাপ জিততে ব্রাজিল ‘অসম্ভবকে সম্ভব’ করবে।

ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো’ জানিয়েছে, অস্ত্রোপচার শেষে পুরোপুরি সেরে উঠতে নেইমারের সর্বোচ্চ এক মাস সময় লাগতে পারে।

এদিকে ব্রাজিলের বর্তমান কোচ কার্লো আনচেলত্তি পরিষ্কার জানিয়ে দিয়েছেন—বিশ্বকাপ খেলতে হলে নেইমারকে শতভাগ ফিট হতে হবে এবং নিয়মিত খেলার মধ্যে থাকতে হবে। সান্তোসকে বাঁচানোর লড়াইয়ে গোল করলেও নেইমার যে পুরোপুরি ফিট ছিলেন না, এই অস্ত্রোপচারই তার বড় প্রমাণ।

অবশ্য অস্ত্রোপচারের টেবিলে যাওয়ার আগে নেইমারের আত্মবিশ্বাসে কোনো কমতি নেই। 

ভক্তদের উদ্দেশে গত শনিবার নেইমার বলেছেন, ‘ব্রাজিলে বিশ্বকাপ ফিরিয়ে আনতে যা যা সম্ভব, আমরা সবই করব। এমনকি অসম্ভবকেও সম্ভব করার চেষ্টা করব। না হলে জুলাইতে (বিশ্বকাপের পর) আপনারা এ নিয়ে আমাকে ধরবেন। আনচেলত্তি, আমাদের একটু সাহায্য করুন...ফাইনালে উঠতে পারলে কথা দিচ্ছি গোল করবই!’

নেইমার নিজেকে বিশ্বকাপে দেখলেও কাজটা মোটেও সহজ নয়। মে মাসে আনচেলত্তি ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর চোটের কারণে নেইমারকে একবারও দলে ডাকেননি। এই মৌসুমে ২৮ ম্যাচে ১১ গোল আর ৪টি অ্যাসিস্ট থাকলেও ফিটনেস নিয়ে প্রশ্ন থেকেই গেছে। আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বসবে বিশ্বকাপের আসর। তার আগে ব্রাজিল প্রীতি ম্যাচ খেলবে মাত্র দুটি—মার্চে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে।

ফেব্রুয়ারিতে সুস্থ হয়ে ফেরার পর আনচেলত্তির মন জয় করার জন্য নেইমার হাতে সময় পাবেন বড়জোর মাসখানেক। ২৬ মার্চ বোস্টনে ফ্রান্স আর ৩১ মার্চ অরল্যান্ডোতে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দুটিই হতে যাচ্ছে নেইমারের জন্য ‘অগ্নিপরীক্ষা’। সেখানে সুযোগ পেতে হলে নেইমারকে শুধু ফিট থাকলেই হবে না, পুরোনো সেই জাদুকরি রূপেও ফিরতে হবে।

নেইমার কি পারবেন মার্চের সেই প্রীতি ম্যাচের আগে নিজেকে তৈরি করতে? এখন ভক্তদের চোখ সেদিকে। তারপরই এ তারকার হয়তো নিশ্চিত বিশ্বকাপে খেলার ভবিষ্যৎ। 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers