বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ , ২ রমজান ১৪৪৭

খেলা
  >
ফুটবল

বিশ্বকাপের জন্য আর্জেন্টিনা দলে ৫০ জনকে প্রস্তুত রাখছেন স্কলোনি!

ক্রীড়া ডেস্ক ১০ জানুয়ারি , ২০২৬, ২১:০৯:৩৩

299
  • ছবি: ইন্টারনেট

২০২৬ বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার ২৬ জনের স্কোয়াড নাকি মোটামুটি চূড়ান্ত। এমনটাই জানাচ্ছে কিছু সংবাদ মাধ্যমে। তবে দলটির কোচ লিওনেল স্কালোনি এখনও তেমন কিছু জানাননি। তবে তিনি হয়তো মনে মনে বিশ্বকাপের স্কোয়াড গড়া রূপরেখা দাঁড় করিয়েছেন। তবে সেটাই যে চূড়ান্ত কোনো কিছু নয়, তা বোঝা যায় নতুন বছরে দেওয়া স্কালোনির প্রথম সাক্ষাৎকারে।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) স্টুডিওকে (এএফএ স্টুডিও) সাক্ষাৎকারে স্কালোনি বিশ্বকাপের সম্ভাব্য স্কোয়াড নিয়ে  বলেন, ‘আমাদের কাছে প্রায় ৫০ জন খেলোয়াড়ের তালিকা আছে, যাদের সামর্থ্য প্রায় একই। যে কেউ জায়গা পেতে পারে। চোট এবং বাজে পারফরম্যান্সে খেয়াল রাখতে হয়, যেখানে আমরা কোনো ছাড় দিই না।’

কেন প্রাথমিক তালিকা বড় তার ব্যাখ্যাও দিয়েছেন আর্জেন্টিনা কোচ, ‘সর্বশেষ বিশ্বকাপে টুর্নামেন্টের খুব কাছাকাছি গিয়ে কয়েকজন খেলোয়াড় চোটে পড়েন। তাই কাউকে বিবেচনার বাইরে রাখার সুযোগ নেই। আর এ কারণেই আমাদের (খেলোয়াড়) তালিকাটা একটু বড়।’

কাতারে সর্বশেষ ২০২২ বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। সেই দলের অনেকে এবারও থাকবেন বিশ্বকাপ দলে। এ নিয়ে স্কালোনির ব্যাখ্যা, ‘তাদের বয়সটা এখন আদর্শ পর্যায়ে এবং বিশ্বকাপ জয়ের পর তারা এমন কোনো কিছু করেনি যে সিদ্ধান্ত পাল্টাতে হবে। আমরা অনেক খেলোয়াড় ডেকেছি, কিন্তু বয়সের চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মাঠের পারফরম্যান্স। (সর্বশেষ বিশ্বকাপে খেলা) অনেকেই দলে ফিরবে, কারণ তারা এটা যোগ্যতাবলেই অর্জন করেছে এবং শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামার অধিকারটা তাদের আছে।’

সর্বশেষ বিশ্বকাপ দলের প্রসঙ্গে সবার আগে আসে লিওনেল মেসির প্রসঙ্গ। ৩৮ বছর বয়সী কিংবদন্তি আগামী বিশ্বকাপে খেলবেন কি না, তা এখনো চূড়ান্ত নয়। মেসি নিজে এর আগে ২০২৬ বিশ্বকাপে খেলার আগ্রহ প্রকাশ করেছেন। এটাও বলেছেন, এ বিষয়ে তিনি আগেভাগে কোনো প্রতিশ্রুতি না দিয়ে দিন ধরে ধরে এগোতে চান। স্পেনের ফুনেসে কিছুদিন আগে মেসির সঙ্গে দেখা হয় স্কালোনির। সেই সময় কথা হয় দুজনের। স্কালোনি বলেন, ‘আমরা কফি খেয়েছি। তবে শুধু মেসির সঙ্গে কথা বলা নয়, বাকিদের সঙ্গেও সেই ইচ্ছাটা আছে। (বিশ্বকাপ থেকে) আমরা মাত্র ছয় মাস দূরে আছি। দলে কী ঘাটতি আছে, কী নেই—সেটা জানিয়ে দেওয়া ভালো।’ মেসির বিশ্বকাপে খেলা নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না—এমন প্রশ্নের উত্তরে স্কালোনি বলেন, ‘আমরা বিশ্বকাপ নিয়ে কথা বলিনি। দেখা যাক কী হয়। সে-ই বলেছে, এখনো সময় আছে। তাই আমাদের চাপ তৈরি করা উচিত নয়। তার সিদ্ধান্ত তার ওপর ছেড়ে দেওয়াই ভালো।’

১১ জুন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় শুরু হবে বিশ্বকাপ। ‘জে’ গ্রুপে আর্জেন্টিনার তিন প্রতিদ্বন্দ্বী দল আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। ১৬ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার মুখোমুখি হয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে স্কালোনির দল।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন