মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২ জিলহজ ১৪৪৭

খেলা
  >
ফুটবল

মালদ্বীপকে উড়িয়ে সাফ ফুটসালে প্রথম শিরোপা বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক ২৫ জানুয়ারি , ২০২৬, ১২:৫৮:৩৯

280
  • ছবি: ইন্টারনেট

সাফ নারী ফুটসালের প্রথম আসরেই চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ফুটবল। রবিবার ব্যাংককে  মালদ্বীপকে ১৪–২ গোলে উড়িয়ে শিরোপা নিজেদের করে নিয়েছেন সাবিনা খাতুন–কৃষ্ণা রানীরা।

রবিবার ড্র করলেই শিরোপা নিজেদের করে নিতো বাংলাদেশ। তবে এ সমীকরণ মনে রাখেনি সাবিনারা।  প্রথম মিনিট থেকেই আক্রমণাত্মক ফুটবণ খেলে তারা। যদিও  তৃতীয় মিনিটে গোলকিপার স্বপ্না আক্তার ও মাসুরা পারভীনের বোঝাপড়ার ভুলে গোল হজম করতে হয় বাংলাদেশ। তবে সমতায় ফিরতে তেমন একটা অপেক্ষা করতে হয়নি তাদের। ম্যাচের পঞ্চম মিনিটে সরাসরি ফ্রি–কিক থেকে গোল করেন সাবিনা খাতুন। এর এক মিনিট পর পেনাল্টি পায় বাংলাদেশ। তবে এই সুযোগটা সাবিনা কাজে লাগাতে পারেননি।

এদিকে ম্যাচের ‎১৩ মিনিটে ফ্রী কিক থেকে বাংলাদেশকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন সাবিনা। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি মালদ্বীপ। একের পর এক গোল হজম করেছে। প্রথমার্ধের শেষ তিন মিনিটে চার গোলে ম্যাচের নিয়ন্ত্রণ মুঠোয় নেয় বাংলাদেশ। সাবিনার পাস ধরে কৃষ্ণা দূরূহ কোণ থেকে স্কোরলাইন ৩-১ করেন। এরপর কৃষ্ণার পাস নিলুফা আক্তার নীলা নিয়ন্ত্রণে নিয়ে বাড়ান লিপি আক্তারকে, টোকায় ব্যবধান আরও বাড়ে। অষ্টাদশ মিনিটে সার্কেলের ভেতর থেকে লিপি আক্তার এবং নোশিন জাহানের লক্ষ্যভেদে ৬-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

এদিকে দ্বিতীয়ার্ধে বাংলাদেশ করে ৮টি গোল। দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে দূরপাল্লার শটে হ্যাটট্রিক পূরণ করেন সাবিনা। একটু পরই মাতসুশিমা সুমাইয়া ব্যবধান আরও বাড়ান। ষষ্ঠ মিনিটে ডান পায়ের বুলেট শটে স্কোরলাইন ৯-১ করেন সাবিনা। এ অর্ধের দশম মিনিটে নীলার কোনাকুনি শটে ব্যবধান আরও বাড়ে। এরপর সাবিনার ফ্লিকে বল পাওয়ার পর লিপি পূরণ করেন হ্যাটট্রিক। পরে আরও তিন গোলে জয় নিশ্চিত হয়ে যায়, জালের দেখা পান কৃষ্ণা, মেহেনুর আক্তার ও মাসুরা। ম্যাচ শেষ হওয়ার আগে একটি গোল শোধ করে মালদ্বীপ। তারপরও শিরোপা জয়ের আনন্দে ভাটা পড়েনি সাবিনাদের। 

মেয়েদের পাশাপাশি ব্যাংককে চলছে ছেলেদের প্রথম সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপও। ৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে এরই মধ্যে শিরোপা নিশ্চিত করেছে মালদ্বীপ। বাংলাদেশ হয়েছে পঞ্চম। 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers