শুক্রবার, ১৫ মে ২০২৬, ৩২ বৈশাখ ১৪৩৩ , ২৮ জিলকদ ১৪৪৭

খেলা
  >
ফুটবল

ভারতকে হারিয়ে শিরোপা জয়ের পথে এগিয়ে গেল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক ২ ফেব্রুয়ারি , ২০২৬, ১৯:৪০:০১

232
  • ছবি: ইন্টারনেট

ম্যাচের শুরুতে নিজেদের রক্ষণ সামলাতে ব্যস্ত হয়ে পড়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল দল। তবে দ্রুত সময়ের মধ্যে নিজেদের গুছিয়ে নেয় লাল-সবুজ প্রতিনিধিরা। অপির্তা বিশ্বাস ও আলপি আক্তারের গোলে শেষ পর্যন্ত ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা ছোঁয়ার পথে এগিয়ে গেল বাংলাদেশ। 

পোখারা রঙ্গশালা স্টেডিয়ামে সোমবার রাউন্ড রবিন লিগে ভারতকে ২-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে পিটার জেমস বাটলারের দল। এরআগে ভুটানকে ১২-০ গোলে হারিয়ে আসর শুরু করেছিল লাল-সবুজ প্রতিনিধিরা। 

শুরু থেকে বাংলাদেশের রক্ষণে চাপ দিতে থাকে ভারত, কিন্তু পোস্টে ইয়ারজান ছিলেন বিশ্বস্ত দেয়াল হয়ে। চতুর্থ মিনিটে জাদা ফের্নান্দেসের ফ্রি কিক অনেকটা লাফিয়ে আটকান তিনি। পরের মিনিটে ফের আক্রমণ শাণায় ভারত। বাম দিক থেকে আসা থ্রু পাস প্রীতিকা বর্মন ধরার আগেই পোস্ট ছেড়ে বেরিয়ে তার পথ আগলে দাঁড়ান ইয়ারজান। তাতে শট নেওয়ার জায়গা সংকুচিত হয়ে পড়ে। ইয়ারজানের পাশ দিয়ে প্রীতিকা শট নিলেও বল বেরিয়ে যায় দূরের পোস্ট দিয়ে। অষ্টম মিনিটে কোনোমতে পা দিয়ে আরেকটি শট ঠেকিয়ে তিনি আবারও ত্রাতা বাংলাদেশের।

ম্যাচের ২৯তম মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ।  মামনি চাকমার ফ্রি কিক ভারতের গোলকিপার মুন্নির গ্লাভস হয়ে ক্রসবারে লেগে নিচে পড়ে। শেষ মুহূর্তেও পা চালিয়ে তিনি প্রাণান্ত চেষ্টা করেছিলেন বিপদমুক্ত করার, কিন্তু গোলমুখে থাকা বাংলাদেশ অধিনায়ক অপির্তা বিশ্বাস টোকায় খুঁজে নেন জাল।

ভুটানকে ১২-০ গোলে হারিয়ে আসর শুরু করা বাংলাদেশ ব্যবধান দ্বিগুণ করে নেয় ৪০তম মিনিটে। ডান দিক থেকে গোলমুখে বাড়ানো সতীর্থের ক্রস দুই ডিফেন্ডারের ফাঁকে থাকা আলপি নিখুঁত টোকায় জালে পাঠান।

৫৬তম মিনিটে মুনকির বাম পায়ের শটে লাফিয়ে আটকে ব্যবধান বাড়তে দেননি গোলকিপার মুন্নি। এরপর বাংলাদেশের আক্রমণের গতি কমে কিছুটা। গোল করার চেয়ে বলের নিয়ন্ত্রণ রেখে দুই গোল আগলে রাখার দিকেই যেন মনোযোগ দেয় দল। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।

‎বয়সভিত্তিক সাফের অনূর্ধ্ব-১৯ পর্যায়ে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ ও ভারত। ২০২৪ সালে যৌথভাবে এ প্রতিযোগিতার শিরোপা জেতে দুই দেশ। এবার খেলছে না পাকিস্তান, শ্রীলংকা ও মালদ্বীপ। তাই চার দল নিয়ে লিগ ভিত্তিতে হচ্ছে টুর্নামেন্ট। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল আগামী ৭ ফেব্রুয়ারি খেলবে ফাইনাল।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers