মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ , ২৫ জিলকদ ১৪৪৭

খেলা
  >
ফুটবল

নেপালের জালে চার গোল বাংলাদেশের, ফাইনালে প্রতিপক্ষ ভারত

ক্রীড়া ডেস্ক ৪ ফেব্রুয়ারি , ২০২৬, ২০:০৬:২৭

217
  • ছবি: ইন্টারনেট

সাফ অনূর্ধ্ব–১৯ নারী চ্যাম্পিয়নশিপের এবারের আসরের শুরু থেকেই দাপটের সঙ্গেই খেলছে বাংলাদেশ। সে ধারাবাহিকতায় বুধবার পোখারার রঙ্গশালা স্টেডিয়ামে নেপালকে ৪–০ গোলে হারিয়েছেন অর্পিতা–মুনকিরা। ‎এ জয়ে গ্রুপ পর্বে টানা তিন জয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে ফাইনালে জায়গা করেছে তারা। 

একই দিনে ভুটানকে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ভারতও। আগামী শনিবার একই মাঠে ভারতের বিপক্ষে ফাইনাল খেলবে বাংলাদেশ। রাউন্ড রবিন লিগে ভারতকে ২-০ গোলে হারিয়েছিল লাল-সবুজ প্রতিনিধিরা। ওই ম্যাচে জালের দেখা পেয়েছিলেন অধিনায়ক অপির্তা বিশ্বাস ও আলপি।
 
ফাইনালে ওঠার লড়াইয়ে তৃতীয় মিনিটেই ম্যাচে এগিয়ে যায় বাংলাদেশ। মামনি চাকমার কর্নার শট থেকে নিখুঁত হেডে গোল করেন প্রতিমা মুন্ডা। এরপর  প্রথমার্ধের শেষ দিকে দ্বিতীয় গোলের দেখা পায় লাল-সবুজ প্রতিনিধিরা। যোগ করা সময়ে সরাসরি ফ্রি-কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন আলপি আক্তার।
 
৬৭ মিনিটে আবার আলপি গোল করেন। পাল্টা আক্রমণ থেকে একাই প্রতিপক্ষের রক্ষণ ভাঙেন এই ফরোয়ার্ড। ৮২ মিনিটে ক্রানুসিং মারমার ক্রস জালে ঠেলে দিয়েই হ্যাটট্রিক পূর্ণ করেন আলপি। এ নিয়ে এবারের টুর্নামেন্টে তিন ম্যাচে ৭ গোল হয়েছে আলপির।
 
বয়সভিত্তিক এই প্রতিযোগিতা এ পর্যন্ত অনূর্ধ্ব-১৮, ১৯ ও ২০ ক্যাটাগরি মিলিয়ে ছয়বার মাঠে গড়িয়েছে। বাংলাদেশ চারবার ও ভারত একবার এককভাবে চ্যাম্পিয়ন হয়েছে। ২০২৪ সালের আসরে যৌথভাবে সেরা হয়েছিল বাংলাদেশ ও ভারত।
 
অনূর্ধ্ব-১৯ ক্যাটাগরিতে এর আগে দুইবার ফাইনালে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও ভারত। ২০২১ সালে ভারতকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। ২০২৪ সালে ম্যাচ কমিশনারের সেই আলোচিত ‘টস কাণ্ডের’ পর দুই দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করেছিল সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)।
 
নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers