শুক্রবার, ১৫ মে ২০২৬, ৩২ বৈশাখ ১৪৩৩ , ২৮ জিলকদ ১৪৪৭

খেলা
  >
ফুটবল

এবার হামজারাও আসছেন বেতনের আওতায়

ক্রীড়া ডেস্ক ২৪ ফেব্রুয়ারি , ২০২৬, ২১:৩১:৪৬

190
  • ছবি: ইন্টারনেট

ক্লাব ফুটবল খেলেই বছরের বেশি সময় পার করে ফুটবলরা। সেখান থেকেই  ফেডারেশনের সামর্থ্য ও নীতিমালা অনুযায়ী ফুটবলাররা সম্মানী পেয়ে থাকেন। তবে এদিক থেকে বাংলাদেশের ফুটবলাররা বঞ্চিত। বাফুফের আর্থিক সীমাবদ্ধতায় পুরুষ ফুটবল দলে নেই কোনো ম্যাচ ফি। আর জাতীয় দলের ক্যাম্প হলে ফুটবলাররা পান খুবই সামান্য অর্থ, যা একেবারেই নগণ্য। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরপরই ক্রীড়াবিদদের বেতনের আওতায় আনার ঘোষণা দিয়েছেন জাতীয় দলের সাবেক ফুটবলার আমিনুল হক। বিভিন্ন ফেডারেশনের সঙ্গে বৈঠক করে তিনি বিষয়টি তুলে ধরেন। 

 বাফুফে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘নারী ফুটবলাররা যেভাবে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। তাদের উৎসাহিত করার পাশাপাশি পুরুষ ফুটবলারদেরও প্রণোদনার আওতায় আনা হবে। পুরুষ ও নারী উভয় দলের ফুটবলারদের মাসিক ভিত্তিতে সরকারি চুক্তির আওতায় এনে একটি স্থায়ী বেতন কাঠামোর মধ্যে অন্তর্ভুক্ত করা হবে।’ 

নারী ফুটবলাররা বাফুফের মাসিক বেতনের আওতায় রয়েছেন। সরকারের উদ্যোগের ফলে ঋতুপর্ণাদের পাশাপাশি হামজারাও বেতনের আওতায় আসছেন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘ফিফার অনুদানের আওতায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন কয়েকটি মাঠ ব্যবহারের জন্য সরকারের কাছে আবেদন করেছে। বিষয়টি নিয়ে আলোচনা শেষে তিনটি মাঠ আনুষ্ঠানিক চুক্তির মাধ্যমে ফুটবল ফেডারেশনের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমলাপুর স্টেডিয়াম, সিলেট স্টেডিয়াম ও চট্টগ্রাম স্টেডিয়াম— এই তিনটি ভেন্যুই চুক্তির ভিত্তিতে বাফুফের কাছে বরাদ্দ দেওয়া হবে। খুব শিগগিরই এ সংক্রান্ত আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করা হবে।’ 

বয়সভিত্তিক ফুটবল টুর্নামেন্ট চালিয়ে নিতে একটি ক্যালেন্ডার তৈরি করা হবে বলেও জানান আমিনুল, ‘আমাদের বয়সভিত্তিক ফুটবল টুর্নামেন্ট চালিয়ে নিতে এরই মধ্যে ফুটবল ফেডারেশনের কাছ থেকে একটি ক্যালেন্ডার চেয়েছি। আমরাও আমাদের জায়গা থেকে ফুটবলকে এগিয়ে নিতে একটি বাৎসরিক ক্যালেন্ডার তৈরি করে বয়সভিত্তিক টুর্নামেন্টগুলো আমরা করব। বিশেষ করে গত অনেক বছর ধরেই দেখে আসছি যে, আমাদের জেলা পর্যায়ে লিগগুলো হয় না। যদিও গত বছর থেকে আমাদের আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সেটাকে আমরা স্থায়ীভাবে প্রত্যেক জেলায় জেলায় লিগ চালাতে চাই। এ বিষয়গুলো নিয়ে আমরা তাদের সঙ্গে কথা বলেছি।’

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers