শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ , ২ সফর ১৪৪৮

খেলা
  >
ফুটবল

ফিরেই গোল করলেন মেসি, বিশ্বকাপের প্রস্তুতি শেষটাও জয়ে রাঙাল আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক ১০ জুন , ২০২৬, ১০:৩৭:০৮

172
  • সংগৃহীত

চোটমুক্ত হয়ে বিরতির পর মাঠে নামেন লিওনেল মেসি। এর দুই মিনিট পরেই পেনাল্টি থেকে গোল করেন তিনি। তার ফেরার ম্যাচে দুর্দান্ত জয়ই পেয়েছে আর্জেন্টিনা। বুধবার বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে জর্ডান-হেয়ার স্টেডিয়ামে আইসল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়েছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আলবিসেলেস্তেদের অন্য দুই গোল দাতা ভ্যালেন্টিনো বারকো ও থিয়াগো আলমাদা।

সব মিলিয়ে বিশ্বকাপের আগে প্রস্তুতিটা ভালোই হলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। হন্ডুরাসের পর আইসল্যান্ডকেও সহজেই হারিয়েছে লিওনেল স্ক্যালোনির দল। তার চেয়েও বড় স্বস্তি অধিনায়ক লিওনেল মেসির চোট কাটিয়ে মাঠে ফেরা। এমএলএসে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে পায়ের পেশির অস্বস্তি নিয়ে মাঠ ছেড়েছিলেন ইন্টার মিয়ামি অধিনায়ক, যা শঙ্কায় ফেলে দিয়েছিল আলবিসেলেস্তে সমর্থকদের। তবে আইসল্যান্ডের বিপক্ষে দ্বিতীয়ার্ধে মেসি মাঠে তো ফিরলেন তো বটেই, পেলেন গোলের দেখাও।

জর্ডান-হেয়ার স্টেডিয়ামে বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রীতি ম্যাচের প্রথমার্ধে ভ্যালেন্টিনো বার্কো দারুণ এক গোলে ডিফেন্ডিং বিশ্বচ্যাম্পিয়নদের এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে বদলি নেমে স্পটকিক থেকে দ্বিতীয় গোলটি করেন মেসি। আর নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার ৪ মিনিট আগে আইসল্যান্ডের জালে বল পাঠান থিয়াগো আলমাদা। দ্বিতীয়ার্ধে লাউতারো মার্টিনেজ ও আলেক্সিস ম্যাক-অ্যালিস্টার ফাঁকা পোস্টে বল পাঠাতে ব্যর্থ না হলে আলবিসেলেস্তেদের জয়ের ব্যবধান আরও বড় হতে পারত।

প্রথমার্ধের তিন মিনিটেই আইসল্যান্ড একটি স্পষ্ট গোলের সুযোগ তৈরি করলেও ম্যাচের নিয়ন্ত্রণ ছিল পুরোপুরি আর্জেন্টিনার হাতেই। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা আর্জেন্টিনা ৭ মিনিটেই গোলের সুযোগ পায়।

ভালো খেলতে থাকা জোসে ম্যানুয়েল লোপেজ প্রতিপক্ষের বক্সের কাছাকাছি ফাউলের শিকার হন। এরপর ফ্রি কিক থেকে জিওভানি লো সেলসো ছোট একটি পাস বাড়িয়ে দেন ফাকুন্দো মেদিনার কাছে। সেখানে হেডে বল নামান অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি। গিওলিয়ানো সিমিওনে কিংবা লিসান্দ্রো মার্তিনেজের কেউই পরিষ্কারভাবে শট নিতে পারেননি। আইসল্যান্ডের রক্ষণভাগ কোনো রকমে বল বিপদমুক্ত করার চেষ্টা করে, কিন্তু বল গিয়ে পড়ে বক্সের ঠিক বাইরে অপেক্ষায় থাকা ভ্যালেন্তিন বারকোর কাছে। তিনি দ্রুত শট নেন।  বল সোজা জালের ডান দিকের নিচের কোণে গিয়ে জড়িয়ে যায়। এগিয়ে যাওয়ার পর ম্যাচের নিয়ন্ত্রণ ছিল আর্জেন্টিনার দখলে। বিরতিতে যাওয়ার আগে আর কোনো গোলের দেখা পায়নি তারা।

বিরতির পরও চেনা ছন্দেই দেখা যায় আর্জেন্টিনার। ম্যাচে ৬৯ মিনিটে তুমুল হর্ষধ্বনির মধ্যে মাঠে নামেন লিওনেল মেসি। এর ২ মিনিট পরেই পেনাল্টির দেখা পায় আর্জেন্টিনা। আর সেই পেনাল্টি থেকে ঠাণ্ডা মাথার নিখুঁত শটে গোল করতে কোনো ভুল করেননি অধিনায়ক লিওনেল মেসি। ম্যাচের শেষভাগে আর্জেন্টিনার হয়ে ৩-০ ব্যবধানের জয় নিশ্চিতকারী শেষ গোলটি আসে থিয়াগো আলমাদার পা থেকে। যে গোলটিতে অবদান রয়েছে মেসিই। তিনি গোলের মঞ্চ বানিয়ে দেন।

আগামী ১৭ জুন সকাল ৭টায় আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ অভিযানে নামবে আর্জেন্টিনা।

 

নিউজজি/সিআর

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers