শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ , ২ সফর ১৪৪৮

খেলা
  >
ফুটবল

বিশ্বকাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান আজ, কী কী থাকছে

ক্রীড়া ডেস্ক ১১ জুন , ২০২৬, ১১:৩৯:২৬

171
  • সংগৃহীত

এতদিন বিশ্বকাপ ট্রফি যেমন একটি ছিল, তেমনি উদ্বোধনী আয়োজনও সীমাবদ্ধ ছিল একটি শহরে। তবে এবার সেই ধারার অবসান ঘটছে। বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে প্রথমবারের মতো তিন দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা যৌথভাবে আয়োজন করছে আসরটি। তাই উদ্বোধনী অনুষ্ঠানও হবে তিনটি দেশে, তিনটি শহরে। মেক্সিকো সিটি, টরন্টো ও লস অ্যাঞ্জেলেসে আলাদা আয়োজনে বিশ্বকাপকে স্বাগত জানানো হবে। প্রথম উদ্বোধনী অনুষ্ঠান হবে মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে। বাংলাদেশ সময় আজ রাত ১টায় স্বাগতিক মেক্সিকো মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। ম্যাচ শুরুর ৯০ মিনিট আগে, অর্থাৎ রাত ১১টায় শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান।

কানাডার উদ্বোধনী অনুষ্ঠান হবে আগামীকাল। টরন্টো স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় স্বাগতিক কানাডা খেলবে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে। এর আগে রাত ১১টা ৩০ মিনিটে শুরু হবে উদ্বোধনী আয়োজন।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের উদ্বোধনী অনুষ্ঠান দেখতে ফুটবলপ্রেমীদের ভোর পর্যন্ত অপেক্ষা করতে হবে। শনিবার বাংলাদেশ সময় সকাল ৭টায় লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে প্যারাগুয়ের মুখোমুখি হবে স্বাগতিক যুক্তরাষ্ট্র। ম্যাচের আগে ভোর সাড়ে ৫টায় শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান।

২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের পর ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন শাকিরা। বিশ্বকাপের সরকারি গান ‘ডাই ডাই’ পরিবেশন করবেন শাকিরা ও নাইজেরীয় গায়ক বার্না বয়। মেক্সিকো সিটির অনুষ্ঠানে আদিবাসী শিল্পী, লোকজ পরিবেশনা এবং ঐতিহ্যবাহী কাগজশিল্পের মাধ্যমে মেক্সিকোর সংস্কৃতি তুলে ধরা হবে।

পাশাপাশি এবার বিশ্বকাপে অফিশিয়াল অ্যালবামে থাকা শিল্পীদের এই অনুষ্ঠানে পারফর্ম করার কথা রয়েছে। তাদের মধ্যে আছেন আলেহান্দ্রো ফার্নান্দেজ, বেলিন্ডা, ড্যানি ওশান, জে বালভিন, লিলা ডাউনস, লস অ্যাঞ্জেলেস আজুলস এবং মানা। দক্ষিণ আফ্রিকান গায়ক ও গীতিকার টাইলাও মেক্সিকো সিটির অনুষ্ঠানে অংশ নেবেন। সে জন্য প্রস্তুতিও সেরে ফেলেছে মেক্সিকো সিটি। বিশ্বকাপ শুরুর দিনে ছুটি দেওয়ার পাশাপাশি স্কুল বন্ধ ঘোষণা এবং সরকারি কর্মীদের বাসা থেকে কাজ করার নির্দেশ দিয়েছেন মেক্সিকোর প্রধানমন্ত্রী ক্লদিয়া শেনবাউম।

মেক্সিকো সিটির উদ্বোধনী অনুষ্ঠানের স্থায়িত্ব হতে পারে ১৬ থেকে ১৭ মিনিট। টরন্টো ও লস অ্যাঞ্জেলেসে সেটি ১৩ মিনিট স্থায়ী হতে পারে। টরন্টো স্টেডিয়ামে একটি ক্ষণগণনা দিয়ে অনুষ্ঠান শুরু হবে। কানাডার বিভিন্ন গৌরবময় মুহূর্ত তাতে ফুটিয়ে তোলা হবে। পারফর্ম করবেন সংগীতশিল্পী অ্যালানিস মরিসেট, আলেসিয়া ক্যারা, এলিয়ানা, মাইকেল বুবলে, নোরা ফাতেহি, সঞ্জয় (বাংলাদেশি বংশোদ্ভূত), ভেজেড্রিম এবং উইলিয়াম প্রিন্সের মতো শিল্পীরা।

লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামের অনুষ্ঠানে থাকবে বড় পরিসরের ভিজ্যুয়াল ও আকর্ষণীয় গল্পগাথা। সেই সঙ্গে মঞ্চ মাতাবেন কেটি পেরি, ফিউচার, অ্যানিত্তা, লিসা, রেমা এবং টাইলার মতো বিশ্বখ্যাত শিল্পীরা।

এবারের উদ্বোধনী অনুষ্ঠানগুলো প্রযোজনার দায়িত্বে রয়েছেন মার্কো বালিচ। যিনি অলিম্পিকের একাধিক উদ্বোধনী অনুষ্ঠানের নেপথ্য কারিগর হিসেবে পরিচিত। আয়োজনে ভিন্নতা থাকলেও তিনটি অনুষ্ঠানের মূল বার্তা এক ভাষা, সংস্কৃতি ও সীমান্তের ভেদাভেদ ভুলে মানুষকে এক সুতোয় গেঁথে দেওয়ার ফুটবলের অসাধারণ শক্তিকে উদযাপন করা।

অনুষ্ঠানটি ইংরেজি ভাষায় সম্প্রচার করবে ফক্স ও এফএস১। সেখানে উদ্বোধনী অনুষ্ঠান এবং উদ্বোধনী ম্যাচগুলোও সরাসরি সম্প্রচার করা হবে। এছাড়া বাংলাদেশে বিটিভি, টি-স্পোর্টস ও সময় টিভি বিশ্বকাপের খেলাগুলো সরাসরি সম্প্রচার করবে। এছাড়া মাই রবি এপ, বাংলালিংকের টফি ও গ্রামীনফোনের বায়োস্কোপ থেকেও দেখা যাবে ম্যাচ।

 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers