বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ , ২৮ সফর ১৪৪৮

খেলা
  >
ফুটবল

৬ তারকা ফুটবলারের নিষেধাজ্ঞা চেয়ে ফিফার কাছে দাবি

নিউজজি ডেস্ক ১৭ জুলাই , ২০২৬, ১২:৪৬:১৩

125
  • সংগৃহীত

স্পেনের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ ফাইনালের মহারণের আগে বড় ধরনের বিতর্কে জড়িয়ে পড়েছে আর্জেন্টিনা। ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠার আনন্দের মাঝেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ (মালভিনাস) ইস্যুতে রাজনৈতিক ব্যানার ও স্লোগান প্রদর্শনের অভিযোগে আলবিসেলেস্তেদের অন্তত ছয়জন ফুটবলারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি উঠেছে। এ নিয়ে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগও জানানো হয়েছে।

ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল শেষে আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড়কে ১৯৮২ সালের ফকল্যান্ড যুদ্ধকে ঘিরে গান গাইতে দেখা যায়। শুধু তাই নয়, ম্যাচ জয়ের পর মাঠে তারা "Las Malvinas son Argentinas" (মালভিনাস আর্জেন্টিনার) লেখা একটি ব্যানার উঁচিয়ে উদযাপন করেন। এই ঘটনাই এখন বিশ্ব ফুটবলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

ফিফার শৃঙ্খলা বিধিমালা অনুযায়ী, ফুটবল ম্যাচে বা ম্যাচ-সংশ্লিষ্ট আনুষ্ঠানিক কার্যক্রমে রাজনৈতিক বার্তা, স্লোগান কিংবা ব্যানার প্রদর্শন নিষিদ্ধ। এ কারণেই আর্জেন্টিনার খেলোয়াড়দের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন যুক্তরাজ্যের লিবারেল ডেমোক্র্যাটস দলের নেতা এড ডেভি। তিনি ফিফা সভাপতি বরাবর একটি আনুষ্ঠানিক চিঠিও পাঠিয়েছেন।

স্কাই নিউজকে দেয়া সাক্ষাৎকারে এড ডেভি বলেন, "ফিফার নিয়ম সবার জন্যই সমান হওয়া উচিত। আর্জেন্টাইন খেলোয়াড়রা রাজনৈতিক ব্যানার প্রদর্শনের মাধ্যমে নিয়ম ভঙ্গ করেছে। এটি ফকল্যান্ড দ্বীপপুঞ্জের বাসিন্দা এবং ১৯৮২ সালের যুদ্ধে নিহত ব্রিটিশ সেনাদের পরিবারের প্রতি অসম্মান।"

তিনি আরও বলেন, ২০২৪ সালে একই ধরনের রাজনৈতিক স্লোগানের ঘটনায় স্পেনের রদ্রি ও আলভারো মোরাতাকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছিল উয়েফা। তাই এবারও একই ধরনের শাস্তি দেওয়া উচিত বলে তিনি মনে করেন।

এড ডেভির দাবি, যে ছয়জন খেলোয়াড় ব্যানারটি বহন করেছিলেন এবং উদযাপনে অংশ নিয়েছিলেন, তাদের সবাইকে বিশ্বকাপের ফাইনাল থেকে নিষিদ্ধ করা হোক।

প্রকাশিত ছবি ও ভিডিওতে ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ এবং জিওভানি লো সেলসোকে ওই ব্যানার হাতে দেখা গেছে। এছাড়া ম্যাচ শেষে লিয়ান্দ্রো পারেদেস বলেন, "ফকল্যান্ডস সব সময়ই আর্জেন্টিনার থাকবে।"

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers