শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ , ২২ রবিউল আউয়াল ১৪৪৮

খেলা
  >
ফুটবল

কোচের আর্তনাদ,‘স্ত্রী ও সন্তানদের টাকা পাঠাতে পারছি না’-বিব্রত বাফুফে

ক্রীড়া ডেস্ক ১০ আগস্ট , ২০২৬, ১৪:৪৯:৫৫

170
  • সংগৃহীত

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলের কোচ জেরার্ড জোন্সের একটি ফেসবুক পোস্ট ঘিরে তীব্র উদ্বেগ সৃষ্টি হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) থেকে বেতন না পেয়ে চরম আর্থিক সংকটে পড়েছেন এই ব্রিটিশ কোচ। এমনকি স্ত্রী ও সন্তানদের খাওয়ার খরচ পাঠানোর সামর্থ্যও তার নেই বলে দাবি করেছেন তিনি। একই সঙ্গে নিজের এবং পরিবারের নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেন।

‎সোমবার সকালে ফেসবুক পোস্টে ব্রিটিশ এই কোচ জানান, এখনও বেতনের অপেক্ষায় আছেন তিনি। স্ত্রী-সন্তানদের খাবারের টাকা পাঠাতে পারছেন না।

পরে আরেকটি পোস্টে জোন্স বলেছেন, 'আজ এর আগে দেওয়া আমার পোস্টের পর একটি ছোট আপডেট দিতে চাই। এখন আমি ব্যাংকিং-সংক্রান্ত একটি সমস্যার মধ্যে আছি। আমি অর্থ পেয়েছি ঠিকই, তবে এর সঙ্গে আরও কিছু জটিলতা রয়েছে। এমন কিছু নতুন সমস্যাও সামনে এসেছে, যেগুলো সম্পর্কে আমাকে আগে জানানো হয়নি।

আমার ব্যক্তিগত আর্থিক তথ্য যেভাবে কিছু মানুষের সঙ্গে যোগাযোগ ও শেয়ার করা হয়েছে, তা নিয়েও আমার গুরুতর উদ্বেগ রয়েছে।

আমার স্ত্রী ও তিন সন্তান থেকে দূরে থাকাটাই এরই মধ্যে কঠিন। গতকাল ঢাকায় এবং আজও এমন কিছু পরিস্থিতির মুখোমুখি হয়েছি, যেগুলো আমাকে অত্যন্ত অস্বস্তিকর ও অসহায় বোধ করিয়েছে। মানুষ গাড়ির কাছে এসে, গাড়িতে ধাক্কা দিয়ে, গাড়ি ঘিরে ধরে টাকা চাইছে। এছাড়াও, ব্যক্তিগতভাবেও বহুবার মানুষ আমার কাছে আর্থিক সাহায্য চেয়েছে।

এর সঙ্গে চলমান অনিশ্চয়তা, একের পর এক নতুন সমস্যার মুখোমুখি হওয়া এবং এখানকার জীবনযাপনের পরিস্থিতি—সবকিছু মিলিয়ে বিষয়টি আমার জন্য বোঝার মতো হয়ে উঠেছে।

এখানে আমি নিজেকে খুব একা এবং বিপন্ন মনে করছি। আমি ভয় পাচ্ছি, আতঙ্কিত বোধ করছি। আমি ভীষণভাবে বিপর্যস্ত, অসহায় এবং একা।

আমি আশা করছি, সবকিছু দ্রুত সমাধান হয়ে যাবে। কারণ আমি শুধু চাই, কোনো দুশ্চিন্তা ছাড়াই নিজের কাজটা করতে।'

তবে কোচের বেতন না পাওয়ার দাবির সঙ্গে একমত নয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সূত্রে জানা গেছে, জেরার্ডের বেতন ইতিমধ্যে তাঁর ব্যাংক হিসাবে জমা হয়েছে। তবে করসংক্রান্ত কিছু নিয়ম-কানুনের কারণে সেই অর্থ স্ত্রীকে পাঠাতে তাঁর কিছুটা সময় লাগছে।

জেরার্ডের পোস্টে নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা থাকলেও বাংলাদেশে অবস্থানকালে তার নিরাপত্তা নিয়ে কোনো নির্দিষ্ট ঘটনার কথা জানা যায়নি। অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাই সামনে বর্তমানে যশোরে অনূর্ধ্ব-২০ দলের আবাসিক ক্যাম্প চলছে। ক্যাম্প ছেড়ে আজই ঢাকায় এসেছেন জেরার্ড।

 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers